ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে ভোরে কুয়াশা, শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে


রাজশাহীতে ভোরে কুয়াশা, শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে

রাজশাহী, ১৮ নভেম্বর, ২০২৬ : সন্ধ্যার পর কুয়াশা নামতে শুরু করে এবং ভোরের দিকে তা ঘন কুয়াশায় পরিণত হচ্ছে। আজ সকালে শুরু হয়েছে হিমেল হাওয়া। সকাল পৌনে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এর ফলে রাজশাহী মহানগরীসহ আশেপাশের উপজেলাগুলোতে শীতের অনুভূতি অনেকটা বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে নগরীর রাস্তাঘাটে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গেছে। ফলে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। তবে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীতের তীব্রতা বাড়ায় নগরীর ফুটপাত ও বিপণি-বিতানগুলোতে গরম কাপড়ের দোকানে ভিড় বাড়তে শুরু করেছে।

নগরীর সাহেব বাজার এলাকার রিকশাচালক আবদুল করিম জানান, ‘গত কয়েকদিন হালকা ঠান্ডা থাকলেও আজ সকাল থেকে তীব্র হিমেল বাতাস বইছে। কুয়াশা ও ঠান্ডার কারণে সকালে রাস্তায় যাত্রীও অনেক কম ছিল। তবুও পেটের দায়ে রিকশা নিয়ে বের হতে হয়েছে।’

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে কক্সবাজার-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

আরেক শ্রমজীবী মানুষ সুমন বলেন, ‘আমরা সকাল সকাল কাজের সন্ধানে বের হই। অন্যদিনের তুলনায় আজ ঠান্ডা বাতাসের কারণে শীত বেশি ছিল।’

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক তারেক আজিজ জানিয়েছেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর দিক থেকে হিমেল বাতাস বইতে শুরু করেছে। জলীয় বাষ্পের কারণে রাত ও ভোরের দিকে ঘন কুয়াশা পড়ছে।’

আজ সকাল পৌনে ১০টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় দিনের তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বুধবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। অপরদিকে গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৩ শতাংশ।

আরও পড়ুন: বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিন বলেন, ‘হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়তে পারে। তাই এই সময়ে সবাইকে পর্যাপ্ত গরম কাপড় পরিধান এবং বিশেষ করে শিশুদের বাড়তি যত্ন নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয়াবাজারে আটক হলো ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা নকল ‘ডাবল এ’ কাগজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


নয়াবাজারে আটক হলো ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা নকল ‘ডাবল এ’ কাগজ

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : পুরান ঢাকার নয়াবাজারে অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ‘ডাবল এ’ ব্র্যান্ডের নকল কাগজ আটক করেছে। এই কাগজগুলো বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদিত হয়ে ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা ব্যবহার করে বাজারে বিক্রি হচ্ছিল।

সিআইআইডির তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর সহযোগিতায় নয়াবাজারের দুটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানের ফলে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নাম ও ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা কাগজ উদ্ধার করা হয়।

অভিযানে পাওয়া তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বিবৃতি অনুযায়ী, এই কাগজগুলো আসলে বাংলাদেশে তৈরি। স্থানীয়ভাবে উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল।

দুটি অভিযানে মোট ৪৪৪ রিম নকল ‘ডাবল এ’ কাগজ আটক করা হয়েছে। প্রথম অভিযানে ১৮৪ রিম এবং দ্বিতীয় অভিযানে ২৬০ রিম কাগজ উদ্ধার করা হয়।

সিআইআইডি জানায়, দেশীয় পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে ক্রেতাদের প্রতারিত করার পাশাপাশি বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীদেরও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে বলে সিআইআইডি ধারণা করছে। এসব প্রতিষ্ঠান শনাক্ত করে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়কে উন্নয়ন কাজের গতি বাড়াতে ডাবল শিফটে কাজের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


মহাসড়কে উন্নয়ন কাজের গতি বাড়াতে ডাবল শিফটে কাজের নির্দেশ

॥ মোশতাক আহমদ ॥

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : আগামী বর্ষা মৌসুমের পূর্বে সারাদেশে সড়ক ও মহাসড়ক বিভাগের চলমান উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ডাবল শিফটে (দুই পালায়) কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

একই সঙ্গে চলমান শুষ্ক মৌসুমের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার জন্য সপ্তাহে সাত দিন কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থেকে তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, বর্ষা মৌসুমে সড়কের উন্নয়ন ও সংস্কার কাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বৃষ্টির কারণে কাজের পরিবেশ বিঘ্নিত হয়, নির্মাণকাজের গতি কমে যায় এবং অনেক সময় একই কাজ পুনরায় করতে হয়। এর ফলে সময় ও অর্থের অপচয় ঘটে। তাই চলমান শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে আগামী বর্ষার আগেই উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ডাবল শিফটে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সচিব জানান, সারাদেশে সড়ক ও মহাসড়ক বিভাগের অধীনে প্রায় ২৩ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এসব সড়কের সংস্কার, রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যমান অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য এসব প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। বর্তমান শুষ্ক মৌসুম এসব কাজ সম্পন্ন করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়।

জিয়াউল হক বলেন, সড়ক নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে আবহাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুষ্ক মৌসুমে কাজ করার জন্য অনুকূল পরিবেশ পাওয়া যায়। অন্যদিকে বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের কারণে সড়ক নির্মাণ, কার্পেটিং, সংস্কার ও অন্যান্য অবকাঠামোগত কাজ বাধাগ্রস্ত হয়।

তিনি জানান, অনেক ক্ষেত্রে বৃষ্টির কারণে নির্মাণসামগ্রী ও শ্রমঘণ্টার অপচয় ঘটে। আবার কিছু ক্ষেত্রে আগে সম্পন্ন করা কাজ ক্ষতিগ্রস্ত হয়ে পুনরায় মেরামতের প্রয়োজন হয়। এতে প্রকল্পের ব্যয় ও বাস্তবায়নের সময় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বর্ষা শুরুর আগেই গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছে।

ওই নির্দেশনায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়নাধীন সব উন্নয়ন প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মেরামত কর্মসূচির নির্ধারিত কাজ আগামী ৩০ জুন ২০২৭ সালের মধ্যে শতভাগ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সচিব বলেন, নির্দেশনাটি শুধু নতুন সড়ক নির্মাণ বা সম্প্রসারণ প্রকল্পের ক্ষেত্রে নয়; বরং চলমান উন্নয়ন প্রকল্পের পাশাপাশি সড়ক ও সেতুর পর্যবেক্ষণ, জরুরি মেরামত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির ক্ষেত্রেও প্রযোজ্য। ডিপিপি, টিপিপি, সংশোধিত ডিপিপিসহ চলতি অর্থবছরে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর নির্ধারিত কাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও বাস্তবায়নকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ডাবল শিফটে কাজ পরিচালনার বিষয়ে তিনি বলেন, সাধারণ কর্মঘণ্টার পাশাপাশি অতিরিক্ত কর্মপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে। দিনের কর্মঘণ্টাকে আরও কার্যকরভাবে ব্যবহার এবং প্রয়োজনে দুই পালায় কাজ পরিচালনার ব্যবস্থা করতে হবে।

জিয়াউল হক বলেন, প্রকল্প বাস্তবায়নে শুধু ঠিকাদার বা নির্মাণ শ্রমিকদের কাজ করলেই হবে না, সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করতে হবে। এ কারণে নির্দেশনায় প্রকল্প সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম ও প্রকল্পের কাজ তদারকির কথা বলা হয়েছে।

প্রকল্পের অগ্রগতি, কাজের মান এবং নির্ধারিত সময় অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে কি না, এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, কোনো প্রকল্পে প্রয়োজনীয় জনবলের ঘাটতি থাকলে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

প্রকল্পের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগের বিষয়ে প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমের সুবিধা কাজে লাগাতে ৩০ জুন ২০২৭ পর্যন্ত সপ্তাহে সাত দিন প্রকল্প ও মেরামত কর্মসূচির কাজ সম্পাদনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনেও প্রকল্পের কাজ চালু রাখার জন্য প্রয়োজনীয় জনবল ও কর্মপরিকল্পনা নিশ্চিত করতে হবে।

সচিবের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট অর্থবছরে যে কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়, তা যথাসময়ে বাস্তবায়ন করা প্রয়োজন। বিশেষ করে সড়ক ও মহাসড়কের মতো জনসংশ্লিষ্ট অবকাঠামোর ক্ষেত্রে কাজের দীর্ঘসূত্রতা সাধারণ মানুষের চলাচল, পণ্য পরিবহন এবং সামগ্রিক যোগাযোগব্যবস্থায় প্রভাব ফেলে। তাই প্রকল্পের নির্ধারিত সময়সীমা বিবেচনায় নিয়ে বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাবল শিফটে কাজ করতে গিয়ে শ্রমিকদের কর্মঘণ্টা ও নিরাপত্তার বিষয়ে সচিব বলেন, এ ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। অতিরিক্ত জনবল নিয়োগ, শিফট ডিউটি এবং সার্বিক প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান, সরকারি চাকরি আইন ও বাংলাদেশ শ্রম আইন (সংশোধিত) অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের নির্ধারিত কর্মঘণ্টা, ওভারটাইম, স্বাস্থ্য সুরক্ষা এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনগত বিধান মেনে চলতে হবে। কাজের গতি বাড়ানোর অর্থ শ্রমিকদের ওপর আইন বহির্ভূতভাবে অতিরিক্ত চাপ সৃষ্টি করা নয়। বরং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগ, দায়িত্ব বণ্টন এবং শিফটভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে কাজ এগিয়ে নিতে হবে। উন্নয়নকাজের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

সচিব বলেন, সারাদেশে প্রায় ২৩ হাজার কিলোমিটার সড়কের উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়টি একটি বড় কর্মযজ্ঞ। এসব সড়ক দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের যোগাযোগ, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে সড়ক অবকাঠামোর উন্নয়নকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে ১০ মাসে ২২৩০ বেসামরিক নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


সুদানে ১০ মাসে ২২৩০ বেসামরিক নাগরিকের মৃত্যু

সুদানে চলমান সংঘাতে ২০২৬ সালের প্রথম ১০ মাসে ২ হাজার ২৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৬৩০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন ড্রোন হামলায়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সুদানে বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগও উঠে এসেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সুদানে অন্তত ১ হাজার ৩৯০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮০ শতাংশের বেশি প্রাণ হারিয়েছেন ড্রোন হামলায়। পরবর্তী চার মাসে, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আরও ৮৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তবে জাতিসংঘ সতর্ক করেছে যে, নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে আরো বেশি হতে পারে। সংস্থাটি জানিয়েছে, প্রতিবেদনে শুধুমাত্র নিশ্চিতভাবে নথিভুক্ত হতাহতের তথ্য তুলে ধরা হয়েছে। সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকায় প্রবেশের সীমাবদ্ধতা এবং তথ্য সংগ্রহের প্রতিবন্ধকতার কারণে অনেক মৃত্যুর ঘটনা হিসাবের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে কর্দোফান অঞ্চলে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নথিভুক্ত মোট বেসামরিক হতাহতের দুই-তৃতীয়াংশের বেশি এই অঞ্চলে ঘটেছে। এরপর রয়েছে দারফুর অঞ্চল।

বিশেষ করে বছরের প্রথম ছয় মাসে বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার ব্যাপকতা উদ্বেগজনক বলে উল্লেখ করেছে জাতিসংঘ। এ সময়ে বাজারে অন্তত ৩৯টি, বেসামরিক যানবাহনে ২০টি, জ্বালানি স্থাপনায় ১৭টি এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে ১৬টি ড্রোন হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, "প্রতিবেদনের তথ্য সুদানে চলমান যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয়ের আরও প্রমাণ তুলে ধরেছে।" যুদ্ধরত পক্ষগুলো আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের নিয়মকানুনের প্রতি ধারাবাহিকভাবে অবজ্ঞা দেখিয়ে যাচ্ছে বলেও তিনি সতর্ক করেন।

তিনি বলেন, "প্রতিবেদনে নথিভুক্ত কিছু কর্মকাণ্ড যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।" বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, সুদানের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ১১টি রাজ্যে বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ২৯টি ড্রোন হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হয়েছে।

এসব হামলার কারণে লাখ লাখ মানুষের জন্য বিদ্যুৎ ও অন্যান্য জরুরি সেবা ব্যাহত হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘাত চলছে। ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এই যুদ্ধ ক্রমেই ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে বেসামরিক মানুষের পাশাপাশি হাসপাতাল, বাজার, যানবাহন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোও হামলার শিকার হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলছে, বেসামরিক মানুষের জীবন রক্ষায় অবিলম্বে হামলা বন্ধ এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা জরুরি।

সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর (ওএইচসিএইচআর)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়ে ৪৮৯ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


৩ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়ে ৪৮৯ কোটি টাকা

/মাহাদী হাসান/

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৮৯ কোটি ২৬ লাখ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে। এই সময়ে সঞ্চয়পত্রের নিট বিক্রি মোট ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকায় পৌঁছেছে, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার কোটি ১৮ লাখ টাকা।

বিশেষজ্ঞদের মতে, ব্যাংকের আমানতের তুলনায় সঞ্চয়পত্রে উচ্চ সুদ এবং বিনিয়োগের নিরাপত্তার বিষয়টি অনেক বিনিয়োগকারীকে এ খাতে বিনিয়োগ করতে উৎসাহিত করছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সঞ্চয়পত্রের বিক্রি হয়েছে ৮ হাজার ৮২২ কোটি ৯৪ লাখ টাকার। এই মাসে মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ৬ হাজার ৭৬৩ কোটি ৪৭ লাখ টাকা। ফলে জুলাই মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকা।

এ সময়ে সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ৩ হাজার ৬০৬ কোটি ৮৬ লাখ টাকা।

অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে সঞ্চয়পত্রের বিক্রি ছিল ৯ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকার। বিপরীতে, মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ৯ হাজার ৩৪৯ কোটি ৯৭ লাখ টাকা। ফলে আগস্ট মাসে নিট বিক্রি দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৬৫ লাখ টাকা। এই মাসে সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ৩ হাজার ৮৩০ কোটি ৪৩ লাখ টাকা।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ১০ হাজার ৩০৮ কোটি ১৩ লাখ টাকা। এই সময়ে মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ১০ হাজার ২৮১ কোটি ৮১ লাখ টাকা। ফলে মাসটিতে নিট বিক্রি হয়েছে ২৬ কোটি ৩২ লাখ টাকা।

সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্র বিক্রির মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৪ কোটি ৬৯ লাখ টাকা। একই সময়ে মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ২৬ হাজার ৩৯৫ কোটি ২৫ লাখ টাকা। এই সময়ে সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১১ হাজার ৫৮২ কোটি ১৫ লাখ টাকা।

অন্যদিকে, গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সঞ্চয়পত্রের বিক্রি হয়েছিল ৭ হাজার ৯০১ কোটি ৮ লাখ টাকার। ওই মাসে মূল টাকা ফেরত দেওয়া হয় ৬ হাজার ৬২২ কোটি ২ লাখ টাকা। ফলে নিট বিক্রি দাঁড়ায় ১ হাজার ২৭৯ কোটি ৬ লাখ টাকা। এ সময়ে সুদ বাবদ পরিশোধ করা হয় ৩ হাজার ৭৩১ কোটি ২৬ লাখ টাকা।

আগের অর্থবছরের আগস্ট মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ৭ হাজার ৮৯১ কোটি ৭ লাখ টাকার। বিপরীতে মূল টাকা ফেরত দেওয়া হয় ৭ হাজার ৫৭৯ কোটি ৭৭ লাখ টাকা। ফলে মাসটিতে নিট বিক্রি দাঁড়ায় ৩১১ কোটি ৩০ লাখ টাকা। এ মাসে সুদ বাবদ পরিশোধ করা হয় ৪ হাজার ৩৯৮ কোটি ৯৮ লাখ টাকা।

সেপ্টেম্বর মাসে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ৮ হাজার ৬৪০ কোটি ৫০ লাখ টাকা। এ মাসে নিট বিক্রি হয়েছিল ৪০৯ কোটি ৮২ লাখ টাকা।

সব মিলিয়ে ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ২৪ হাজার ৪৩২ কোটি ৬৫ লাখ টাকা। এই সময়ে মূল টাকা ফেরত দেওয়া হয়েছিল ২২ হাজার ৪৩২ কোটি ৪৭ লাখ টাকা। সুদ বাবদ পরিশোধ করা হয়েছিল ১১ হাজার ৯২৬ কোটি ৫০ লাখ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন বাসসকে বলেন, "ব্যাংকের আমানতের তুলনায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্রে সুদের হার বেশি। পাশাপাশি ব্যাংকের তুলনায় সঞ্চয়পত্রে বিনিয়োগকে বেশি নিরাপদ মনে করছেন অনেক বিনিয়োগকারী। এসব কারণেই সঞ্চয়পত্রের বিক্রি বেড়ে থাকতে পারে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%