০৭:৫১ পি.এম
ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে শ্রমিক লীগের নিষিদ্ধ কর্মী খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তানিয়া আমিন মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটান। পরে পুলিশ খোরশেদ আলমকে গ্রেপ্তার করে।
এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন মঙ্গলবার রাতে ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। ভিডিওটি পরে ভাইরাল হয়ে যায়। তানিয়া আমিন অভিযোগ করেন যে, খোরশেদ আলম ফেসবুকে নানা পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে হয়রানি করে আসছিলেন।
ভিডিওতে দেখা যায়, খোরশেদ আলম একটি লন্ড্রি দোকানে দাঁড়িয়ে আছেন। এ সময় তানিয়া আমিনসহ চার-পাঁচজন সেখানে প্রবেশ করেন। এরপর তানিয়া আমিন তাকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। তিনি বলেন, ‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য...? তোর মা-বোন আছে?’ আশপাশের লোকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
আরও পড়ুন: পুলিশ প্রশাসনে ১৭ কর্মকর্তার বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ
ভিডিওতে তানিয়া আমিনকে আরো বলতে শোনা যায়, ‘আমি ওর মেয়ের বয়সী। দেখতে আমার বাবার চেয়ে বড় মনে হয়।...মেয়েদের মনে করে সব সময় দুর্বল।’
পুলিশের একটি গাড়ি কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে। তানিয়া আমিন পুলিশ সদস্যকে জানান, তিনি গ্যাস-বিদ্যুৎ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে খোরশেদ আলম নোংরাভাবে মন্তব্য করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তানিয়া আমিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, খোরশেদ আলম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতাকর্মী। তিনি এনসিপি ও জুলাইযোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও প্রকাশ এবং মন্তব্য করে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হয়রানি ও হেয়প্রতিপন্ন করছেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খোরশেদ আলম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি মিছিল করার জন্য দলের লোকজনকে সংগঠিত করছিলেন। তার মোবাইল ফোনে এর প্রমাণ পাওয়া গেছে। এনসিপির নেতাকর্মীদের নিয়ে তিনি ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছেন। এর প্রতিবাদে তারা দোকানে জড়ো হন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ থাকায় পুলিশ তাকে অনেক দিন ধরে খুঁজছিল। খোরশেদ আলমকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জামালপুরে যুবকের আত্মহত্যার রহস্য উদঘাটন, বাড়ির মালিক গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন