মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪৮ পি.এম
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে এবং এ সংক্রান্ত গেজেট আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক।
বাংলাদেশ জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিশোরগঞ্জ-৩ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনের একটি অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তারে পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়।
সংবিধানের বিধান অনুসারে, কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে নির্ধারিত সময়ের মধ্যে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী, নির্বাচন কমিশন শিগগিরই কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
এর আগে, আজ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে অবগত করেন। স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্ব-স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন।
স্পিকার আরও বলেন, পদত্যাগপত্রটি তিনি ১৫ নভেম্বর ২০২৬ তারিখে গ্রহণ করেছেন এবং এটি বিধিসম্মত হওয়ায় গ্রহণ করা হয়েছে।
আসনটি শূন্য হওয়ার বিষয়ে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী এই মহান সংসদকে অবহিত করা হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৪৭ নবনিযুক্ত প্রভাষকের সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) আয়োজিত অষ্টম ব্যাচের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
প্রশিক্ষণে আউটকামভিত্তিক শিক্ষা কারিকুলাম, ব্লুমস ট্যাক্সোনোমি, গবেষণা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক সুশাসন, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও একাডেমিক নৈতিকতাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও গবেষণা তহবিল সংগ্রহের কৌশল নিয়েও সেশন থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীর সুসম্পর্ক গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ নবীন শিক্ষকদের পাঠদান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা রুয়েটের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, অধ্যাপক ড. বশির আহমেদ, অধ্যাপক ড. মোঃ আল-আমিন-আল-আজাদউল ইসলাম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ মহিবুল ইসলাম বক্তব্য দেন।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে তারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে পারে।
তিনি উল্লেখ করেন, "শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ।" তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করতে আসলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "তোমরাই জাতির ভবিষ্যৎ।" তাই তিনি বলেন, শুধুমাত্র পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আরও জানান, সরকার শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক।
এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সরকার দেশে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন প্রদান করেছে। রাজধানী ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।
সম্প্রতি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান সিদ্দিকী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
এছাড়া, প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, এর আগে শেখ হাসিনা পরিবারের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বৈষম্যহীন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে, দলটির প্রধান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে দেখা যায়, অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার বিদেশে পাচার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠে এসেছে।
এছাড়াও, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘটিত আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও এই অনুসন্ধানের আওতাভুক্ত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ