০১:০৩ পি.এম
মুন্সী সহিদুল ইসলাম রানা
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : সংঘাতকবলিত অঞ্চলে ক্রমবর্ধমান জটিল নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির কারণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের দায়িত্ব ও ভূমিকার পরিধি বৃদ্ধি পাচ্ছে। বিশেষভাবে, যৌন সহিংসতা ও লিঙ্গভিত্তিক নির্যাতন প্রতিরোধ, স্থানীয় জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলা এবং সংবেদনশীল মানবিক সমস্যা মোকাবিলায় তাদের অংশগ্রহণ এখন আগের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রচলিত সামরিক ও পুলিশি দায়িত্বের পাশাপাশি নারী শান্তিরক্ষীদের সংঘাতকবলিত এলাকার নারী ও শিশুদের সুরক্ষা, মানবিক সহায়তা এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনে সক্রিয় ভূমিকা রাখতে হচ্ছে। এই পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নতুন মাত্রা যোগ করছে।
আরও পড়ুন: ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী
মাঠপর্যায়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারী ও পুরুষ শান্তিরক্ষীদের মধ্যে সমন্বিত কার্যক্রমের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, যৌন সহিংসতা, নিরাপত্তা ঝুঁকি ও মানবিক সংকটের মতো সংবেদনশীল বিষয়গুলোতে তাদের যৌথ অংশগ্রহণ কার্যকর ভূমিকা রাখছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বাসসকে জানান, ‘সংঘাতকবলিত অঞ্চলে শান্তিরক্ষা কার্যক্রমের ক্রমবর্ধমান জটিলতা মোকাবিলায় নারী ও পুরুষ উভয় শান্তিরক্ষীর সমন্বিত অংশগ্রহণ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) নারী শান্তিরক্ষীদের বিশেষায়িত প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মধ্যে সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতা মোকাবিলা, জেন্ডারবিষয়ক পরামর্শ প্রদান এবং নিয়মিত শান্তিরক্ষা কার্যক্রমে তাদের কার্যকর অংশগ্রহণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
শান্তি ও নিরাপত্তা কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ ২০১৯ সালে ‘নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা’ গ্রহণ করেছে।
আরও পড়ুন: মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের
আইএসপিআরের একজন মুখপাত্র বাসসকে জানান, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মোট ২ হাজার ২৫ জন নারী সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে বিভিন্ন মিশনে ২৯৩ জন নারী সামরিক সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর ২৮০ জন, নৌবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর আটজন রয়েছেন।
ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ পুলিশ এ পর্যন্ত ৯২৭ জন নারী সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে। বর্তমানে চারজন নারী পুলিশ সদস্য বিদেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।
ইউনিফর্মধারী নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়াতে গঠিত এলসি ইনিশিয়েটিভ ফান্ডের (ইআইএফ) পরিসংখ্যান অনুযায়ী, জাতিসংঘ মিশনে বাংলাদেশের নারী শান্তিরক্ষীর সংখ্যা ২০২০ সালে ছিল ২৬৩ জন। ২০২২ সালে তা বেড়ে ৫০৭ এবং ২০২৩ সালে ৫৩৩ জনে দাঁড়ায়। ওই বছরগুলোতে তাদের অংশগ্রহণের হার ছিল যথাক্রমে ৪ শতাংশ, ৭ দশমিক ৪১ শতাংশ ও ৭ দশমিক ৬১ শতাংশ।
আরও পড়ুন: ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের তিন বাহিনী ও পুলিশের মোট ২ হাজার ৯৫২ জন নারী সদস্য এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন। বর্তমানে বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করছেন ২৯৭ জন।
২০২৬ সালের ১০ জুন আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে জাতিসংঘের তৎকালীন ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক জানান, ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ২ লাখ ৬ হাজার ৪৭৬ জন সদস্য পাঠিয়েছে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে বিশ্বের নয়টি মিশনে ৪ হাজার ২১২ জন বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন, বাংলাদেশের এই দীর্ঘ অর্জন পেশাদারিত্ব, আত্মত্যাগ, পারস্পরিক আস্থা এবং নীতিনিষ্ঠ বহুপাক্ষিকতার প্রতি দেশটির অঙ্গীকারের প্রতিফলন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের অংশগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে আইএসপিআর ২০১৭ সালের ৪ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে।
আরও পড়ুন: রিজভী: ভারতে পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা মিটছে না
২০১৭ সালে বাংলাদেশ বিমানবাহিনীর দুই নারী পাইলট- ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুৎফী কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ২০১৫ সাল থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ১৬০ সদস্যের একটি সম্পূর্ণ নারী পুলিশ ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) হাইতিতে দায়িত্ব পালন করে। সেখানে তারা নিরাপত্তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণকে সহায়তা ও পুনর্গঠন কর্মকাণ্ডে অবদান রাখেন।
সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) সূত্রে জানা যায়, ২০২৪ সালে দক্ষিণ সুদানের ওয়াউতে জাতিসংঘের পদকপ্রাপ্ত ১৫০ জন বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে ৩০ জন ছিলেন নারী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সংঘাতপূর্ণ এলাকায় স্থানীয় নারীদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন, সহিংসতার ঝুঁকি চিহ্নিত করা, নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনে নারী শান্তিরক্ষীরা বিশেষ ভূমিকা পালন করেন। অনেক ক্ষেত্রে স্থানীয় নারীরা পুরুষ সদস্যদের তুলনায় নারী শান্তিরক্ষীদের কাছে সংবেদনশীল সমস্যা তুলে ধরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
জাতিসংঘের ‘ইউনিফর্মড জেন্ডার প্যারিটি স্ট্র্যাটেজি ২০১৮-২০২৮’ অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সামরিক কন্টিনজেন্ট সদস্যদের মধ্যে নারীর অংশগ্রহণের হার ছিল ৮ দশমিক ২ শতাংশ।
২০২৮ সালের মধ্যে এ হার ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ। একই সঙ্গে সামরিক পর্যবেক্ষক ও স্টাফ অফিসার পদে নারীদের প্রতিনিধিত্ব ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে।
আইএসপিআর পরিচালক বলেন, ‘নারীদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের সুযোগ এবং দায়িত্বশীল পদে কাজের সুযোগ বাড়ানো গেলে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও স্থানীয় জনগণের আস্থা অর্জনে তাদের অবদান আরও জোরালো হবে।’
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বাংলাদেশি নারীদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন, আর্থিক সুবিধা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি ও সামাজিক স্বীকৃতি লাভের সুযোগ তৈরি করছে।
আরও পড়ুন: দক্ষিণ কোরীয় শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন