০৫:৫৩ পি.এম
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদীর মাঝনদীতে চলন্ত নৌকায় এক নারী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। প্রথমে তিনি ছেলে এবং পরে মেয়ে সন্তানের জন্ম দেন। পরে মা ও দুই নবজাতককে বাড়িতে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, তারা সকলেই সুস্থ আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে একটি নৌকা যাত্রা শুরু করে। নৌকাটি ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় সকাল ১০টার দিকে মাঝনদীতে পৌঁছালে ওই নারীর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে অবস্থান করার কারণে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। একপর্যায়ে নৌকার পাটাতনেই যমজ সন্তানের জন্ম দেন তিনি।
ওই নারীর স্বামী মনোয়ার হোসেন জানান, অসুস্থ স্ত্রীকে অস্ত্রোপচারের জন্য গাইবান্ধায় নিয়ে যাচ্ছিলেন তারা। পথে নৌকায় হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে অবস্থান করার কারণে তারা দুশ্চিন্তায় পড়ে যান। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়। আল্লাহর রহমতে সন্তানদের মুখ দেখতে পেয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন
নৌকায় থাকা এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা ফজলে রাব্বি বলেন, ওই নারীর হঠাৎ প্রসববেদনা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে অবস্থান করার কারণে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়।
এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ জানান, মাঝনদীতে নৌকায় যমজ সন্তানের জন্মের বিষয়টি তিনি জেনেছেন। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
চরাঞ্চলে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে জরুরি মুহূর্তে চিকিৎসাসেবা পাওয়া যে কতটা কঠিন, ব্রহ্মপুত্রের মাঝনদীতে এই যমজ সন্তানের জন্মের ঘটনা আবারও তা সামনে এনেছে।
আরও পড়ুন: সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন