০৮:২১ পি.এম
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬: রাজধানীর যাত্রাবাড়ীতে চব্বিশের জুলাই আন্দোলনের সময় জিহাদ হোসেন (২২) নামের এক যুবককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৮ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ, তিন দিনের রিমান্ড শেষ হওয়ার পর। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক মাঈন উদ্দিন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ওই সময় রিমান্ডে নেওয়া সম্ভব হয়নি। গত ১৪ অক্টোবর রিমান্ড কার্যকরের জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করেন। আদালত ১০ কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকরের নির্দেশ দেন। এরপর রোববার তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন: মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
মামলার এজাহার থেকে জানা যায়, চব্বিশের জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনে অংশগ্রহণ করেন জিহাদ হোসেন। সে সময় তিনি গুলিবিদ্ধ হন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন মোল্লা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন