০৬:৪৬ পি.এম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে রাসিক প্রশাসকের কাছে এ স্মারকলিপি তুলে দেন। এ সময় প্রশাসক আন্তরিকতার সঙ্গে স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার এবং আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন যে, রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন জমির একটি অংশে পাবলিক টয়লেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জমি ব্যবহার করে এসব স্থাপনা নির্মাণের কারণে ক্যাম্পাসের নিরাপত্তা, পরিবেশ এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় বিএসএফ ফিরিয়ে নিল
শিক্ষার্থীরা আরও জানান, ওই এলাকার পাশে রুয়েটের পুরকৌশল অনুষদের ১০তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। ভবনটি দ্রুত শিক্ষার্থীদের ব্যবহারের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ অবস্থায় অবৈধ স্থাপনাগুলো ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে শনিবার (২৯ আগস্ট) রুয়েটের প্রায় ৬০০ শিক্ষার্থী ক্লাস, ল্যাব ও পরীক্ষা বর্জন করে অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। এর ধারাবাহিকতায় রোববার রাসিক প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের দুটি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, রুয়েটের মালিকানাধীন জমিতে নির্মিত পাবলিক টয়লেট এবং সীমানাপ্রাচীর ঘেঁষে চলাচলের ফুটপাতে নির্মিত সব অননুমোদিত ও অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করা এবং তালাইমারী মোড়ে রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে বিশ্ববিদ্যালয়ের জমি দখল বা ব্যবহারের যে অংশ সৃষ্টি হয়েছে, তা আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
স্মারকলিপি প্রদানকালে রুয়েটের শিক্ষার্থী কাজী পারভেজ আহম্মেদ, মুবতাসিম সৌমিক, শাহান আল রিয়াজ, সুমাইয়া নওশীন, শামসুন নাহার সুমনা, ফাহাদ সরকার তুহিন, তন্ময় কর্মকার তনি, শাকিব উজ্জমান সিয়াম, পারভেজ আকন্দ প্রভাতসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম
--
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন