০৫:১৫ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে স্পিকারের উদ্বোধনী বক্তব্য প্রদান করা হয়, এরপর সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়।
জাতীয় সংসদের অধিবেশন পরিচালনার জন্য মনোনীত ৫ সদস্য হলেন— মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত আসনের এমপি রাশেদা বেগম হীরা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর এই সদস্যরা সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে, সাবেক চার সংসদ সদস্য এবং একজন গণপরিষদ সদস্যসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে জাতীয় সংসদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাঁদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
শোকপ্রস্তাবে যাঁদের নাম স্মরণ করা হয়, তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্যরা হলেন— মনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, সালাহউদ্দিন আহমেদ এবং আব্দুল হাই। এছাড়া সাবেক গণপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের নামও উল্লেখ করা হয়।
শোকপ্রস্তাবে আরও যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন— মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরু।
এছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
শোকপ্রস্তাব উত্থাপনকালে স্পিকার বলেন, ‘উত্থাপিত শোকপ্রস্তাবগুলোতে কোনো বিশিষ্ট ব্যক্তির নাম বাদ পড়ে থাকলে তাঁদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে পরবর্তী সময়ে তা শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে।’ এরপর শোকপ্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।
আরও পড়ুন: ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন