১২:২১ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ীর একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে শিরিন বেগম (৩৫) নামের এক নারীর মরদেহের ৪ টুকরা। রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকার একটি বাসা থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য ওই মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সময় পুলিশ স্বামী দুলালকে (৫০) আটক করে।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাতের বেলায় মীর হাজীরবাগের ওই বাসা থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করে। নারীর দেহটি ৪ টুকরো অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন: ‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, নিহত ওই নারী পরকীয়ায় জড়িত ছিলেন। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগত। ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময়ে দুলাল স্ত্রী শিরিনকে হত্যা করে এবং ধড় থেকে মাথা আলাদা ও ঊরু থেকে দুই পা আলাদা করে ফেলে। ময়নাতদন্তের জন্য খণ্ডিত মরদেহটি ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত শিরিন বেগমের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বিকাখালী গ্রামে। তার বাবার নাম মৃত সোহরাব আলী। এছাড়া, তার এক ছেলে চট্টগ্রামে ও এক মেয়ে গাজীপুরে বসবাস করেন। তাদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন