১০:১৯ পি.এম
ময়মনসিংহ নগরীতে জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মধ্য বাড়েরা এলাকায়।
নিহত জামান আবু বকর সিদ্দিকের ছেলে, যিনি ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ডের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় দুর্বৃত্তরা জামানকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ময়মনসিংহে জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে ডিআইজি ও বিভাগীয় কমিশনার
স্থানীয়দের ধারণা, জমিসংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন