০৩:২৯ পি.এম
ইসরাইল সরকারের উসকানি, হুমকি ও অপপ্রচার সত্ত্বেও তুরস্কের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না, এমনটি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক অধিদপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান।
তিনি রোববার তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোশ্যাল-এ একটি পোস্টে এ কথা বলেন। এই প্রতিক্রিয়া তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এবং ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মন্তব্যের প্রেক্ষাপটে এসেছে।
দুরান মন্তব্য করেন, কাৎজের ‘ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য’ ইসরাইল সরকারের রাজনৈতিক হতাশার প্রতিফলন। তিনি বলেন, অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠেয় ইসরাইলের নির্বাচনের আগে এমন বক্তব্য দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রিপাবলিকান সিনেটর জন কর্নিনের হাতে ট্রাম্পের বিচারক পদে মনোনয়ন আটকে গেল
তিনি আরও উল্লেখ করেন, গাজায় ইসরাইল সরকারের কর্মকাণ্ড এবং তাদের অব্যাহত আগ্রাসী নীতি আড়াল করতে তুরস্কের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা যাবে না। গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে তিনি গণহত্যামূলক যুদ্ধ হিসেবে অভিহিত করেন।
শান্তি ও যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশ্যে কাৎজের প্রকাশ্য মৃত্যুর হুমকির প্রসঙ্গ টেনে দুরান বলেন, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করার মানসিকতার প্রকাশ।
তিনি আরও বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ আন্তর্জাতিক জনমতের প্রতি প্রকাশ্য অবজ্ঞা। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার, ন্যায়বিচার এবং স্থায়ী শান্তির পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।
দুরান পুনর্ব্যক্ত করেন, ইসরাইল সরকারের হুমকি, উসকানি ও অপপ্রচার তুরস্ককে ন্যায়বিচারের পক্ষে অবস্থান থেকে সরাতে পারবে না।
আরও পড়ুন: নাৎসি বিতর্কের অবসানে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গঘের চিত্রকর্ম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন