০২:১২ পি.এম
বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওউত নতুন রূপে পর্দায় ফিরতে চলেছেন হরর সিনেমার মাধ্যমে। তিনি ‘স্কেয়ারি পিকচার’ নামের একটি নতুন হরর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবাটি।
সিনেমাটি প্রযোজনা করছে অভিজ্ঞ প্রযোজক সুরেশ বাবুর প্রতিষ্ঠান ‘সুরেশ প্রোডাকশনস’। এটি প্রতিষ্ঠানটির জন্য প্রথমবারের মতো হরর ঘরানার চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হওয়া। সিনেমাটি পরিচালনা করছেন তেলুগু চলচ্চিত্র নির্মাতা রবি বাবু। এ সিনেমার মাধ্যমে তিনি হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক ঘটাতে চলেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানা দাগ্গুবাটি উল্লেখ করেন, ‘স্কেয়ারি পিকচার’-এর মাধ্যমে হরর ঘরানার নির্মাতাদের জন্য নিয়মিত প্রযোজনা সহায়তা ও মুক্তির সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, ভারতে প্রতিটি চলচ্চিত্র ঘরানার নিজস্ব বৈচিত্র্য রয়েছে। হরর সিনেমার ক্ষেত্রেও অঞ্চলভেদে ভয়ের বিষয়, গল্প বলার ধরন ও উপস্থাপনায় ভিন্নতা দেখা যায়। তাই তারা এই ঘরানার সব ধরনের উপধারার চলচ্চিত্রকে স্বাগত জানাতে ইচ্ছুক।
আরও পড়ুন: বিশ্বের ১০০ তারকার তালিকায় শাহরুখ, প্রথম দশে আছেন যারা
হরর সিনেমা নির্মাণে পরিচিত মুখ রবি বাবু এর আগে ‘অনসূয়া’ ও ‘অভুন্নু’র মতো তেলুগু চলচ্চিত্র পরিচালনা করেছেন। তবে ‘স্কেয়ারি পিকচার’-এর গল্প, কঙ্গনার চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
এদিকে, কঙ্গনা এর আগে হরর ঘরানার সিনেমায় অভিনয় করেছেন। ২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ এবং ২০২৩ সালে ‘চন্দ্রমুখী ২’ সিনেমায় তাকে দেখা গেছে। সর্বশেষ মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় তিনি একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন। চলতি বছরের জুনে মুক্তি পাওয়া সিনেমাটির গল্প ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে একদল হাসপাতালকর্মীর সাহসিকতাকে ঘিরে আবর্তিত হয়েছে।
এছাড়া কঙ্গনার হাতে রয়েছে আরও কয়েকটি আলোচিত প্রকল্প। এর মধ্যে আর মাধবনের সঙ্গে অভিনীত ‘সার্কেল’ এবং তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কুইন’-এর সিক্যুয়াল অন্যতম।
আরও পড়ুন: সাইফ আলি খানকে প্রাণনাশের হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন