০২:০২ এম
নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযানে একটি আমেরিকান তৈরি পিস্তল, একটি এলজি, ১৩ রাউন্ড গুলি, ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
আরও পড়ুন: পাবনাবাসীর স্বপ্নপূরণের পথে নতুন অধ্যায়, জেলায় পৌঁছাল ট্রেন
জেলা পুলিশ জানায়, র্যাব, এপিবিএন ও আরআরএফের যৌথ সহায়তায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সপ্তাহব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে এক যুবককে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে পুলিশ। এ ঘটনায় নিহত যুবকের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল।
এ ছাড়া শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
অভিযানকালে জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা করা হয়েছে। এ সময় ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সপ্তাহব্যাপী অভিযানে আদালতের ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নতুন মামলা করা হয়েছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।
আরও পড়ুন: আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, আটজন আটক
পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, জেলা পুলিশ স্পষ্ট ভাষায় বলতে চাই, এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। নরসিংদী জেলাকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে। নরসিংদীকে মাদকমুক্ত গড়ে তুলব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন