ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হরমুজে মাইনের আঘাতে চারটি তেলবাহী জাহাজে আগুন


হরমুজে মাইনের আঘাতে চারটি তেলবাহী জাহাজে আগুন

ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত লেগে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথ থেকে মাইন অপসারণ করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের বিবৃতিতে উল্লেখ করে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের অননুমোদিত পথ দিয়ে চলাচলের চেষ্টাকালে তিনটি তেলবাহী জাহাজ সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বহুল প্রতীক্ষিত গণহত্যার রায় শুনছেন হাজারো রোহিঙ্গা

পরে বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানায়, প্রণালির পূর্বদিকে আরও একটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণে আগুন লাগে। এই জাহাজটি ‘নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায়’ চলাচল করছিল বলে দাবি করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, প্রথম তিনটি জাহাজ তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

তবে এসব ঘটনার সুনির্দিষ্ট সময় এবং জাহাজগুলোর পতাকাবাহী দেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও বৃহস্পতিবার গভীর রাতে জানায়, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল বা ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর তারা পেয়েছে।

আরও পড়ুন: ত্রিপক্ষীয় বৈঠকে সি’র মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, পারমাণবিক অস্ত্র কমানোর আহ্বান ট্রাম্পের

এর আগে একই এলাকায় আরও দুটি ঘটনার খবর দিয়েছিল সংস্থাটি। এর মধ্যে একটি ছিল সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার পর আগুন ধরে ডুবে যায় একটি ঐতিহ্যবাহী আরবীয় নৌযান। অন্যটি হরমুজ প্রণালি অতিক্রমের সময় অজ্ঞাত কোনো বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি তেলবাহী জাহাজ।

গত কয়েক সপ্তাহ ধরে ইরান একাধিক জাহাজ সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত পাওয়ার খবর জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যমে দাবি করে, নৌযান চলাচলের প্রধান পথগুলো থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

তবে বৃহস্পতিবার এই দাবি চ্যালেঞ্জ করেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি। সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘হরমুজ থেকে মাইন অপসারণের দাবির পক্ষে বিবৃতি নয়, স্বাধীন প্রমাণ দেখান।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইরান। বিশ্বে মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহণ করা হয়।

আরও পড়ুন: মিয়ানমার সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ ৮ লাখ রোহিঙ্গা টার্গেট, নিহত ১০ হাজার: বিশ্ব আদালত

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে এবং হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে সহায়তা করছে। রোববার সেন্টকম জানায়, গ্রীষ্মকাল থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা।

ইরানের অবস্থান, ওমান উপকূলঘেঁষা দক্ষিণাঞ্চলীয় করিডর দিয়ে জাহাজ চলাচল অননুমোদিত।

বৃহস্পতিবারের বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘হরমুজ প্রণালির অননুমোদিত পথটি মাইন পুঁতে বিপজ্জনক করে রাখা হয়েছে। এসব পথে চলাচলের দায় জাহাজের মালিক ও নাবিকদের। সামাজিক মাধ্যমে সেন্টকমের বিভ্রান্তিকর দাবিতে তাদের কান দেওয়া উচিত নয়।’

এদিকে পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন জব্দ করার দাবিও করেছে আইআরজিসি।

আরও পড়ুন: জলবায়ু আলোচনায় ভারত প্রচারবিমুখ, তবে পর্দার আড়ালে শক্তিশালী নয়াদিল্লি

বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে এক অভিযানে আইআরজিসি নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট সফলভাবে যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ মডেলের একটি ড্রোন জব্দ করেছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে নলকূপ খননে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৯ এম


ইনানীতে নলকূপ খননে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন লাগার ঘটনায়, ঘটনাস্থলের চারপাশে ২০০ মিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা প্রশাসন এই ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

আদেশে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর সময় গ্যাস নির্গত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা দেখা দেয়ায়, বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি কারিগরি দল স্থানটি পরিদর্শন ও পর্যবেক্ষণ করে। দলটি এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে।

আদেশে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগুনের উৎস ও আশপাশের এলাকাকে বিভিন্ন নিরাপত্তা জোনে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই অবস্থায়, ঘটনাস্থল ও আশপাশে আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই বা লাইটার ব্যবহারসহ স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে এমন সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে আগুনের উৎস থেকে আনুমানিক ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে শিবগঞ্জের কিছু এলাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে শিবগঞ্জের কিছু এলাকা

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নেসকোর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

যদিও নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে, তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে আজ সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


দেশের বাজারে আজ সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুনভাবে নির্ধারিত দাম অনুযায়ী, আজ দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরির সোনার গহনার দাম ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বুধবার (২৮ অক্টোবর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

নতুন মূল্য কার্যকর হওয়ায় দেশের বাজারে সব ধরনের সোনার গহনার দাম বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ এম


শুক্রবার রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

মানুষ বিভিন্ন প্রয়োজনের জন্য দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু যদি তারা তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখে যে সব দোকানপাট বন্ধ, তাহলে তাদের প্রচেষ্টা বিফলে যাবে। তাই শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে তা জানা প্রয়োজন।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ

সামরিক জাদুঘর: বিজয় সরণিতে অবস্থিত এই জাদুঘর প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতি ও শুক্রবার এটি সাপ্তাহিক বন্ধ থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও: এই জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। এছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

শিশু একাডেমি জাদুঘর: শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%