০৬:৪১ পি.এম
ডিসেম্বর মাসে সীমান্তের মাধ্যমে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াতের সুযোগ দেওয়া হবে না, এমনটি জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি জানান, মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন।
বিজিবি মহাপরিচালক উল্লেখ করেন, দেশের সীমান্ত পাহারা দেওয়া, চোরাচালান প্রতিরোধ করা এবং অবৈধ ব্যক্তিদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত বন্ধ করা বিজিবির মূল দায়িত্ব। বিশেষ করে ডিসেম্বর মাসের প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে।
আরও পড়ুন: রুশ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাৎ
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং সীমান্ত নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার জন্য সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় স্থানীয়দের সহযোগিতা কামনা করে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত এলাকায় যদি কারও সন্দেহজনক আসা-যাওয়া কিংবা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনো তথ্য থাকে, তাহলে তা বিজিবিকে জানাতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা হবে। পরিদর্শনকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন