১০:২৯ এম
পৃথিবীর ইতিহাসে মানুষের উত্থান ও পতনের অসংখ্য কাহিনী রয়েছে। একসময় যাঁদের কথায় রাজ্য পরিচালিত হতো, যাঁদের ইশারায় শত শত মানুষ ওঠাবসা করত, যাঁদের ধন-সম্পদের হিসাব রাখা কঠিন ছিল—সময়ের পরিক্রমায় তাঁরাই একদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাঁদের রেখে যাওয়া অট্টালিকা, বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তি অন্যদের হাতে চলে গেছে। যেসব সম্পদের পাহাড় গড়তে তাঁরা জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন, মৃত্যুর পর সেই সম্পদের ওপর তাঁদের আর কোনো কর্তৃত্ব থাকে না। উত্তরসূরিরা সেই সম্পদের মালিক হয়ে যায়, নতুন মানুষ ক্ষমতা ও প্রতিপত্তির আসনে অধিষ্ঠিত হয়। অথচ যিনি একসময় এসবের মালিক ছিলেন, তিনি চলে গেছেন নিঃস্ব হাতে।
এটাই দুনিয়ার চিরন্তন বাস্তবতা। মানুষ যত বড় ধনী কিংবা ক্ষমতাবানই হোক, মৃত্যুর কাছে সবাই অসহায়। কোনো সম্পদ, ক্ষমতা কিংবা প্রভাব-প্রতিপত্তি মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৮৫)
সম্পদ থাকে, মালিক বদলে যায়
আরও পড়ুন: ঢাকা ও আশপাশের জন্য আজকের নামাজের সময়সূচি: ১৯ নভেম্বর ২০২৬
একজন ব্যক্তি জীবনের পুরোটা সময় সম্পদ গড়তে ব্যয় করেন; কিন্তু তাঁর মৃত্যুর পর সন্তানরা সেই সম্পদের মালিক হয়ে যায়। আবার কখনো তাঁর প্রতিষ্ঠিত ব্যবসা, বাড়ি, জমি ও প্রভাব-প্রতিপত্তি অন্যদের নিয়ন্ত্রণে চলে যায়। দুনিয়ার এই বাস্তবতা মানুষকে গভীরভাবে ভাবায়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মৃত ব্যক্তির সঙ্গে তিনটি জিনিস যায়—তার পরিবার, তার সম্পদ ও তার আমল। অতঃপর দুটি ফিরে আসে এবং একটি তার সঙ্গে থেকে যায়। তার পরিবার ও সম্পদ ফিরে আসে, আর তার আমল তার সঙ্গে থেকে যায়।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৫১৪; সহিহ মুসলিম, হাদিস : ২৯৬০)
দুনিয়ার সম্পদ ও ক্ষমতা মানুষের জন্য পরীক্ষা হিসেবে কাজ করে। অনেক মানুষ মনে করে, বিপুল সম্পদের মালিক হওয়া কিংবা সমাজে প্রভাব-প্রতিপত্তি অর্জন করাই সফলতা। অথচ ইসলাম সম্পদ ও ক্ষমতাকে সফলতার মাপকাঠি হিসেবে বিবেচনা করে না। বরং এগুলো মানুষের জন্য পরীক্ষা। কেউ সম্পদ পেয়ে কৃতজ্ঞ হয়, আবার কেউ অহংকারী হয়ে ওঠে। কেউ ক্ষমতা পেয়ে মানুষের সেবা করে, আবার কেউ ক্ষমতার অপব্যবহার করে জুলুম-নির্যাতনে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘জেনে রেখো, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষা। আর আল্লাহর কাছেই রয়েছে মহাপুরস্কার।’ (সুরা আল-আনফাল, আয়াত : ২৮)
তাহলে সম্পদ অর্জন করা দোষের নয়; বরং সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া, অন্যের অধিকার নষ্ট করা এবং অহংকারে মত্ত হওয়াই বিপদের কারণ। প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি, যে সম্পদকে নিজের জীবনের উদ্দেশ্য না বানিয়ে আখিরাতের পাথেয় হিসেবে ব্যবহার করে।
ধন-সম্পদের যে প্রতিযোগিতা নিন্দনীয়
আরও পড়ুন: চৌদ্দগ্রামে সিরাতুন্নবী (স.) উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মানুষের একটি স্বভাব হলো, সে যা অর্জন করে, অনেক সময় তাতেই সন্তুষ্ট থাকতে পারে না। আরও সম্পদ, আরও বাড়ি, আরও জমি, আরও ক্ষমতা ও সামাজিক মর্যাদার পেছনে ছুটতে থাকে। একসময় এই প্রতিযোগিতা তাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। অথচ মৃত্যু কখন আসবে, তা কারও জানা নেই। আল্লাহ তাআলা বলেন, ‘প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে। এমনকি তোমরা কবরস্থানে উপনীত হও।’ (সুরা : তাকাসুর, আয়াত : ১-২)
প্রকৃত সম্পদ হলো নেক আমল
মানুষ দুনিয়াতে সম্পদের পাহাড় গড়ে তুলতে পারে, কিন্তু সেই সম্পদ একদিন অন্যের হাতে চলে যাবে। অথচ এমন কিছু সম্পদ রয়েছে, যা মৃত্যুর পরও মানুষের উপকারে আসে। সেগুলো হলো—সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার আমল বন্ধ হয়ে যায়; তবে তিনটি আমল ছাড়া—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান, যার দ্বারা উপকৃত হওয়া যায় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৬৩১)
সুতরাং মানুষের প্রকৃত দূরদর্শিতা হলো এমন সম্পদ ও আমল রেখে যাওয়া, যা তার মৃত্যুর পরও কল্যাণ বয়ে আনবে। একটি মসজিদ নির্মাণ, মানুষের উপকারে আসে এমন কূপ বা পানির ব্যবস্থা করা, দ্বীনি কিংবা উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া, ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করা এবং সন্তানদের নেককার হিসেবে গড়ে তোলা—এসব কাজ মানুষের মৃত্যুর পরও সওয়াবের মাধ্যম হতে পারে। অন্যদিকে, যে ব্যক্তি শুধু নিজের ভোগবিলাস ও দুনিয়াবি মর্যাদা প্রতিষ্ঠার জন্য জীবন ব্যয় করেছে, তার মৃত্যুর পর তার সম্পদের মালিকানা অন্যদের কাছে চলে যাবে। কিন্তু আখিরাতের জন্য তার নিজের অর্জন কতটুকু, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে শতাধিক দখলদারের হামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন