ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাঘায় চার শতাধিক অসহায়দের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ


বাঘায় চার শতাধিক অসহায়দের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ

রাজশাহীর বাঘায় সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের সহায়তায় আমেরিকান সাহায্য সংস্থা 'ইকো' এগিয়ে এসেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে, সংস্থাটির উদ্যোগে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে চার শতাধিক অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুল মোমিন ওলি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আবু আনসারি পলাশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আবু আনসারি পলাশ মন্তব্য করেন, "সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে ইকোর মতো সংগঠনগুলোর মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।" তিনি সকলকে এধরণের মানবসেবামূলক কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, "এমন কার্যক্রম অব্যাহত থাকলে সমাজকল্যাণে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।" এই উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে সহযোগি সংস্থা আমান দ্বারা।

আরও পড়ুন: আ.লীগ নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ, নিষিদ্ধ কার্যক্রমে জড়িত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুজানগরে বেত ও বাঁশ শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত, শিল্পীরা বেকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


সুজানগরে বেত ও বাঁশ শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত, শিল্পীরা বেকার

পাবনার সুজানগরে এক সময়ের অত্যন্ত জনপ্রিয় বেত ও বাঁশ শিল্পের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে, এলাকা থেকে দিন দিন বেত ও বাঁশঝাড় উজাড় হয়ে যাওয়ার কারণে এই শিল্পটি মুখ থুবড়ে পড়ছে।

উপজেলার মানিকহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই জানিয়েছেন, এক সময় উপজেলার গ্রাম-গঞ্জের প্রতিটি বাড়িতে প্রচুর পরিমাণে বেত ও বাঁশঝাড় দেখা যেত। এসব বেত ও বাঁশঝাড় কখনও প্রাকৃতিকভাবে আবার কখনও ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হতো। সেই সময় উপজেলার প্রায় ২০০টিরও বেশি পরিবার বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। গ্রাম-গঞ্জে তাদের তৈরি বাঁশ ও বেতের দাঁড়িপাল্লা, ধান-চাল ওজন করা কাঠা, ধামা, ঝুড়ি, ডালি, টোবা, খাঁচি, কুলা, চালন ও দোলনাসহ বিভিন্ন আসবাবপত্রের ব্যাপক চাহিদা ছিল।

এছাড়া, সে সময় বিত্তবান এবং অভিজাত পরিবারে বেতের তৈরি চেয়ার, টেবিল, সোফাসেট এমনকি খাট-পালংও শোভা পেতো। উপজেলার মানিকদীর গ্রামের বেতশিল্পী মাধব দাস জানিয়েছেন, আধুনিক এবং বিজ্ঞানের উন্নত প্রযুক্তির এই যুগেও বাঁশ ও বেতের তৈরি জিনিসের যথেষ্ট কদর রয়েছে। কিন্তু প্রয়োজনীয় পরিচর্যা এবং রক্ষণা-বেক্ষণের অভাবে বাঁশ ও বেতঝাড় উজাড় হয়ে যাওয়ায় তারা চাহিদামতো বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরি করতে পারছেন না।

এতে বাঁশ ও বেতশিল্পীরা দিন দিন বেকার হয়ে পড়ছেন। এই অবস্থায় অনেকেই পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন বলেও তিনি জানান। তবে এখনও এঁদের মধ্যে ২-৪ জন গ্রাম-গঞ্জ ঘুরে বাঁশ ও বেত সংগ্রহ করে আবার কেউ কেউ দূর থেকে কিনে এনে পৈতৃক পেশায় নিয়োজিত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, দুইজনের ১০ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, দুইজনের ১০ মাসের কারাদণ্ড

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে। অভিযান চলাকালে ভেজাল গুড় তৈরির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ১০ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় উপজেলার বাউসা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে বকুল হোসেন ও ফজলুর রহমান নামের দুই ব্যক্তি রয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে বিপুল পরিমাণ ভেজাল গুড়, কৃত্রিম রং, কেমিক্যাল, চুন, চিনি ও ময়দা জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নওগাঁর মান্দায় সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নওগাঁর মান্দায় সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের কারণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় লোকজন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন। উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী দেওয়ানপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আফসার আলী প্রতিপক্ষের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আফসার আলী অভিযোগ করেছেন যে, দোডাঙ্গী মৌজার ১০৬৬ নম্বর দাগে নুরুদ্দীন প্রামাণিক ও সামসুদ্দীন প্রামাণিকের মালিকানায় ৪ দশমিক ৪২৭ শতাংশ জমি রয়েছে। কিন্তু তাঁরা প্রায় ৮ শতাংশ জমি দখলে রেখে ভোগদখল করছেন। এ বিষয়টি নিয়ে নওগাঁ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা চলমান রয়েছে। মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে উভয় পক্ষের ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন।

আফসার আলী বলেন, "আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গত বুধবার (২৫ নভেম্বর) থেকে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে ইট দিয়ে পাকা সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাঁরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।" এই ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে নুরুদ্দীন প্রামাণিক বলেছেন, "এ সম্পত্তিতে আমড়া দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছি। বসতবাড়ির নিরাপত্তার জন্য সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে।" এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাটে আমের বাগান কমছে, বিকল্প চাষে ঝুঁকছেন কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


চারঘাটে আমের বাগান কমছে, বিকল্প চাষে ঝুঁকছেন কৃষকরা

রাজশাহীর চারঘাট উপজেলা একসময় আমের জন্য দেশের মধ্যে পরিচিত ছিল। এখানে বিস্তীর্ণ এলাকায় ছিল আমের বাগান। আমের মৌসুম এলেই বাগানগুলোতে চাষি, ব্যবসায়ী ও শ্রমিকদের ব্যস্ততা বৃদ্ধি পেত। তবে সময়ের সাথে সাথে সেই চিত্র পরিবর্তিত হচ্ছে। উৎপাদন খরচের বৃদ্ধি, বাজারে ন্যায্যমূল্য না পাওয়া, রপ্তানি সংকট এবং সংরক্ষণ সুবিধার অভাবে কৃষকরা আম চাষে আগ্রহ হারাচ্ছেন। লোকসান সামাল দিতে অনেক কৃষক বাগান কেটে অন্য ফসল চাষে অথবা জমি লিজ দিতে বাধ্য হচ্ছেন। এর ফলে চারঘাটের আমবাগানের পরিমাণ ক্রমাগত কমে যাচ্ছে।

আমচাষিরা জানান, উৎপাদন খরচ এবং বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকায় আম চাষ এখন অনেকের জন্য লোকসানের ব্যবসায় পরিণত হয়েছে। সার, কীটনাশক, সেচ, শ্রমিক এবং পরিচর্যার খরচ বেড়ে গেছে। অথচ মৌসুমে বাজারে আমের সরবরাহ বেশি থাকায় প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে চারঘাট থেকে ৪০ টনের বেশি আম রপ্তানি হয়েছিল। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৩ টনের কিছু বেশি। ২০২৪-২৫ অর্থবছরের জন্য রপ্তানির কোনো তথ্য পাওয়া যায়নি। চাষিদের অভিযোগ, ল্যাব পরীক্ষা, প্যাকিং এবং পরিবহনসংক্রান্ত জটিলতায় বিদেশে আম রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে রপ্তানির সম্ভাবনা থাকলেও স্থানীয় চাষিরা তার সুফল পাচ্ছেন না।

শলুয়া এলাকার আমচাষি রাজা মিয়া বলেন, "ঢাকায় আম পাঠানোর পর বিভিন্ন প্রক্রিয়ায় দেরি হওয়ার কারণে অনেক সময় আম নষ্ট হয়ে ফেরত আসে।" তিনি আরও জানান, রাজশাহীতে আধুনিক প্যাকিং হাউজ থাকলে এ ধরনের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হত। রাওথা গ্রামের চাষি শফিকুল ইসলাম জানান, সাড়ে তিন বিঘা আমবাগানে প্রায় ৪০ হাজার টাকা খরচ করেও তিনি আম বিক্রি করে পেয়েছেন মাত্র ২৮ হাজার টাকা। লোকসানের কারণে শেষ পর্যন্ত বাগান কেটে ঋণ পরিশোধ করতে হয়েছে তাঁকে।

একই পরিস্থিতিতে বিকল্প আয়ের পথ খুঁজছেন অনেকে। কেউ পেয়ারা, বরই ও ড্রাগন ফল চাষ করছেন, আবার কেউ জমিতে সবজি উৎপাদনে ঝুঁকছেন। বাসুদেবপুরের ইমরান আলী সাড়ে সাত বিঘা আমবাগান কেটে জমি লিজ দিয়েছেন। তাঁর ভাষ্য, "এতে বছরে দুই লাখ টাকার বেশি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।"

এদিকে চারঘাটে আধুনিক কোল্ড স্টোরেজের অভাবে আম সংরক্ষণের সুযোগ সীমিত। ফলে চাষিদের মৌসুমের মধ্যেই কম দামে আম বিক্রি করতে বাধ্য হতে হচ্ছে। বানেশ্বর হাটের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, "আধুনিক সংরক্ষণাগার থাকলে অন্তত ২৫ থেকে ৩০ শতাংশ আম সংরক্ষণ করে পরে বিক্রির সুযোগ তৈরি হত।" এতে বাজারে একসঙ্গে আমের সরবরাহের চাপও কমত।

সংশ্লিষ্টরা বলছেন, আমবাগান শুধুমাত্র ফল উৎপাদনের উৎস নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও পরিবহনকর্মীসহ হাজারো মানুষের জীবিকা। বাগান কমতে থাকলে এই অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। রাজশাহী অর্গানিক ফুডের পরিচালক ওবাইদুর রহমানের মতে, আমবাগান হারিয়ে গেলে চারঘাটের কৃষি অর্থনীতি ও ঐতিহ্য বড় ধরনের সংকটে পড়বে। এছাড়া নির্বিচারে গাছ কাটা অব্যাহত থাকলে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত দুই বছরে চারঘাটে প্রায় ২০৪ হেক্টর আমবাগান কেটে ফেলা হয়েছে। এভাবে বাগান উজাড় হতে থাকলে ভবিষ্যতে আম উৎপাদনে উপজেলার অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, আমবাগান কমে যাওয়ার বিষয়টি কৃষি বিভাগের নজরে রয়েছে। তিনি জানান, আমচাষিদের উৎপাদন খরচ কমানো, আধুনিক পদ্ধতিতে বাগান পরিচর্যা এবং উৎপাদিত আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে। কৃষকদের আম চাষে আগ্রহ ধরে রাখতে এবং বাগান সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%