০৫:৪০ পি.এম
ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতাকে ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় ৪১ জন নামীয় আসামি এবং ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত রবিবার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করার পর পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। পুলিশ জানায়, সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে ঘটনাস্থলের আশেপাশে চিরুনি অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, রাকিব মৃধা (২৫) পিতা- জাহাঙ্গীর মৃধা, রুবেল মৃধা (৩০) পিতা- জাহাঙ্গীর মৃধা, মিল্টন হাওলাদার (২০) পিতা- মজিবুর রহমান, সেলিনা বেগম (৫৫) স্বামী- নূর মোহাম্মদ, সোহেল হাওলাদার (২৭) পিতা- মজিদ হাওলাদার, রাশেদ মৃধা পিতা- মৃত মালেক মৃধা, শহিদুল ইসলাম (২৮) পিতা- মোবারক খলিফা। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: ‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানিয়েছেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মূল আসামীসহ বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন