০৮:২৪ পি.এম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে একটি চার সদস্যবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন।
চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো'র আমন্ত্রণে আগামীকাল বুধবার তারা ঢাকা ত্যাগ করে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। এই প্রতিনিধিদল ১০ থেকে ১৩ জুন পর্যন্ত কুনমিংয়ে অবস্থান করবে।
প্রতিনিধিদলটির অন্যান্য সদস্য হলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও সংসদ সদস্য আকতার হোসেন, বিএনপি'র সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব, সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সদস্য সুলতানা জেসমিন এবং সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন।
আরও পড়ুন: রাজশাহীর সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ
১১ জুন, প্রতিনিধিদলের নেতা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সপ্তম (৭ম) চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
একই দিনে, ডেপুটি স্পিকার চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিং-এর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রতিনিধিদলটি দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানেও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়নসমূহ পরিদর্শন করবেন।
১২ জুন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ইউনান প্রদেশের গভর্নর মি. ওয়াং ইউবো'র সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি সহজীকরণ, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করবেন।
আরও পড়ুন: রামপালে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেফতার রাজিব, স্বৈরাচারের সহযোগী
প্রতিনিধিদলটি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করবেন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা সহযোগিতা, জন্মগত হৃদরোগ চিকিৎসার কর্মসূচি এবং চীন-বাংলাদেশ যৌথ চিকিৎসা উদ্যোগ বিষয়ক থিমভিত্তিক একটি শেয়ারিং সেশনে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় শেষেই ডেপুটি স্পিকার সমাপনী বক্তব্য রাখবেন।
সফরের শেষ দিনে, প্রতিনিধিদল ফিউচার ট্রান্সপোর্টেশন ইনোভেশন রিসার্চ সেন্টার পরিদর্শন করবেন।
এদিকে, চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম (সিএসএসিএফ) চীন ও দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। এছাড়া, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, বাণিজ্য উদারীকরণ এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণও ফোরামের অন্যতম প্রধান উদ্দেশ্য।
আরও পড়ুন: রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে এনসিপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন