০৫:২২ পি.এম
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিক্স প্রতিযোগিতা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬-এ বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর দল ‘ইউআইইউ মার্স রোভার টিম’ বিশ্বব্যাপী টানা দ্বিতীয়বারের মতো তৃতীয় স্থান অর্জন করেছে।
যুক্তরাষ্ট্রের উটাহে আয়োজিত এই প্রতিযোগিতায় দলটি ৯৬.৬৩ স্কোর পেয়ে তৃতীয় স্থানের গৌরব অর্জন করে। প্রথম স্থানে যুক্তরাষ্ট্রের মিসৌরি এসঅ্যান্ডটি মার্স রোভার ডিজাইন টিম রয়েছে এবং দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার মোনাস নোভা রোভার অবস্থিত।
এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১১৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে মাত্র ৩৮টি শীর্ষ দল যুক্তরাষ্ট্রের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়। সেখানে হাড্ডাহাডি লড়াইয়ে বাংলাদেশ তৃতীয় অবস্থানে পৌঁছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দলের প্রতিনিধিরা বলেন, “বিশ্বমঞ্চে আমাদের দলের পতাকা উত্তোলন এবং তা ওড়ানোর যে অনুভূতি, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সেখানে গিয়েছি, লড়াই করেছি এবং দেশের জন্য ইতিহাস ছিনিয়ে এনেছি।”
বিশ্বমঞ্চে এই বিজয়ের প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, “এই মাইলফলক ছাত্র, মেন্টর, অ্যালামনাই এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, সঠিক নির্দেশনা ও বিনিদ্র রজনীর ফল। এ বিজয় প্রমাণ করে, কেবল উন্নত রোবোটিক্সের ভবিষ্যতে অংশ নিচ্ছে না বরং এতে নেতৃত্ব দেয়ার যোগ্যতাও রাখে বাংলাদেশ।”
অসাধারণ নেভিগেশন, পারসেপশন ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা প্রদর্শন করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর দল ‘ইউআইইউ মার্স রোভার টিম’ প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ ‘সেরা স্বয়ংক্রিয় সিস্টেম’ (বেস্ট অটোনোমাস সিস্টেম) এর বিশেষ স্বীকৃতি বাংলাদেশের জন্য অর্জন করেছে। এ অর্জনে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার সেরা দল হওয়ার মুকুট ধরে রেখেছে।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের আরও দুটি দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ব্র্যাক ইউনিভার্সিটির দল ‘ব্র্যাকইউ মঙ্গল-তরী’ বিশ্বব্যাপী সপ্তম স্থান এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর দল ‘এমআইএসটি মঙ্গল বারতা’ ১১তম স্থান অর্জন করেছে এই বিশ্বমন্ডলীন মঙ্গল অভিযান প্রতিযোগিতায়।
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন