১০:২৮ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতের ফলে গুরুতর আহত স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় প্রতিমন্ত্রী আহতের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনার গভীর নিন্দা জানান। তিনি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তার পরিবারকে আশ্বস্ত করেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, "নুরুল ইসলাম দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করা বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার ওপর অত্যন্ত বর্বরভাবে হামলা চালানো হয়েছে এবং শরীরে অনেকগুলো সেলাই লেগেছে। চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা চালাচ্ছেন।"
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
পুলিশের তথ্য অনুযায়ী, আহত নুরুল ইসলাম এখনও জবানবন্দি দেওয়ার মতো অবস্থায় নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৪ জন এসে এই হামলা চালায়। ঘটনা ঘটলে এলাকাবাসী এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি আরও বলেন, ঘটনাস্থলের পাশে একটি মেলা চলছিল। হামলার পেছনে ওই মেলার সঙ্গে কোনো দ্বন্দ্ব রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। এরইমধ্যে মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং মেলার আয়োজকসহ স্থানীয় চিহ্নিত অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
মোহাম্মদপুর এলাকায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, "অপরাধী যে-ই হোক-না কেন, তাকে শাস্তি পেতেই হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ যেভাবে তৎপর রয়েছে, তাতে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলা যায় যে, খুব দ্রুত সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে।"
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন