ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সৌদি আরবে প্রাচীন মুসলিম হজের পথের সন্ধানে নতুন খননকাজ


সৌদি আরবে প্রাচীন মুসলিম হজের পথের সন্ধানে নতুন খননকাজ

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন মুসলিমদের হজযাত্রা ও বাণিজ্যপথের সন্ধানে নতুনভাবে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে আল-উলা ও খায়বার অঞ্চলে এই গবেষণায় অংশগ্রহণ করছেন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের রয়্যাল কমিশন ফর আল-উলা (আরসিইউ) গত ২১ অক্টোবর নতুন গবেষণা মৌসুমের কার্যক্রম শুরু করে। এই গবেষণার আওতায় প্রাচীন জনপদ, মরূদ্যানকেন্দ্রিক বসতি, হজযাত্রার পথ, বাণিজ্য এবং ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

গবেষণার অন্যতম প্রধান লক্ষ্য হলো দক্ষিণ আল-উলার প্রাচীন যাতায়াতপথ চিহ্নিত করা। এ লক্ষ্যে আল-বাদাই ও জুমুররুদ দুর্গের মধ্যবর্তী ১০০ কিলোমিটারের বেশি এলাকায় প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালিত হচ্ছে। গবেষকেরা প্রাচীন দুর্গ, পুরোনো রেলস্টেশন ও অন্যান্য নিদর্শন পরীক্ষা করে ইসলামি যুগসহ বিভিন্ন সময়ের উত্তর-দক্ষিণ যোগাযোগপথের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন।

আরও পড়ুন: ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে

অন্যদিকে, খায়বার অঞ্চলে প্রাচীন বসতি ও ইসলামি যুগের জনপদ নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। পাশাপাশি হেগরা ও দাদান এলাকায় খননকাজের মাধ্যমে প্রাচীন মানুষের জীবনযাপন, বসতি এবং সমাধিক্ষেত্র সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আল-উলা অঞ্চলে ইতোমধ্যে ২৫ হাজারের বেশি প্রাচীন শিলালিপি নথিভুক্ত করা হয়েছে। গবেষকদের আশা, এসব শিলালিপি বিশ্লেষণের মাধ্যমে ওই অঞ্চলের প্রাচীন ভাষা, সংস্কৃতি, বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করার কাজও চলছে। গবেষকদের মতে, এসব উদ্যোগের মাধ্যমে প্রাচীন আরবের যোগাযোগব্যবস্থা, হজযাত্রার ইতিহাস এবং ইসলামি সভ্যতার বিকাশ সম্পর্কে আরও বিস্তৃত ধারণা পাওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: বিদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যাজলউডের দাবি, বল বিকৃতির বিষয়ে জানতেন না অস্ট্রেলিয়ান পেসার কামিন্সের পাশে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


হ্যাজলউডের দাবি, বল বিকৃতির বিষয়ে জানতেন না অস্ট্রেলিয়ান পেসার কামিন্সের পাশে

স্যান্ডপেপার-কাণ্ডের পুরনো ক্ষত শুকানোর আগেই নতুন করে অস্ট্রেলীয় ক্রিকেটে শুরু হয়েছে খোঁচাখুঁচি। উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর থেকে অধিনায়ক প্যাট কামিন্স সতীর্থদের বক্তব্যের কারণে চাপের মুখে পড়েছেন।

তবে কামিন্সের পাশে দাঁড়িয়েছেন জশ হ্যাজলউড। তিনি জানিয়েছেন, যদি কামিন্সকে অধিনায়কের পদ থেকে সরানো হয়, তাহলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন। একই সঙ্গে ২০১৮ সালের বল টেম্পারিংয়ের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা ও ঘটনা সম্পর্কে জানার অভিযোগ তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন।

নিউজ কর্পকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজলউড বলেন, ‘গত কয়েক দিনে বিভিন্ন মানুষের কাছ থেকে যেন একের পর এক আক্রমণ আসছে। আমি প্যাটের পাশে থাকতে চাই। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে সে যা বলেছে, অধিনায়ক হিসেবে গত পাঁচ-ছয় বছরে যা করেছে, সবকিছুকেই আমি সমর্থন করি। দলকে এখন যে অবস্থানে নিয়ে এসেছে, তাতে এমন ঘটনা (স্যান্ডপেপার-কাণ্ড) আর কখনো ঘটবে না—এটা নিশ্চিত করা তার অসাধারণ কাজ। সে দারুণ একজন নেতা। দলের প্রত্যেককে জিজ্ঞেস করলেও একই উত্তর পাবেন।’

স্যান্ডপেপার বিতর্ক নতুন করে সামনে আসার কারণে অনেকেই কামিন্সের পদত্যাগের কথা বলছেন। হ্যাজলউড জানিয়েছেন, যদি তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কামিন্সের অধিনায়কত্ব নিয়ে হ্যাজলউড বলেছেন, ‘প্রথম টেস্ট খেলতে গিয়ে যদি দেখি প্যাট অধিনায়ক নেই, অন্য কেউ দায়িত্বে আছে, সত্যি বলতে জানি না তখন পরিস্থিতি কেমন হবে। আমাকে সেই অবস্থায় পড়তে হলে সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টি নিয়ে ভাবতে হবে।’

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন হ্যাজলউড। তার ভাষায়, ‘স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনায় আমি জড়িত ছিলাম না। মাঠে স্যান্ডপেপার বা অন্য কোনো বস্তু ব্যবহারের বিষয়েও জানতাম না।’

ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক বক্তব্যেরও পাল্টা যুক্তি দিয়েছেন তিনি। তার দাবি, বল রিভার্স সুইং করছে কি না, এমন প্রশ্ন করা স্বাভাবিক। তবে সেটিকে স্যান্ডপেপার ব্যবহারের প্রমাণ বলা যায় না।

এ ছাড়া স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের নিষেধাজ্ঞাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন হ্যাজলউড। স্যান্ডপেপার বিতর্কে নতুন করে তদন্তের বদলে স্বাধীন ফোরামে অভিজ্ঞতা তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে পুরনো কেলেঙ্কারিতে অস্ট্রেলীয় ক্রিকেটের অস্বস্তি আপাতত কাটছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলন্ত ট্রাকের ধাক্কায় ৭০ মাইল পাড়ি দিয়ে অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ এম


চলন্ত ট্রাকের ধাক্কায় ৭০ মাইল পাড়ি দিয়ে অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি শিংওয়ালা পেঁচা চলন্ত ট্রাকের ধাক্কা খেয়ে অলৌকিকভাবে বেঁচে গেছে। ট্রাকটি ঘণ্টায় ৬৫ মাইল গতিতে চলছিল এবং পাখিটি ট্রাকের সামনের নিচের অংশে আটকে প্রায় ৭০ মাইল পথ অতিক্রম করেছে।

ট্রাকচালক অ্যাশলি মফিট অন্ধকারে পেঁচাটিকে ধাক্কা দেওয়ার বিষয়টি বুঝতে পারলেও, সেটি ট্রাকের সামনের অংশে আটকে আছে, তা তিনি বুঝতে পারেননি। ট্রাকটি গন্তব্যে পৌঁছানোর পর কর্মীরা পাখিটিকে দেখতে পান। পরে পেঁচাটিকে উদ্ধার করে রেভেন রিজ বন্যপ্রাণী কেন্দ্রে নেওয়া হয়।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। বন্যপ্রাণী কেন্দ্রটি পরদিন সোমবার (১৬ নভেম্বর) ঘটনাটি প্রকাশ করে।

বন্যপ্রাণী কেন্দ্রের কর্মীরা জানান, পেঁচার পালক এলোমেলো হয়ে গেলেও, তার ডানা বা পায়ে কোনো হাড় ভাঙেনি এবং শরীরেও বড় কোনো ক্ষত নেই। তবে পাখিটি বাঁ চোখে আঘাত পেয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। দৃষ্টিশক্তি স্বাভাবিক আছে কি না, তা নিশ্চিত হওয়ার পর পেঁচাটিকে ধাক্কা দেওয়ার স্থানে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র: ইকোনমিক্স টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি নিবন্ধনে কোন খাতে কত টাকা দিতে হয় জানুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ এম


জমি নিবন্ধনে কোন খাতে কত টাকা দিতে হয় জানুন

জমি কেনার সিদ্ধান্ত নেওয়ার পর ক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জমি নিবন্ধন বা রেজিস্ট্রি করতে মোট কত টাকা খরচ হবে? অনেক ক্রেতা জমির দাম সম্পর্কে অবগত থাকলেও দলিল নিবন্ধনের সময় সরকারি ফি, কর ও অন্যান্য খরচের বিষয়ে পরিষ্কার ধারণা রাখেন না। এর ফলে দলিল সম্পাদনের সময় অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে প্রতারণার শিকারও হতে হয়।

জমি নিবন্ধনের খরচ বিভিন্ন কারণে নির্ভর করে, যেমন জমির অবস্থান, মৌজা, জমির শ্রেণি, দলিলে উল্লেখ করা মূল্য এবং সংশ্লিষ্ট এলাকার নির্ধারিত সরকারি মৌজা মূল্য। এর সঙ্গে নিবন্ধন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকার কর, উৎসে করসহ কয়েক ধরনের খরচ যুক্ত হয়।

সুতরাং, জমি কেনার পূর্বে এসব খরচের হিসাব জানা অত্যন্ত জরুরি। চলুন জেনে নেওয়া যাক, জমি রেজিস্ট্রি করতে কোন কোন খাতে টাকা দিতে হয় এবং কীভাবে মোট খরচের হিসাব করবেন।

জমি নিবন্ধনের খরচ কোন কোন খাতে দিতে হয়?

নিবন্ধন অধিদপ্তরের ওয়েবসাইটে হালনাগাদ করা দলিল নিবন্ধন ফি, স্ট্যাম্প শুল্ক ও করের তালিকা পাওয়া যায়। জমি কেনাবেচার প্রচলিত সাফ-কবলা দলিলের ক্ষেত্রে প্রধান খরচগুলো হলো:

স্ট্যাম্প শুল্ক: দলিলের নির্ধারিত মূল্যের ওপর প্রযোজ্য হারে স্ট্যাম্প শুল্ক প্রদান করতে হয়।

রেজিস্ট্রেশন ফি: জমির দলিল নিবন্ধনের জন্য নির্ধারিত ফি দিতে হয়। সাধারণ সাফ-কবলা দলিলের ক্ষেত্রে এটি দলিল মূল্যের ১ শতাংশ।

স্থানীয় সরকার কর: জমি কোন এলাকার মধ্যে অবস্থিত, তার ওপর এ করের হার নির্ভর করে। সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ এলাকার ক্ষেত্রে হারে পার্থক্য রয়েছে।

উৎসে কর: জমি হস্তান্তরের সময় আয়কর আইন অনুযায়ী বিক্রেতার কাছ থেকে উৎসে কর আদায় করা হয়। জমির অবস্থান, মৌজা ও নির্ধারিত মূল্য অনুসারে এ করের পরিমাণ পরিবর্তিত হয়। অনেক ক্ষেত্রে জমি রেজিস্ট্রির খরচের বড় অংশই হয় এই কর।

অন্যান্য ফি: দলিলের পৃষ্ঠা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোর ওপর নির্ভর করে ই-ফি, এন-ফি, এনএন-ফি, হলফনামার স্ট্যাম্প ও কোর্ট ফি দিতে হয়।

সরকারি ফি ও করের হালনাগাদ তালিকা দেখতে পারেন নিবন্ধন অধিদপ্তরের ওয়েবসাইটে।

জমির দামের কত শতাংশ খরচ হয়?

হালনাগাদ প্রতিবেদনে নিবন্ধন অধিদপ্তরের নতুন মূল্য নির্ধারণ পদ্ধতি ও রেজিস্ট্রেশন খরচের হিসাব তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ১০ পৃষ্ঠার একটি দলিলের জন্য নিম্নলিখিত হার উল্লেখ করা হয়েছে।

ভ্যাট প্রযোজ্য ক্ষেত্রে

এখানে একটি বিষয় মনে রাখতে হবে, জমির দাম অনুযায়ী হিসাব করা তিনটি প্রধান খাতে মোট খরচ দাঁড়ায় ৪.৫ থেকে ৫.৫ শতাংশ। এর সঙ্গে উৎসে কর এবং অন্যান্য নির্ধারিত ফি যোগ হবে। ফলে সব জমির রেজিস্ট্রেশন খরচ একই হবে না।

উৎসে কর কত টাকা দিতে হয়?

জমি রেজিস্ট্রির খরচের হিসাব করতে গিয়ে অনেকেই উৎসে কর নিয়ে বিভ্রান্ত হন। অনেকে একে গেইন ট্যাক্স বা ভূমি হস্তান্তর কর বলেও জানেন।

আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারায় সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর আদায়ের বিধান রয়েছে। জমির অবস্থান ও সংশ্লিষ্ট এলাকার জন্য নির্ধারিত মূল্য অনুসারে এ করের পরিমাণ নির্ধারিত হয়। কিছু ক্ষেত্রে প্রতি শতাংশ জমির জন্য নির্ধারিত অঙ্ক এবং দলিলে উল্লেখ করা মূল্যের ওপর নির্ধারিত শতাংশের মধ্যে যেটি প্রযোজ্য, সেটি বিবেচনা করতে হয়।

এ কারণে শুধুমাত্র জমির মোট দাম দিয়ে উৎসে করের সঠিক হিসাব করা সম্ভব নয়। জমিটি কোন জেলা, উপজেলা, মৌজা ও নির্দিষ্ট এলাকায় অবস্থিত, তা জানা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত, মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত, মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর

গোপালগঞ্জে বাস এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন খুলনার শিরোমণি এলাকার মো. কাউসারের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং অন্যজন হলেন খুলনার পাইকগাছা উপজেলার মোহাম্মদ টুটুল সরদারের ছেলে রিফাত সরদার (২৫)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে খুলনার দিকে যাত্রা করা বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলে দুজনই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%