১০:০৮ এম
নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যশোরে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এই ঘটনা ঘটে সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে।
নিহত ব্যক্তির নাম ইমামুল হোসেন, বয়স ৫০ বছর। তিনি ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
নিহতের ভাগনে সাদ্দাম হোসেন জানান, ইমামুলের নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ফারাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। গত বৃহস্পতিবার রাব্বি তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়। ইমামুল প্রতিবাদ করার পর বাপ্পি ও তার পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে।
এ ঘটনার জের ধরে সোমবার রাতে ৯টার দিকে রোহিতার স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পেছনে ইমামুলকে একা পেয়ে রাব্বি, রবিউল, হুসাইন, মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ইমামুলকে রাত ১০টা ৪৫ মিনিটের সময় হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ বলেন, ইমামুলের ডান পাশের পিঠে গুরুতর আঘাতের কারণে প্রচণ্ড রক্তক্ষরণ ঘটে। হাসপাতাল আসার আগেই তার মৃত্যু ঘটেছে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ গণমাধ্যমকে জানিয়েছেন, নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তরা ইমামুলকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন