০৯:২৯ পি.এম
পঞ্চগড়, ৭ অক্টোবর, ২০২৬ : করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার খবর পেয়ে নদীর দুই পাড়ের বাসিন্দারা আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন। সদর উপজেলার মীরগড় এলাকায় এই সেতুর নির্মাণের বিষয়টি জানার পর স্থানীয়রা আজ বুধবার বিকেলে মিষ্টি বিতরণ করেন।
বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। সেতুটি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় নির্মিত হবে। সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারিত হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।
নতুন সেতু নির্মাণ হলে নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমে যাবে। কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে করতোয়া নদীর ওপর কাঠের সেতু দিয়ে দুই পাড়ের মানুষ ও যানবাহন চলাচল করে। সেতুটি ব্যবহার করতে গিয়ে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। প্রতিদিন পারাপার হতে ১০ টাকা করে দিতে হয়। কৃষকরা উৎপাদিত ফসল বাজারে নিতে এবং অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য উপজেলা ও জেলা সদরে নিতে সমস্যায় পড়েন। নতুন সেতু নির্মাণ হলে এসব ভোগান্তি অনেকটাই কমে যাবে।
আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় বিএসএফ ফিরিয়ে নিল
সেতু নির্মাণের খবর পেয়ে বুধবার বিকেলে মীরগড় এলাকায় স্থানীয়রা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন। এ সময় দুই পাড়ের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বাসিন্দা জয় বলেন, "দীর্ঘদিন ধরে কাঠের সেতু দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে ও ভারী যানবাহন চলাচলের সময় বেশি সমস্যা হয়। নতুন সেতু নির্মাণের খবর আমাদের জন্য খুবই আনন্দের। সেতুটি হলে যাতায়াতের কষ্ট অনেকটাই কমে যাবে।"
আসিম উদ্দিন বলেন, "এই সেতু হলে কৃষিপণ্য সহজে বাজারে নেওয়া যাবে। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য পঞ্চগড় শহরে যাতায়াতও সহজ হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় আমরা আনন্দিত।"
পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বাসসকে জানান, মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদী পারাপারে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। একই সঙ্গে এ সড়কে যানবাহন চলাচল ও পণ্য পরিবহন আরও সহজ হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন