১০:৩৮ পি.এম
সিরাজগঞ্জে অটোরিকশা চালক আসাদুল হত্যা মামলায় আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। পাশাপাশি, প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে এবং অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এ বিষয়ে নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের পরে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি বাদল মিয়া জোসুর খুনের রহস্য ৫ বছর পর উদঘাটন
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মনির হোসেন, শাহজাহান আলীর ছেলে আনছার আলী এবং হাবিবুর রহমানের ছেলে আব্দুল বাছেদ।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নিহত আসাদুল পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার শেরপুরে। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত তিনি সিএনজির মালিকের কাছে জমা না দেওয়ায়, সিএনজির মালিক আব্দুর রহমান ও পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। পরবর্তী দিন ১৭ ফেব্রুয়ারি ধুকুরিয়া গ্রামে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।
এই ঘটনায় চৌকিদার শ্রী শুকুমার চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা সিএনজি ছিনতাই করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সিএনজিটি ভাড়া নেন। পরে তারা চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যান।
এমই
আরও পড়ুন: সরকারি বাসার ভাড়াটিয়া ৩০ নভেম্বরের মধ্যে সরানোর নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন