০৫:০২ পি.এম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পারিবারিক ব্যবসা বিষয়ক গবেষণায়।
জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান ওয়াইফু ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত প্রথম ‘ফ্যামিলি বিজনেস রিসার্চ ইন্ডেক্স ২০২৬’ এ ২ হাজার ৩৪৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৪তম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই র্যাঙ্কিংটি প্রকাশিত হয়েছে।
ঢাবি’র জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়নের লক্ষ্যে পারিবারিক ব্যবসা বিষয়ে গবেষণায় এ সূচক তৈরি করা হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরের ওপেন অ্যালেক্সে সূচিবদ্ধ গবেষণা প্রকাশনার ভিত্তিতে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকর্ম ও সংশ্লিষ্ট জার্নালের অবস্থানকে বিবেচনায় নেওয়া হয়েছে।
ওপেন অ্যালেক্স একটি বিশ্বব্যাপী গবেষণা প্রকাশনা ও তথ্যের উন্মুক্ত এবং বিনামূল্যের তথ্যভান্ডার ও নলেজ গ্রাফ। ওয়াইফু ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, র্যাঙ্কিংবিহীন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের জন্য শূন্য স্কোর নির্ধারণ করা হয়েছে।
২০০৯ সালে প্রতিষ্ঠিত ওয়াইফু ফাউন্ডেশন জার্মানির উইটেন শহরে অবস্থিত। প্রতিষ্ঠানটি পারিবারিক ব্যবসা, উদ্যোক্তা পরিবার এবং পারিবারিক ব্যবসার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে গবেষণা, শিক্ষা ও জ্ঞান বিনিময়ের কাজ করে।
এ অর্জন সম্পর্কে ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মন্তব্য করেন, "পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবি’র স্থান পাওয়া নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণাকর্মে আরও উৎসাহ জোগাবে। আমরা গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে ঢাবি’কে বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই। এ লক্ষ্য অর্জনে গবেষকদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি এবং গবেষণার পরিধি সম্প্রসারণে আমরা গুরুত্ব দিয়ে কাজ করে যাব।"
আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন