বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৫০ পি.এম
ব্ল্যাক ফ্রাইডে, বছরের অন্যতম বৃহৎ কেনাকাটার আয়োজন, ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ তৈরি করে। এই সময়, অনলাইন ও অফলাইন দোকানে ক্রেতাদের ভিড় বৃদ্ধি পায়। তবে, এই ব্যস্ত কেনাকাটার মৌসুম খুচরা বিক্রেতাদের জন্য নতুন সাইবার নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সাইবার হামলা দ্রুত এবং শক্তিশালী হয়ে উঠছে। অথচ, অনেক ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের সাইবার বীমা নেই।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্ল্যাক ফ্রাইডের প্রেক্ষাপটে খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমান সাইবার হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন। এআই প্রযুক্তির কারণে হামলাগুলো আরও দ্রুত এবং জটিল হয়ে উঠছে। অন্যদিকে, এ খাতের অনেক প্রতিষ্ঠানের সাইবার বিমা সুরক্ষা সীমিত।
বিমা প্রতিষ্ঠান সিএফসির দাবি ও পরিসংখ্যান অনুযায়ী, খুচরা বিক্রেতা, অবকাশ এবং আতিথেয়তা খাতে নভেম্বরে র্যানসমওয়্যার হামলার ঘটনা মাসিক গড়ের তুলনায় ৫০ শতাংশ বেশি ঘটে। র্যানসমওয়্যার হলো একটি ক্ষতিকর সফটওয়্যার, যা সাইবার অপরাধীরা প্রতিষ্ঠানের তথ্য বা কম্পিউটার ব্যবস্থা আটকে মুক্তিপণ দাবি করে।
সিএফসির তথ্য অনুযায়ী, ছোট ও মাঝারি আকারের খুচরা বিক্রেতাদের মাত্র ৪৩ শতাংশের সাইবার বিমা রয়েছে। বিপরীতে, আর্থিক সেবা খাতের ৮১ শতাংশ এবং প্রযুক্তি খাতের ৭১ শতাংশ প্রতিষ্ঠানের এ ধরনের বিমা রয়েছে।
সিএফসির বৈশ্বিক সাইবার উন্নয়ন বিভাগের প্রধান লিন্ডসে মাহের বলেন, ক্রেতাদের চাপ সামলাতে খুচরা বিক্রেতারা কয়েক মাস ধরে নিজেদের ওয়েবসাইট, পণ্যের মজুত ও সরবরাহব্যবস্থা প্রস্তুত করেন। তবে, ব্ল্যাক ফ্রাইডেকে শুধুমাত্র বিক্রির সুযোগ হিসেবে নয়, নিজেদের সাইবার নিরাপত্তা এবং সংকট মোকাবিলার সক্ষমতা যাচাইয়ের সময় হিসেবেও দেখা উচিত।
ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডে খুচরা বিক্রেতাদের জন্য বছরের ব্যস্ততম সময়গুলোর মধ্যে পড়ে। এই সময়ে ক্রেতারা ছাড়ের খোঁজে বিভিন্ন অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে কেনাকাটা করেন। ফলে, বিক্রির পাশাপাশি প্রযুক্তিনির্ভর কার্যক্রমের ওপরও চাপ বাড়ে।
যুক্তরাজ্যের ক্রেতারা এবারের ব্ল্যাক ফ্রাইডেতে জনপ্রতি গড়ে ২৩৫ পাউন্ড ব্যয় করতে পারেন। পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির গবেষণা অনুযায়ী, দেশটিতে এ বছরের ব্ল্যাক ফ্রাইডের মোট ব্যয় ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আয়নের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সাইবার এবং আর্থিক পৃষ্ঠপোষকতা বিভাগের প্রধান ডেভিড মোলনি বলেন, খুচরা বিক্রেতারা সাধারণত শুধু একটি সপ্তাহান্তের জন্য বাড়তি সাইবার বিমা কেনেন না। বরং, নিজেদের নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা ও শক্তিশালী করার দিকে মনোযোগ দেন। বছরের এই সময়ে বিক্রি অনেকাংশে প্রযুক্তির ওপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ব্যস্ত বিক্রির মৌসুমে কোনো সাইবার হামলার কারণে ব্যবসা পরিচালনা বন্ধ হয়ে গেলে তা দ্রুত বড় ধরনের আর্থিক ক্ষতিতে পরিণত হতে পারে।
প্রতিবেদনে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা টার্গেটের সাইবার হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে। ওই বছরের ছুটির মৌসুমে প্রতিষ্ঠানটির তথ্যব্যবস্থা আক্রান্ত হওয়ার ফলে অন্তত ৪ কোটি ক্রেডিট কার্ডের তথ্য ঝুঁকিতে পড়ে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মোট ব্যয় দাঁড়ায় ২০ কোটি ২০ লাখ ডলার।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বেইজলির আন্তর্জাতিক সাইবার ঝুঁকি বিভাগের প্রধান সিডনি উইলিয়ামস বলেন, জটিল সরবরাহব্যবস্থা, বিপুল পরিমাণ ক্রেডিট কার্ডের তথ্য এবং ব্যস্ত কেনাকাটার মৌসুম—সব মিলিয়ে খুচরা বিক্রেতারা সাইবার হামলা ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার বড় ঝুঁকিতে থাকেন। এআই একদিকে হামলার ঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে প্রতিরক্ষাব্যবস্থার উন্নতিতেও ভূমিকা রাখছে।
বেইজলি সিকিউরিটির প্রধান পণ্য ও প্রযুক্তি কর্মকর্তা ফ্রান্সিসকো দোনোসো বলেন, এআইয়ের কারণে সাইবার হামলার গতি বেড়েছে। পাশাপাশি, এক বছর আগের তুলনায় শনাক্ত হওয়া নিরাপত্তা দুর্বলতার সংখ্যা প্রায় ছয় গুণ বেড়েছে। ফলে, প্রতিষ্ঠানগুলোর পক্ষে এসব ঝুঁকির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা কঠিন হয়ে পড়ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এই অভিযানের সময় শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে, রায়হানকে আশ্রয় দেওয়ার এবং তার ব্যবহৃত অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের একটি দল উপজেলার সুয়াবিলসহ বিভিন্ন এলাকায় টানা অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান মেলে। সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তল, আরেকটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) এবং মো. মহরম আলী (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয় দিচ্ছিলেন। পাশাপাশি, তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভূজপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘বুধবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানুষের জীবনে যুদ্ধের অভাব নেই। তবে, সবচেয়ে কঠিন যুদ্ধটি হলো নিজের নফসের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ের কোনো বাহ্যিক ময়দান নেই; এটি প্রতিনিয়ত মানুষের অন্তরে সংঘটিত হয়। যে প্রবৃত্তি মানুষকে হারামের দিকে টানে, যে অহংকার সত্য গ্রহণে বাধা দেয়, যে লোভ অন্যের অধিকার নষ্ট করতে প্ররোচিত করে, এসবের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করাই আত্মশুদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
আমরা অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকি, কিন্তু নিজের ভুল সংশোধনে অনেক সময় উদাসীন হয়ে পড়ি। মনে রাখতে হবে, প্রকৃত পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে।
নফস কী এবং কেন এর বিরুদ্ধে সংগ্রাম প্রয়োজন?
আরবি নফস অর্থ আত্মা, সত্তা বা নিজস্ব অস্তিত্ব। মানুষের স্বাভাবিক চাহিদা খারাপ নয়; কিন্তু যখন সে আল্লাহর বিধান উপেক্ষা করে প্রবৃত্তির দাস হয়ে যায়, তখনই সমস্যা সৃষ্টি হয়।
আল্লাহ তাআলা বলেন, إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي। নিশ্চয়ই নফস মন্দ কাজের প্রতি প্রবলভাবে প্ররোচিত করে, তবে আমার রব যার প্রতি দয়া করেন সে ছাড়া। (সুরা ইউসুফ:৫৩) তাই নিজের প্রবৃত্তিকে অন্ধভাবে অনুসরণ না করে কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করতে হবে।
নফসের তিনটি অবস্থা
কোরআনে নফসের তিনটি উল্লেখযোগ্য অবস্থার কথা পাওয়া যায়। ১. নফসে আম্মারা إِنَّ النَّفْسَ لَأَمَّারَةٌ بِالسُّوءِ, যে নফস মানুষকে মন্দ কাজের প্রতি প্ররোচিত করে। (সুরা ইউসুফ:৫৩)
২. নফসে লাওয়ামা, যে নফস অন্যায় করার পর নিজেকে তিরস্কার করে এবং সংশোধনের জন্য অনুতপ্ত হয়। আল্লাহ বলেন, وَلا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ। আমি শপথ করছি সেই আত্মার, যে নিজেকে তিরস্কার করে। (সুরা কিয়ামাহ:২)
গ. নফসে মুতমইন্নাহ, যে আত্মা আল্লাহর স্মরণে প্রশান্তি খুঁজে পায় এবং তাঁর প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহ বলেন, يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ۞ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً। হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন অবস্থায়। (সুরা ফাজর:২৭–২৮)
নফসের প্রতারণা হলো নিজের ভেতরের দুর্বলতাকে চেনা। নফস সব সময় সরাসরি পাপের দিকে ডাকে না। কখনো ইবাদতের মধ্যেও অহংকার সৃষ্টি করে, দানের মধ্যে লোকদেখানো মনোভাব আনে, আবার দ্বীনের কথা বলেও মানুষকে আত্মতুষ্টিতে ভোগায়। কেউ নিজের ভুল না দেখে অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকে, কেউ মানুষের প্রশংসার আশায় ভালো কাজ করে। এগুলো অন্তরের আত্মশুদ্ধির পথে বাধা।
আল্লাহ তাআলা বলেন, أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ। তুমি কি তাকে দেখেছ, যে নিজের প্রবৃত্তিকেই নিজের উপাস্য বানিয়ে নিয়েছে? (সুরা জাসিয়াহ:২৩) অতএব, নিজের ইচ্ছাকে নয়, আল্লাহর নির্দেশনাকেই জীবনের চূড়ান্ত মানদণ্ড বানাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের আয়োজনে ২৬ নভেম্বর ২০২৬ জাঙ্গালিয়া বীজ আখড়া থেকে জাঙ্গালিয়া,দুল্লা ও দেলদুয়ার পশ্চিম পাড়া সহ তিনটি গ্রামের ১০০ জন কৃষকের মাঝে সরিষা, যব, মিষ্টিকুমড়া, পালংশাক, মুলা, লালশাক, ধুনিয়া স্থানীয় জাতের বীজ সহায়তা করা হয়। এ সব কৃষক বিভিন্ন সময় নয়াকৃষি প্রশিক্ষন নিয়েছেন। এ ছাড়াও জাঙ্গালিয়া বীজ আখড়া থেকে রবি মৌসুমের শুরুতে আরো ৬০ জন কৃষককে স্থানীয় জাতের বীজ সহায়তা করা হয়েছে। এলাকায় চৈতালী ফসলের আবাদ বৃদ্ধি এবং স্থানীয় জাতের ফালের বীজ যাতে কৃষকেরা নিজের হাতে রেখে সময় মত পরবর্তী মৌসুমে আবাদ করতে পারে এই জন্য উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের এই উদ্যোগ।
কৃষকেরা স্থানীয় জাতের বীজ পেয়ে খুব খুশি। রাসায়নিক সার ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের কৃষকেরা দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। নয়াকৃষি প্রশিক্ষনের মাধ্যমে নতুন নতুন কৃষকদের এই আন্দোলনের সাথে যুক্ত করছেন। হাইব্রিড ও জিএমও ফসলের ক্ষতিকর দিক নিয়ে গ্রামের কৃষকদের সচেতন করছেন।
কৃষক ছালমা বেগম বলেন, আমরা নয়াকৃষি প্রশিক্ষন নিয়েছি রাসায়নিক সার বিষ ছাড়া চাষ করব এবং নিজের হাতে বীজ রাখার জন্য। এই ফসল থেকে আমরা বীজ রাখব এবং অন্য কৃষকদের বীজ দিব। কৃষক মো: রফিক মিয়া বলেন, স্থানীয় ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী। প্রাকৃতিক দূর্যোগেও টিকে থাকে এবং পুষ্ঠি গুনে ভরপুর। স্থানীয় জাতের বীজ আর হাত ছাড়া করব না।
গ্রামে আমন ধান কাটা প্রায় শেষের দিকে কৃষকেরা উচু জমি গুলোতে শীকতালীন সব্জী এবং সরিষা, গম, যব আবাদের জন্য জমি চাষাবদ শুরু করেছেন। এই মুহুত্বে বীজ হাতে পেয়ে কৃষকেরা খুব খুশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমল কুমার সাহা (৩৭) ও ইয়াসিন হোসেন (২৪) প্রাণ হারিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টার সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মুরারীদহ এলাকায় এবং বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার গান্না এলাকায় এই দুর্ঘটনাগুলি ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, শৈলকুপা থেকে মাহেন্দ্রযোগে ঝিনাইদহ শহরে আসার সময় মুরারীদহ এলাকার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে একটি ড্রাম ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় মাহেন্দ্রের যাত্রী পাটি ব্যবসায়ী কমল কুমার সাহা ও ওহিদুজ্জামান গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে কমল কুমার সাহা মারা যান। আহত ওহিদুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত কমল কুমার সাহা শৈলকুপা পৌর শহরের নগরপাড়া এলাকার সুধীর সাহার পুত্র এবং আহত ওহিদুজ্জামান একই উপজেলার হড়রা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
এদিকে, ঝিনাইদহ সদর উপজেলার গান্না এলাকায় বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াসিন হোসেন নামে এক যুবক নিহত হন। নিহত ইয়াসিন হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মঞ্জের আলীর পুত্র।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন নিশ্চিত করেছেন যে, নিহতদের লাশ বৃহস্পতিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ