সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪৯ পি.এম
যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
রোববার (২২ নভেম্বর) জেলার ৯টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে যশোর কোতোয়ালি থানার ছয়জন রয়েছেন। তাদের মধ্যে জেলা যুবলীগের শহর কমিটির সাবেক সভাপতি কামাল হোসেন পর্বত একটি মামলার এজাহারভুক্ত আসামি।
কোতোয়ালি থানায় আটক হওয়া অন্য পাঁচজন হলেন ফেরদৌস হোসেন, মুরাদ হোসেন মিলন, একলাস, আলম খন্দকার এবং আনসার হোসেন। পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার তদন্তে এসব ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, পুরাতন কসবা শহীদ মিনার এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করার অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি কামাল হোসেন পর্বত। তাকে ওই মামলায় আদালতে পাঠানো হবে। আটক হওয়া অপর পাঁচজনকেও পৃথক মামলায় আদালতে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানুষের বুদ্ধিমত্তাকে বহুগুণ ছাড়িয়ে যাওয়া সুপারইন্টেলিজেন্স-এর উত্থান খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে, মেটার শীর্ষ এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং সতর্ক করেছেন যে, মানবজাতির নিয়ন্ত্রণ এআইয়ের ওপর থেকে হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন। এর আগে, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের একজন কর্মী দাবি করেন যে, প্রতিষ্ঠানটির তৈরি এআই মডেল ক্লড (Claude) ব্যবহার করে তিনি গণিতের অন্যতম কঠিন সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধান করতে সক্ষম হয়েছেন।
আলেজান্ডার ওয়াংয়ের মতে, ‘বুদ্ধিবৃত্তিক সক্ষমতার বিচারে’ এই অগ্রগতি মানুষের যেকোনো অর্জনকে ছাড়িয়ে গেছে।
২৯ বছর বয়সি এই প্রযুক্তি নির্বাহী মন্তব্য করেন যে, নতুন প্রজন্মের এআই মডেলগুলো নিজেদের সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে স্পষ্টভাবে মানুষের চেয়ে এগিয়ে থাকবে। পাশাপাশি, জীববিজ্ঞান, অস্ত্র গবেষণা ও অর্থনীতির মতো বিভিন্ন ক্ষেত্রে গবেষণার গতিও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
ওয়াং বলেন, ‘সুপারইন্টেলিজেন্স আসছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আগামী এক বছরে মানবজাতি কীভাবে পদক্ষেপ নেবে, তার ওপর নির্ভর করবে ভবিষ্যতে আমরা কেমন পৃথিবীতে বসবাস করব।’
মেটায় যোগ দেওয়ার আগে ওয়াং এআই ডেটা প্রশিক্ষণ ও অবকাঠামো প্রতিষ্ঠান স্কেল এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। গত বছর তিনি মেটার প্রথম প্রধান এআই কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া প্রচারণা চালিয়ে সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারতের উগ্রবাদী সংগঠন ও নেতাদের এমন কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
এক বিবৃতিতে এনসিপি জানায়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।’ তিনি আরও বলেছেন, ‘শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে।’ পাশাপাশি বাংলাদেশের গণঅভ্যুত্থানকে বিদেশি শক্তির ষড়যন্ত্র এবং দেশের নির্বাচিত সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন।
বিবৃতিতে বলা হয়, ভারতের রাষ্ট্রীয় পর্যায়ের ‘গ্রিন সিগন্যাল’ বা প্রত্যক্ষ মদদ পেয়েই ওই বিধায়ক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ার সাহস দেখিয়েছেন বলে মনে করে এনসিপি।
দলটির অভিযোগ, পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে তা ভারতের কাছে তুলে ধরছে। এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড এবং ভারতীয় নেতাদের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মুক্তিকামী ও সার্বভৌমত্বকামী জনগণ অতীতের মতো ঐক্যবদ্ধভাবে সব ধরনের বহিরাগত হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে।
এনসিপি সরকারের কাছে দাবি জানিয়েছে, এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলে ভারতের হস্তক্ষেপমূলক ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি তুলে ধরতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার করেছে।
আজ সোমবার, পটুয়াখালীর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
দুদক জানায়, স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ কাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছ থেকে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন উপ-সহকারী প্রকৌশলী রুবেল খান।
ঘুষ দিতে অস্বীকৃতি জানালে, প্রকল্পের কাজে বাধা দেওয়ার পাশাপাশি বৈধ বিল আটকে রাখা এবং বিল অনুমোদনের সুপারিশ না করার হুমকি দিয়ে ঠিকাদারকে হয়রানি করেন তিনি।
এই ঘটনার পর ভুক্তভোগী ঠিকাদার দুদকের কাছে লিখিত অভিযোগ দাখিল করে, ঘুষ গ্রহণের সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ অভিযান পরিচালনার আবেদন করেন।
অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে আজ ফাঁদ অভিযান পরিচালনা করে দুদকের পটুয়াখালী কার্যালয়ের একটি দল। অভিযানের সময় রুবেল খানকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে জেলহাজতে পাঠানোর কার্যক্রম চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত মৌসুমে রসুন ও পেঁয়াজের দাম না পাওয়ার কারণে উৎপাদন খরচ তুলতে পারেননি অনেক কৃষক। নতুন মৌসুমে ধারদেনা করে আবারও আবাদে নামার আশায় ছিলেন তাঁরা। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে প্রকৃতি যেন সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে। জমিতে জমে থাকা পানিতে সদ্য রোপণ করা রসুন ও পেঁয়াজের বীজ ও চারা পচে যাচ্ছে। কোথাও সেচপাম্প বসিয়ে পানি সরানোর চেষ্টা চলছে, আবার কোথাও চোখের সামনেই নষ্ট হচ্ছে ধারদেনা করে গড়ে তোলা ফসলের ক্ষেত। সব মিলিয়ে নতুন করে লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন শরীয়তপুরের কৃষকেরা।
সোমবার (২৩ নভেম্বর) নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি পরিদর্শন করে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক জমি জলমগ্ন হয়ে রয়েছে। রসুন ও পেঁয়াজের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। কোথাও গাছের গোড়া পচে হলুদ হয়ে যাচ্ছে, কোথাও সদ্য গজানো চারা মাটিতে লুটিয়ে পড়েছে। জমি থেকে পানি সরাতে কেউ সেচপাম্প বসিয়েছেন, কেউ নিজের মতো করে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। তবে পানি সরানোর চেষ্টা করেও অনেক জমির ফসল রক্ষা করতে পারছেন না কৃষকেরা।
নড়িয়া উপজেলার মীরবহর কান্দি এলাকার কৃষক সমেদ মিয়ার এবারের রসুন আবাদ ছিল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ১৬০ শতাংশ জমিতে রসুন চাষ করতে তাঁর খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। পুরো টাকাই ধারদেনা করে জোগাড় করেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে তাঁর ১২০ শতাংশ জমির রসুন পানির নিচে তলিয়ে গেছে। টিকে আছে মাত্র ৪০ শতাংশ জমির ফসল। নিজের ক্ষতিগ্রস্ত জমির দিকে তাকিয়ে হতাশ সমেদ মিয়া বলেন, "এক কানি (১৬০ শতাংশ) জমির মধ্যে গন্ডা পাঁচেক (৪০ শতাংশ) জমি শুধু টিকে আছে। বাকি সব পানিতে নষ্ট হয়ে গেছে। এক লাখ টাকার সবই ধার করে রসুন আবাদ করেছি। এখন আমাগো কোনো গতি নাই। সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে অনেক উপকার হবে।"
একই উপজেলার ডগ্রি এলাকার কৃষক আহম্মদ খাঁর অবস্থাও প্রায় একই। এক সপ্তাহ আগে দুই বিঘা জমিতে রসুনের আবাদ করেছিলেন তিনি। কিন্তু টানা বৃষ্টিতে তাঁর পুরো ক্ষেতই এখন পানির নিচে। জমিতে জমে থাকা পানি সরাতে সেচপাম্প বসিয়েছেন। পানি কমলে কিছু রসুন বাঁচানো যাবে—এমন আশায় এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
আহম্মদ খাঁ বলেন, "এইবার আমাগো অনেক বড় ক্ষতি হইলো। গতবার রসুন আবাদ করে খরচই ওঠে নাই। এবার আশা কইরা লাগাইছিলাম। এমন ক্ষতি হইবো ভাবতে পারি নাই। আমাগো আশা, কৃষি বিভাগ যেন বিনামূল্যে নতুন করে বীজ আর সার দেয়।"
আরেক কৃষক রফিক ফরাজী বলেন, "উঁচু জমির কিছু ফসল হয়তো টিকবো, কিন্তু নিচু জমির সব ফসল পানিতে তলাইয়া পইচ্চা যাইবো। আমাগো অনেক ক্ষতি হইছে। আবার নতুন কইরা জমি ভাইঙ্গা লাগাইতে হইবো। এতে অনেক টাকা খরচ আছে।"
কৃষকদের আশঙ্কা, জমির পানি দ্রুত না নামলে রসুন ও পেঁয়াজের আরও বেশি চারা নষ্ট হবে। নতুন করে আবাদ করতে হলে জমি প্রস্তুত, বীজ ও সার কেনাসহ বাড়তি খরচের চাপ সামলাতে হবে। আগের মৌসুমের লোকসানের বোঝা মাথায় নিয়েই নতুন করে এই ক্ষতির মুখে পড়ায় অনেক কৃষকের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শরীয়তপুর জেলায় ৪ হাজার ৭০৬ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ ৪ হাজার ৩৫০ হেক্টর, হালি পেঁয়াজ ৩৫০ হেক্টর এবং বীজ উৎপাদনের জন্য ৬ হেক্টর জমি রয়েছে। এ ছাড়া ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে টানা বৃষ্টিতে শুধু রসুন ও পেঁয়াজ নয়, সরিষা ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, বৃষ্টিতে জেলার ১৪২ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নিরূপণ ও কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহীদুল আলম বলেন, "টানা বৃষ্টিপাতে শরীয়তপুরের বেশ কিছু ফসলি জমি, বিশেষ করে রসুন, পেঁয়াজ, সরিষা ও সবজির ক্ষেত আক্রান্ত হয়েছে। আবহাওয়া ভালো হলে কিছু জমির ফসল টিকে যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অধিদপ্তরের সঙ্গে কথা বলে তাঁদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।"
একদিকে আগের মৌসুমের লোকসান, অন্যদিকে নতুন করে বৃষ্টির ক্ষতি—সব মিলিয়ে দিশেহারা শরীয়তপুরের কৃষকেরা। তাঁদের এখন একটাই প্রত্যাশা, দ্রুত জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা। তা না হলে ধারদেনা করে আবাদ করা ফসল হারানোর পাশাপাশি নতুন করে চাষাবাদের খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়বে তাঁদের জন্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ