০৯:০১ পি.এম
কৈশোরে সিমেন্টের ডাম্বেল দিয়ে শরীরচর্চা শুরু করা এক বডিবিল্ডার এখন ‘মিস্টার বাংলাদেশ’ হওয়ার স্বপ্ন দেখছেন। সেই কিশোর বর্তমানে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) প্রতিষ্ঠান গোল্ড জিমের সিনিয়র হেড ট্রেইনার ও হেড নিউট্রিশনিস্ট ডা. আজহারুল ইসলাম নিয়ন। তিনি গোল্ড জিমের আধুনিক অবকাঠামো, বিশেষায়িত রিকভারি ব্যবস্থা এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় নিজেকে প্রস্তুত করে চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ডা. নিয়ন আন্তর্জাতিক মঞ্চে একের পর এক পদক জয়ী একজন জেনারেল ফিজিশিয়ান, আইএসএসএ সার্টিফাইড স্পোর্টস নিউট্রিশনিস্ট এবং আইএফবিবি সার্টিফাইড জাজ। তিনি জানান, বডিবিল্ডিংয়ের মতো ব্যয়বহুল খেলায় সারা বছর প্রোটিনসমৃদ্ধ খাবার, সাপ্লিমেন্ট এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের বিপুল ব্যয় একা সামলানো অত্যন্ত কঠিন। এবিজি বসুন্ধরা গ্রুপ ও গোল্ড জিমের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ, আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি), বসুন্ধরা স্পোর্টস সিটি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমার কম্পিটিশনের শুরু থেকেই তারা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে। সো আলহামদুলিল্লাহ এখানে থাকতে পেরে অ্যান্ড এখানে জব করতে পেরে আসলে আমি নিজে ব্লেসড।’
গোল্ড জিমে যুক্ত হওয়ার প্রেক্ষাপট জানিয়ে ডা. নিয়ন বলেন, এমবিবিএস সম্পন্ন করার পর তিনি ক্লিনিক্যাল প্র্যাকটিস নাকি স্পোর্টস ও ফিটনেস অঙ্গনে কাজ করবেন, এই সিদ্ধান্তের জায়গা থেকেই তিনি ফিটনেস পেশাকে বেছে নেন। হলিউড সুপারস্টার ও ‘টার্মিনেটর’ খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের হাত ধরে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া গোল্ড জিমের সার্কুলার দেখে তিনি আবেদন করে যুক্ত হন।
আরও পড়ুন: মার্তিনেস: রোনালদোর পরিসংখ্যান কেউ ছাড়াতে পারবে না
প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ পরিবেশ নিয়ে ডা. নিয়ন মন্তব্য করেন, ‘এইরকম একটা ট্রেনিং এনভায়রনমেন্ট আপনি বাংলাদেশে পাবেন না। ইটস নট লাইক আ জিম, ইটস আ ফিটনেস ফ্যাসিলিটিস, আমরা বলতে পারি।’ গোল্ড জিমের আধুনিক সরঞ্জাম ও রিকভারি সুবিধাকে দেশের সব ধরনের ক্রীড়াবিদদের জন্য অনন্য উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি যদি সুইমিং পুল থেকে শুরু করেন; অলিম্পিক সুইমিং পুল বাংলাদেশের কোনো জিমে নেই, ডেডিকেটেড সুইমিং পুল। অ্যান্ড আমাদের স্পা অ্যান্ড রিকভারি জোন যেটা আছে, আমাদের স্টিম, সনা, জ্যাকুজি, অনসেন পুল, আইস বাথ, সল্ট বাথ অ্যান্ড সম্পূর্ণটা সেকশন একদম ফুল্লি বডি রিকভারি কিভাবে বেটার করা যায়; একটা অ্যাথলেট, নট অ্যান বডিবিল্ডার, একজন অ্যাথলেট তিনি ফুটবলার হতে পারেন, ক্রিকেটার হতে পারেন, যেকোনো পারস্পেক্টিভের অ্যাথলেট হতে পারেন, তাদের রিকভারিতে অনেক ভালোভাবে হেল্প করে।’
তিনি আরও জানান, দেশের অনেক জায়গায় অ্যাথলেটরা ড্রামের ভেতর বরফ দিয়ে আইস বাথ নিলেও গোল্ড জিমে রয়েছে ডেডিকেটেড স্পা ও সুইমিং পুলসহ পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস। এখানকার প্রশিক্ষণ পরিবেশ এবং ট্রেইনারদের পেশাদারিত্ব ও সহযোগিতা তার নিজের প্রস্তুতিকে আরও শাণিত করেছে বলে জানান তিনি।
ডা. নিয়নের ফিটনেস যাত্রার শুরু হয়েছিল শৈশবে টিভিতে রেসলিং দেখার মাধ্যমে। মাত্র ৮-৯ বছর বয়সে তিনি বাড়িতে সিমেন্ট দিয়ে ডাম্বেল বানিয়ে অনুশীলন শুরু করেন। পরবর্তীতে ২০০৯ সালে প্রথম জিমে ভর্তি হন। কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ২০২১ সালে পেশাদারভাবে প্রতিযোগিতায় নামেন তিনি।
চিকিৎসক হয়ে ফিটনেস পেশায় যুক্ত হওয়ার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘আস্তে আস্তে আপনি যখন লম্বা সময় একটা জিনিসের প্রতি অনেস্ট থাকবেন, আপনি যদি একটা জিনিসের প্রতি প্যাশনেট থাকবেন, আপনি পরিশ্রম করার পর একটা সময়ে আসলে আপনি সাকসেসফুল হবেনই, আমি মনে করি।’
আরও পড়ুন: ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ‘আক্ষেপ’ গার্দিওলার
২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৮ থেকে ১০টি প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে প্রমাণ করেছেন ডা. নিয়ন। আন্তর্জাতিক আসরে তিনি এ পর্যন্ত ১২টি স্বর্ণসহ একাধিক পদক জয় করেছেন। এর মধ্যে ২০২৩ সালে দুবাই মাসল ক্লাসিকে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে পঞ্চম স্থান অর্জন করে পদক জেতেন। ২০২৪ সালে ব্যাংককে তিন ক্যাটাগরিতে রানার্স আপ হন এবং গত মাসে মালয়েশিয়ায় একটি ক্যাটাগরিতে দ্বিতীয় ও দুটি ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন।
সর্বশেষ ২১ নভেম্বর চায়নার গুয়াংঝুতে ঝুহাই চায়না প্রো কোয়ালিফায়ারে নয়টি ক্যাটাগরিতে ছয়টি স্বর্ণপদক (যার মধ্যে দুটি ওভারঅল গোল্ড), একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। এ ছাড়া দেশীয় আসরে ২০২২ সালে ন্যাশনাল মিস্টার ঢাকা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের পাশাপাশি ‘মিস্টার বাংলাদেশ’ প্রতিযোগিতায় তিনবার রানার্স আপ হয়েছেন।
তবে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য পেলেও দেশের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়ন ও জাজিং ক্রাইটেরিয়া নিয়ে বাস্তবতার কথা তুলে ধরেন এই অ্যাথলেট। ‘মেনস ফিজিক’ বা বিচ বডিবিল্ডিং ক্যাটাগরির মানদণ্ড তুলে ধরে তিনি জানান, বোর্ড শর্টস পরে হওয়া এই ক্যাটাগরিতে অতিরিক্ত পেশিবহুল আকারের চেয়ে কাঁধ ও কোমরের অনুপাত (১.৬ থেকে ১.৭ রেশিও), সিমেট্রি ও নান্দনিক গঠন দেখা হয়। অথচ অতীতে অনেক ক্ষেত্রে মেনস ফিজিক ক্যাটাগরিতে বডিবিল্ডারের মতো বড় আকার দেখে নম্বর দেওয়া হয়েছে এবং যথাযথভাবে মেনস ফিজিকের ক্রাইটেরিয়া অনুযায়ী জাজিং হয়নি বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে ডা. নিয়ন বলেন, ‘বডিবিল্ডিং ইজ আ লাইক সাবজেক্টিভ গেম, আমার চোখে ইটস লাইক ইউ নো অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ, কেউ মনে করে যে আসলে কারো চোখে অ্যাপেল ভালো লাগে কারো চোখে অরেঞ্জ ভালো লাগে। সো আমার জায়গা থেকে আমি মনে করি আমি আরও ভালো ডিজার্ভ করতাম, বাট জাজরা তারা কোন অ্যাঙ্গেল থেকে জাজিং করেছে যে মেনস বডিবিল্ডিং ক্রাইটেরিয়াতে মেনস ফিজিক জাজিং করেছে নাকি মেনস ফিজিক ক্রাইটেরিয়াতেই জাজিং করেছে, সেটা তারা ভালো বলতে পারবেন। বাট আই থিংক আমি আরেকটু ভালো রেজাল্ট ডিজার্ভ করতাম।’
আরও পড়ুন: হেলমেট-গ্লাভস ঠিক করতে গিয়ে সময় শেষ, অদ্ভুত আউটের সাক্ষী বিশ্ব
তবে দুই সপ্তাহ আগে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের নতুন কমিটি গঠনের পর জাজিং ক্রাইটেরিয়াগুলো স্পষ্ট ও আন্তর্জাতিক মানদণ্ড (আইএফবিবি এলিট রুলস) অনুযায়ী উপস্থাপন করায় এবার ন্যায্য বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
নিজের কঠোর শৃঙ্খলা ও প্রস্তুতির কথা জানিয়ে ডা. নিয়ন বলেন, ‘একদম লাস্ট দেড় বছর আমি বলতে পারবো না আমার যে খাবার, আমার ডেইলি ছয় থেকে সাতটা মিল থাকে, এর বাইরে আমি কোনো কিছু খেয়েছি। কোচ যা প্রোভাইড করেছে, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, স্লিপ, রিকভারি, ট্রেনিং একদম ওইভাবে স্মুথলি গিয়েছে।’
তিনি জানান, এর আগে তিনবারের মিস্টার অলিম্পিয়া রানার্স আপ সাদিক হ্যাজোভিকের অধীনে এক বছর কাজ করেছেন এবং বর্তমানে চাইনিজ কোচ ও টিমের অধীনে ২০২৫ সাল থেকে টানা দুই বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিজেকে প্রস্তুত করেছেন।
আগামীকাল ২৬ নভেম্বর রাজধানীর পল্টনের এনএসসি টাওয়ারে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় জাতীয় আসর ‘মিস্টার বাংলাদেশ’। তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন ওয়েট-ইন এবং বিকেলে মেনস ফিজিক ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আরও পড়ুন: আমিনুল হক: খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত করতে হবে
শিরোপা জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী ডা. নিয়ন বলেন, ‘মিস্টার বাংলাদেশ নিয়ে বললে, আমি ইন্টারন্যাশনালি অনেক অ্যাচিভমেন্ট পেয়েছি, বাট আপনি যেইটার পিছনে ছুটবেন ওইটা যদি যতক্ষণ পর্যন্ত না পাবেন, আপনার কাছে এই জিনিসটার ভ্যালু অনেক বেশি। সো আমি মনে করি অ্যাজ আ বাংলাদেশি, আমার কাছে মিস্টার বাংলাদেশ টাইটেলটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।’
আগামীকালের প্রতিযোগিতা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি দুই বছর ধরে কাজ করছি, আমি আশাবাদী, আল্লাহর রহমতে আগামীকাল ভালো কিছু হবে।’
সবমিলিয়ে পাঁচ বছরের নিরলস পরিশ্রম, আন্তর্জাতিক মঞ্চে একের পর এক সাফল্য এবং এবিজি বসুন্ধরা গ্রুপ ও গোল্ড জিমের সার্বিক সহায়তাকে পুঁজি করে এবার বিচারকদের সঠিক নজরে এসে ‘মিস্টার বাংলাদেশ’ চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রস্তুত ডা. আজহারুল ইসলাম নিয়ন।
আরও পড়ুন: আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি শিখল বাংলাদেশের ৪০ কিশোর ফুটবলার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন