১০:৫৫ পি.এম
দেশের জানমাল রক্ষায় সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বলেছেন, "আগুন-সন্ত্রাস, অবৈধ মিছিল-মিটিং কিংবা জনগণের মধ্যে ভীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।" আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদেরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার পিঙ্গলা মঙ্গলা-বৈদ্য বিহারে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য এনাম বলেন, "সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। কখন পুলিশ আসবে, কখন সেনাবাহিনী আসবে, কখন বিজিবি আসবে সেই অপেক্ষায় আমরা বসে থাকতে পারব না।" নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, "কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাকে বাড়ি থেকে ধরে এনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। এটা মগের মুল্লুক নয়, যে যার ইচ্ছামতো সন্ত্রাস করবে।"
আরও পড়ুন: গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম
এনাম বলেন, "বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের শক্তি কোনো বিশেষ গোষ্ঠী নয়, এ দেশের জনগণ।" জনগণের ম্যান্ডেট নিয়েই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। "পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করবে।" তাই তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানান, "কোনো ধরনের ভয়ভীতি, উসকানি কিংবা ষড়যন্ত্রে পা না দিয়ে।"
পটিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা না দেওয়ার প্রসঙ্গ তুলে এই সংসদ সদস্য বলেন, "পটিয়ায় কোনো আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে একটি মামলাও করিনি।" সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের তিনি হয়রানি করতে চান না। তবে, "কেউ যদি অন্যায় করে, জনগণকে ভয়ভীতি দেখায় কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।"
তিনি আরো বলেন, "গত ১৭ বছর মানুষ স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারেনি।" অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড নিয়ে জনগণের সামনে নতুন করে অনেক বিষয় স্পষ্ট হয়েছে। "থানা, হাসপাতাল, বাড়িঘর ও রাজনৈতিক নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী চরিত্র প্রকাশ পেয়েছে।"
এ সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অন্তর্বর্তীকালীন সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। এনাম বলেন, "অপরাধ, অগ্নিসন্ত্রাস ও সহিংসতা বন্ধ না হলে দেশের শান্তি ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে।"
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে এনামুল হক এনাম বলেন, "জনগণকে অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের বিষয়গুলো বুঝতে হবে।" সরকার প্রতিশোধের রাজনীতি না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি কর্মবীর ভদন্ত আর্যকীর্তি মহাথের সভাপতিত্বে এতে আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ভদন্ত বজিরানন্দ মহাথের। উদ্বোধন করেন পিঙ্গলা মঙ্গলা-বৈদ্য বিহারের অধ্যক্ষ ভদন্ত সিদ্ধার্থ বংশ থের। মুখ্য আলোচক ছিলেন পিঙ্গলা সার্বজনীন বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় মহাথের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পীযুষ বড়ুয়া। যৌথভাবে সঞ্চালনা করেন কুনাল চৌধুরী, রাসেল বড়ুয়া ও সুজন বড়ুয়া।
আরও পড়ুন: কেন্দ্রীয় শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক হলেন সাঈদ আল নোমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন