ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক: খেলাফত মজলিস


বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক: খেলাফত মজলিস

বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি এবং দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি মন্তব্য করেছেন, ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়া এবং দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ বিবৃতিতে বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর এমন বক্তব্য কেবল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ কোনো বিদেশি রাষ্ট্রের করুণা বা অনুকম্পায় স্বাধীনতা অর্জন করেনি। লাখো শহীদের রক্ত, অসংখ্য মা-বোনের আত্মত্যাগ এবং দীর্ঘ মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতার রক্ষায় দেশের মানুষ ঐক্যবদ্ধ ও আপসহীন।

আরও পড়ুন: বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান

তিনি আরও বলেন, যারা বাংলাদেশ নিয়ন্ত্রণ নেওয়ার স্বপ্ন দেখছেন, তাদের মনে রাখা উচিত—বাংলাদেশ কোনো করদ রাজ্য বা আশ্রিত ভূখণ্ড নয়। এটি অন্য কোনো রাষ্ট্রের সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রও নয়। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, দিল্লি কিংবা অন্য কোনো দেশের রাজনৈতিক নেতা বা ক্ষমতাধর গোষ্ঠী নয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের গৌরবোজ্জ্বল দিন। এই দিন সামনে রেখে বাংলাদেশ দখলের হুমকি দেওয়া ১৮ কোটি মানুষের জাতীয় আত্মমর্যাদার ওপর চরম আঘাত।

মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি, সামরিক আগ্রাসনের উসকানি এবং আধিপত্যবাদী মনোভাব স্পষ্ট হয়ে উঠছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশকে গাজা স্টাইলে শিক্ষা দেওয়ার বক্তব্য এবং অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকি একই ধরনের রাজনৈতিক প্রবণতার বহিঃপ্রকাশ। প্রতিবেশী একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্যকে বিচ্ছিন্ন রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই। এসব বক্তব্য আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূরাজনৈতিক গুরুত্ব উপেক্ষা করে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড ও সহযোগিতার বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে। বাংলাদেশের সহযোগিতা ও ভৌগোলিক বাস্তবতাকে পাশ কাটিয়ে ভারতের আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তার স্বার্থ পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশ কারও করুণা প্রদর্শনের জায়গা নয়; পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতেই প্রতিবেশী সম্পর্ক টিকে থাকে।

বাংলাদেশের সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, অবিলম্বে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠাতে হবে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ বক্তব্যের ব্যাখ্যা এবং ভবিষ্যতে এ ধরনের হুমকি বন্ধের নিশ্চয়তা চাইতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য হুমকির বিষয়টি তুলে ধরতে হবে।

আরও পড়ুন: ফেনীর ওসির যুবলীগ নেত্রীকে রাত দেড়টায় বাসায় আসতে বলার ফোনালাপ ফাঁস

তিনি আরও বলেন, বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে এ দেশের মানুষকে ভীত করা যাবে না। বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডের ওপরও কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা জনগণ বরদাশত করবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে গোটা জাতি ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদানি অ্যাটেরোর সঙ্গে ৩ বছরের ১০০ কোটি ডলারের তামা সরবরাহ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


আদানি অ্যাটেরোর সঙ্গে ৩ বছরের ১০০ কোটি ডলারের তামা সরবরাহ চুক্তি

ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি, রিসাইক্লিং প্রতিষ্ঠান অ্যাটেরোর সঙ্গে তামা গলানোর কারখানার কাঁচামাল সংগ্রহের জন্য প্রায় ১০০ কোটি ডলারের তিন বছরের একটি চুক্তি সম্পন্ন করেছে। রয়টার্সের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তির ফলে ভারতের দুষ্প্রাপ্য কাঁচামালের জন্য আমদানিনির্ভরতা হ্রাস পাবে।

সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে জানায়, প্রায় তিন মাস আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তবে বিষয়টি এতদিন অপ্রকাশিত ছিল। বর্তমান বাজারদরের ভিত্তিতে এর মূল্য প্রায় ১০০ কোটি ডলার। আদানি গ্রুপের পক্ষ থেকে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও রয়টার্স কোনো সাড়া পায়নি।

চুক্তির আওতায় আদানি এন্টারপ্রাইজেসের অঙ্গপ্রতিষ্ঠান ‘কচ্ছ কপার’ প্রতি মাসে অ্যাটেরোর কাছ থেকে ২ হাজার মেট্রিক টন তামার অ্যানোড কিনবে। এই পদক্ষেপের ফলে কারখানাটির আমদানিনির্ভরতা প্রায় ৫ শতাংশ কমবে বলে ধারণা করা হচ্ছে। নয়ডাভিত্তিক প্রতিষ্ঠান অ্যাটেরো মূলত ইলেকট্রনিক বর্জ্য ও ব্যাটারি পুনর্ব্যবহার করে গুরুত্বপূর্ণ খনিজ ও ধাতু পুনরুদ্ধার করে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা কচ্ছ কপারের জন্য তামার অ্যানোড উৎপাদন করবে।

গত বছর গুজরাটের মুন্দ্রায় অবস্থিত কচ্ছ কপার কারখানায় উৎপাদন শুরু করে আদানি এন্টারপ্রাইজেস। বর্তমানে কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫ লাখ টন, যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে কচ্ছ কপার হবে একক স্থানে অবস্থিত বিশ্বের বৃহত্তম তামা গলানোর কারখানা। ফলে কারখানাটির কাঁচামাল সংগ্রহের কৌশল নিয়ে শিল্প খাতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে চলতি মাসের শুরুতে চিলির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোডেলকোর সঙ্গেও একটি চুক্তি করেছে আদানি। এই চুক্তির আওতায় চিলির উত্তরাঞ্চলীয় আন্তোফাগাস্তা এলাকার ‘কাবুরকালা’ তামা অনুসন্ধান প্রকল্পের উন্নয়নে বিনিয়োগ করবে তারা, যা দীর্ঘমেয়াদে তামা সরবরাহের পথ সুগম করবে।

ভারতের কেন্দ্রীয় খনি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে বছরে প্রায় ১৩ লাখ টন তামা পরিশোধনের সক্ষমতা থাকলেও সব কারখানা পূর্ণ সক্ষমতায় না চলায় দেশটি এখনো আমদানিনির্ভর। সরকারি হিসাবে, ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবছরে ভারতে পরিশোধিত তামার উৎপাদন হয়েছে প্রায় ৭ লাখ ৪ হাজার টন, যা তার আগের অর্থবছরে ছিল ৫ লাখ ৭৩ হাজার টন।

অন্যদিকে, পণ্যবাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিগমিন্টের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারতে মোট তামা আমদানি হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ৫০৯ টন, যা আগের অর্থবছরের তুলনায় ০.২ শতাংশ কম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে অর্থনৈতিক শুমারির ফলাফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


পিরোজপুরে অর্থনৈতিক শুমারির ফলাফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুর, ২৫ নভেম্বর, ২০২৬ : জেলায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশের উদ্দেশ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই অর্থনৈতিক শুমারি প্রতি ১০ বছর পর পর অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর-রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে জেলা প্রশাসন এবং জেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হারুন -অর -রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্নালাল রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহুরুল হক।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর চেম্বার এন্ড কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় ৩০ বিদ্যালয়ে অভিভাবকদের জন্য অপেক্ষমাণ কক্ষ নির্মাণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


বরগুনায় ৩০ বিদ্যালয়ে অভিভাবকদের জন্য অপেক্ষমাণ কক্ষ নির্মাণের উদ্যোগ

বরগুনা, ২৫ নভেম্বর ২০২৬ : জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ছয় উপজেলার ৩০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ‘ছায়া পরশ’ (অপেক্ষমাণ কক্ষ) নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে নিয়ে আসার সময় স্বস্তিতে বসতে পারেন এবং অপেক্ষা করতে পারেন।

আজ বুধবার দুপুর ১২টায় বরগুনা জিলা স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না, এবং বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সদ্য বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ দায়িত্ব পালনকালে এ প্রকল্পটি বাস্তবায়ন করেন।

জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, "শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষারত অভিভাবকদের বসার জন্য একটি সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।" তিনি আশা প্রকাশ করেন যে, এ উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে আরও অভিভাবকবান্ধব করে তুলবে এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শত্রু বাহিনী বড় ক্ষতির সম্মুখীন, হটিয়ে দিতে প্রস্তুত ইরানের সেনারা: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


শত্রু বাহিনী বড় ক্ষতির সম্মুখীন, হটিয়ে দিতে প্রস্তুত ইরানের সেনারা: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি জানিয়েছেন, ইরানের সেনারা শত্রু বাহিনীকে অনেক গভীরে হটানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। তাঁর মতে, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘বড় ধরনের কৌশলগত ক্ষতির’ সম্মুখীন হয়েছে।

আইআরজিসি প্রধান সাম্প্রতিক যুদ্ধের নথিপত্র নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনকালে এসব মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানা যায়, তিনি দাবি করেন যে, শত্রুপক্ষ গুরুতর ধাক্কা, বড় ধরনের স্থবিরতা এবং কৌশলগত অস্পষ্টতার সম্মুখীন হয়েছে।

মেজর জেনারেল ওয়াহিদি বলেন, মাঠে আইআরজিসি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী ও প্রস্তুত এবং শত্রু বাহিনীকে অনেক গভীরে ঠেলে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তিনি সতর্ক করে দেন যে, সামরিক সাফল্যের দাবি করার কারণে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের গতি কমানো হবে না। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার জবাব দেওয়া হবে এবং এর জন্য প্রতিপক্ষকে অনুতপ্ত হতে হবে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও হরমুজ প্রণালি ঘিরে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের পক্ষ থেকে এই কড়া বার্তা প্রদান করা হলো। তবে ওয়াহিদির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বতন্ত্র যাচাই বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আইএসএনএ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%