মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯:৪৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে সদর মডেল থানাধীন নয়নশুকা সোলেমান মন্ডলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআরবি-র (SRB) একটি দল সার্বিক সহযোগিতা করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আলীশাহ আলম (৪৮)। তিনি ওই এলাকার মৃত আজিজুর রহমান ও মোসা. রোফিনা বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নয়নশুকা সোলেমান মন্ডলপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বড় প্লাস্টিকের ড্রামের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫.৫ কেজি গাঁজা উদ্ধারসহ আলীশাহ আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্প্যানিশ ফুটবলে রেফারিং এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এবার নিজেদের বার্ষিক সাধারণ সভায় তুলে ধরেছে রিয়াল মাদ্রিদ। শনিবার অনুষ্ঠিত ক্লাবের সভায় লা লিগায় ভিএআর চালুর পর বাতিল হওয়া গোলের একটি পরিসংখ্যানচিত্র তারা প্রকাশ করেছে। ওই পরিসংখ্যানে দেখা যায়, ২০১৮-১৯ মৌসুম থেকে ভিএআরের সিদ্ধান্তের কারণে রিয়ালের ৪২টি গোল বাতিল হয়েছে। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ক্ষেত্রে বাতিল হওয়া গোলের সংখ্যা ১৯।
অর্থাৎ, বার্সেলোনার তুলনায় ২৩টি বেশি গোল বাতিল হয়েছে রিয়ালের। ক্লাব সদস্যদের সামনে উপস্থাপিত ওই চার্টে লা লিগার দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোল বাতিল হওয়ার তালিকায় রিয়াল মাদ্রিদ শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল, যেখানে দুই দলের বাতিল হওয়া গোলের সংখ্যা ২২।
সভায় রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ স্প্যানিশ রেফারিং ব্যবস্থা এবং চলমান নেগ্রেইরা মামলার বিষয়ে আবারও সমালোচনা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে, ভিএআর চালুর পর অন্য ক্লাবগুলোর তুলনায় রিয়ালের বেশি গোল বাতিল হওয়ার বিষয়টি।
প্রকাশিত পরিসংখ্যানের ভিত্তিতে বার্সেলোনার সঙ্গে তুলনা করেছে রিয়াল। তাদের দাবি, ভিএআরের সিদ্ধান্তে বাতিল হওয়া গোলের সংখ্যা বার্সেলোনার দ্বিগুণেরও বেশি। তবে এই পরিসংখ্যান একাই রেফারিংয়ের পক্ষপাত বা ভুল সিদ্ধান্তের প্রমাণ নয়; এটি কেবল ভিএআরের মাধ্যমে বাতিল হওয়া গোলের সংখ্যা তুলনার উদ্দেশ্যে।
মাঠের লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। ১২ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ রয়েছে ৩০ পয়েন্ট নিয়ে। ফলে শিরোপার দৌড়ের পাশাপাশি দুই ক্লাবের মাঠের বাইরের এই বিরোধও নতুন করে আলোচনায় এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় ঢাকা জেলা পুলিশ পাঁচজন শ্রমিক ফেডারেশনের নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে দুজনকে ১৭ নভেম্বর রাতে রাজধানীর মিরপুরের পল্লবী থানার একটি বাসা থেকে আটক করা হয়। অন্য তিনজনকে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের ১৯ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস (৫১) এবং কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম (৫০)। অপর তিনজন হলেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮), বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬) এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম (৩৭)।
পুলিশের তথ্যমতে, ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে সাভার ও আশুলিয়ায় পোশাকশিল্পে অস্থিরতার বিভিন্ন ঘটনায় শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের পাঁচটি গাড়ি এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি পুলিশ গাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়।
এসব ঘটনায় শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের প্রায় ৫০ সদস্য বিভিন্ন মাত্রায় আহত হন। এছাড়া, আশুলিয়া থানার একটি মামলায় সংঘবদ্ধ অপরাধীদের হামলায় এক পোশাকশ্রমিক নিহত হওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ নভেম্বর বেলা ১১টার দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার পোশাক শ্রমিক ও অন্যান্য ব্যক্তি সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে বিক্ষোভকারীদের একটি অংশ ইটপাটকেল, ককটেল ও পেট্রোলবোমা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপ ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুরুতর আহত হন। এ ছাড়া ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য আহত হন।
এই ঘটনায় ৫ নভেম্বর সাভার মডেল থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় ইলিয়াস ও সুলতানা বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে পল্লবী থানার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কারখানার মালিকদের কাছ থেকে চাঁদা আদায় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তদন্তে ঘটনার সঙ্গে তাদের উপস্থিতি ও সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে, ৩ নভেম্বর আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়া থানায় ২ নম্বর মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ৪০০ থেকে ৫০০ বিক্ষুব্ধ শ্রমিক লাঠি, ইট, পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাধা দিতে গেলে কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় কারখানার প্রশাসনিক মহাব্যবস্থাপকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। কারখানার ফটকে আগুন দেওয়া হয় এবং পরে ভেতর থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে স্থানীয়ভাবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ বলেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমিক সংগঠনের সদস্য হওয়া কিংবা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার কারণে কাউকে গ্রেফতার করা হয়নি।
শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ ও ন্যায্য অধিকার আদায়ের দাবিকে পুলিশ সম্মান করে এবং তা সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সহিংসতা, অগ্নিসংযোগ এবং পুলিশসহ অন্যদের ওপর হামলার অভিযোগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের দাবি, সংশ্লিষ্ট কারখানার মালিক, শ্রমিক ও অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া গেছে, কয়েকজন ফেডারেশন নেতা সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবিকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছেন। আন্দোলনে যোগ দিতে বা নীরব থাকতে শ্রমিকদের চাপ ও হুমকি দেওয়া, সহিংসতা উসকে দিতে অর্থায়ন এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগও তদন্তাধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পাঁচ জনকে আদালতে হাজির করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিজ্ঞানীরা মহাকাশে দীর্ঘমেয়াদি বসতি গড়ার স্বপ্নকে নতুন এক ধাপে এগিয়ে নিয়ে গেছেন। নাসার সহায়তায় পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, চাঁদের মাটির আদলে তৈরি সিমুলেটেড রেগোলিথে (চাঁদের পৃষ্ঠের ধুলো ও পাথুরে স্তর) জৈব সার মিশিয়ে সফলভাবে আলু চাষ করা সম্ভব হয়েছে। গবেষকদের মতে, ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি প্রতিষ্ঠিত হলে মহাকাশচারীদের খাদ্য চাহিদা মেটাতে আলু হতে পারে অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য ফসল।
এই গবেষণাটি পরিচালনা করেছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদ জীববিজ্ঞানী আয়মেরিক গয়ার এবং তাঁর দল। গবেষণায় লালচে খোসা ও সাদা শাঁসযুক্ত দ্রুত পরিপক্ব হওয়া ‘মোডক’ (Modoc) জাতের আলু ব্যবহার করা হয়েছে।
চাঁদের সেরা ফসল হিসেবে কেন আলু হতে পারে? আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশ চাঁদে মানুষ পাঠানোর এবং দীর্ঘমেয়াদি ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে। তবে পৃথিবী থেকে নিয়মিত বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী চাঁদে পাঠানো ব্যয়বহুল এবং বাস্তবসম্মত নয়। এই প্রেক্ষাপটে চাঁদের মাটিতেই খাদ্য উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।
গবেষক আয়মেরিক গয়ার জানিয়েছেন, অন্যান্য অনেক ফসলের তুলনায় প্রতি একর বা নির্দিষ্ট জায়গায় আলু থেকে বেশি ক্যালরি পাওয়া যায়। আলুতে কলার চেয়েও বেশি পটাশিয়াম রয়েছে, পাশাপাশি এতে ভিটামিন সি, প্রয়োজনীয় প্রোটিন এবং দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখার গুণও রয়েছে। ভবিষ্যতে চাঁদের গ্রিনহাউসে আলু চাষ করা সম্ভব হলে ফ্রেঞ্চ ফ্রাই, বেকড পটেটো বা আলুর টিকির মতো বিভিন্ন পদ তৈরির সুযোগও তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
জৈব সার ছাড়া কেন বিপদ?
চাঁদের রেগোলিথে নাইট্রোজেন বা জৈব পদার্থের অভাব রয়েছে। এছাড়া এতে ভারী ধাতু (যেমন—কপার বা তামা) থাকার কারণে তা উদ্ভিদের জন্য ক্ষতিকর হতে পারে।
সার ছাড়া ফলন নেই: গবেষণায় দেখা গেছে, কেবল সিমুলেটেড চন্দ্রমাটিতে আলু লাগালে শিকড় বা কন্দ প্রায় গজায়নি।
৫ শতাংশ ভার্মিকম্পোস্টে সাড়া: কেঁচো সার বা ভার্মিকম্পোস্টের মাত্র ৫ শতাংশ মেশালে কিছু শিকড় ও ছোট আলু তৈরি হয়েছে।
৩০ শতাংশে পৃথিবীর সমান ফলন: ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশালে ফলন পৃথিবীর সাধারণ মাটিতে জন্মানো আলুর প্রায় সমান পর্যায়ে পৌঁছেছে।
বিজ্ঞানীরা দেখেছেন, জৈব পদার্থ যুক্ত করলে আলু গাছ অতিরিক্ত ভারী ধাতু শুষে নিতে পারে না, ফলে গাছের বিষক্রিয়ার ঝুঁকি কমে যায়। পরীক্ষাগারের পরীক্ষায় আলুর দুটি প্রাকৃতিক টক্সিনের মাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে দেখা যায়নি, যদিও কিছু নমুনায় ভারী ধাতুর মাত্রা সামান্য বেশি থাকায় আরও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা।
পৃথিবীর মাটিতেও মিলবে সুফল
গবেষকদের মতে, এই গবেষণা শুধু মহাকাশ অভিযানেই নয়, বরং পৃথিবীর কঠিন পরিবেশেও কাজে লাগতে পারে। মরুভূমি, অনুর্বর জমি কিংবা দূষিত মাটি পুনরুদ্ধার এবং উন্নত করার ক্ষেত্রে লুনার সয়েল নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা নতুন দিক উন্মোচন করতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা আরও ১০টি ভিন্ন জাতের আলু নিয়ে গবেষণা চালাচ্ছেন, যাতে চাঁদের পরিবেশের জন্য সবচেয়ে উপযোগী জাতটি বেছে নেওয়া যায়। সূত্র: দ্য গার্ডিয়ান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পড়ে প্রায় দেড় হাজার পর্যটক। তাদের মধ্যে ৯০০ পর্যটক এবং ৮০ জন স্থানীয় বাসিন্দাসহ মোট ৯৮০ জনকে ১৬টি সার্ভিস ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছে দেয়া হয়েছে। বাকি থাকা ৬০০ পর্যটককে রোববার (২২ নভেম্বর) জাহাজের মাধ্যমে ফেরত আনা হবে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৬টি ট্রলারে করে ৯৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দারা নিরাপদে সেন্টমার্টিন থেকে টেকনাফে পৌঁছেছেন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, সেন্টমার্টিন জেটিঘাট থেকে বঙ্গোপসাগর হয়ে নাফ নদীর ফাঁড়ি দিয়ে তাদের শাহপরীরদ্বীপ জেটিঘাটে পৌঁছে দেয়া হয়েছে। দ্বীপে আটকে থাকা অবশিষ্ট পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের রোববার ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের অগ্রাধিকার দিয়ে ট্রলারে করে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। তবে উত্তাল সাগরে ঝুঁকি এড়াতে সতর্কতার সঙ্গে তাদের পারাপার করা হচ্ছে।
গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ