ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্যাটারিচালিত রিকশা অপসারণ প্রসঙ্গে ডিএমপি কমিশনারের বার্তা


ব্যাটারিচালিত রিকশা অপসারণ প্রসঙ্গে ডিএমপি কমিশনারের বার্তা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, শহর থেকে ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে দেয়া ডিএমপির একার পক্ষে সম্ভব নয়।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মোহাম্মদপুরের লেক রোডে এআই ক্যামেরা দ্বারা ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের দাপটে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এই বাহনগুলোর আইনগত কোনো ভিত্তি নেই। গঠন, নিবন্ধন, চলাচলযোগ্যতা—কোনো কিছুরই বালাই নেই।

আরও পড়ুন: ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, তাপমাত্রা অপরিবর্তিত

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা কতটা চলাচল করছে, তার সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না, কারণ নিবন্ধনের বাধ্যবাধকতা নেই। ঢাকার বিভিন্ন সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা চালু হলেও রিকশাচালকেরা সেটিরও তোয়াক্কা করছেন না।

ডিএমপির একার হাতে ব্যাটারিচালিত রিকশা তুলে দেয়া সম্ভব নয় জানিয়ে কমিশনার বলেন, পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে, কদিন আগে সিগন্যালে গাড়ি থামাতে ট্রাফিক পুলিশের সদস্যদের অনেক ছোটাছুটি করতে হতো। এখন সেটি লাগছে না। ট্রাফিক আইন মানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা বসানোর পর থেকেই এটি সম্ভব হয়েছে।

ঢাকা শহরের ১৮টি মোড় বা ক্রসিংয়ে এই ক্যামেরা বসানো হয়েছে। ডিএমপি কমিশনার বলেছেন, চালুর পর এখন পর্যন্ত মামলা হয়েছে দেড় হাজার। সমন জারি করা হয়েছে ৩৮ হাজার।

আরও পড়ুন: আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

ঢাকার বিভিন্ন মোড়ে ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। আইন লঙ্ঘন ঘটলে সেই গাড়িসমূহকে শনাক্ত করছে ক্যামেরা এবং সংশ্লিষ্ট গাড়ির মালিকের নামে ডিজিটালি মামলা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় গুরুত্বপূর্ণ বন্দর চালু, মরদেহ সমাহিতের কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


ভেনেজুয়েলায় গুরুত্বপূর্ণ বন্দর চালু, মরদেহ সমাহিতের কাজ শুরু

মার্কিন সামরিক বাহিনী সোমবার ভেনিজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর মেরামত করে পুনরায় চালু করেছে।

একই সময়, দেশটি জোড়া ভূমিকম্পে নিহত এক হাজার সাত শতাধিক মানুষের শেষকৃত্যের কাজও শুরু করেছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।

কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের ফলে মহল্লার পর মহল্লা ধ্বংস হওয়ার পাঁচ দিন পর মরদেহ উদ্ধারের কাজ বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অন্যদিকে, জীবিত কাউকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

ভেনেজুয়েলার লা গুয়াইরা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর তথ্য জানায়।

সর্বশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৭০০, আহত হয়েছেন ৫ হাজার মানুষ। তবে কতজন নিখোঁজ, সে বিষয়ে সরকার কোনো তথ্য জানায়নি। অন্য বিভিন্ন হিসাবে নিখোঁজের সংখ্যা কয়েক হাজার হতে পারে।

লা গুয়াইরা বন্দর পুনরায় চালু হয়েছে, যেখানে এএফপির এক সংবাদদাতা একটি গুদামে সাদা ও কালো ব্যাগে রাখা শত শত অজ্ঞাতপরিচয় মরদেহ এবং কয়েকটি কফিন দেখতে পেয়েছেন। একত্রে মার্কিন ইউএসএস ফোর্ট লডারডেল সেখানে নোঙর করে ত্রাণসামগ্রী খালাস করছে।

ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাওয়া অঞ্চলটির বহু মানুষ অস্থায়ী মর্গের বাইরে স্বজনদের খোঁজে অপেক্ষা করছিলেন। এ সময় নীল পোশাক পরা ফরেনসিক কর্মীদের মরদেহ পরীক্ষা করতে দেখা গেছে।

কাছেই ধসে পড়া ভবনের বিশাল ধ্বংসস্তূপে উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভূমিকম্পের পাঁচ দিন পর সেই সম্ভাবনা এখন খুবই ক্ষীণ।

এদিকে, কারাকাসের কাছে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরেও যান চলাচল স্বাভাবিক করতে মার্কিন বিমানবাহিনীর সদস্যরা কাজ করছেন, কারণ এই ভূমিকম্পে বিমানবন্দরটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

-অলৌকিক ঘটনার অপেক্ষায়-

সরকার লা গুয়াইরায় সেনা মোতায়েন করেছে এবং দুর্গত এলাকায় প্রবেশের জন্য অনুমতিপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে গভীর সংকটে থাকা ভেনেজুয়েলার লাখো মানুষ ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন। এমন অবস্থায় সরকারের ধীর ও সীমিত ত্রাণ তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভেনেজুয়েলায় জাতিসংঘের সমন্বয়কারী জিয়ানলুকা রামপোলা জানান, ২৭টি দেশ প্রায় ৪০টি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। এসব দলে ২ হাজারেরও বেশি সেনা ও উদ্ধারকর্মী এবং ১৬০টিরও বেশি অনুসন্ধানী কুকুর রয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ ১০ হাজার বডিব্যাগ সরবরাহ করবে, তবে তাদের আশা, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা এর চেয়ে কম হবে।

তবে জীবিত উদ্ধারের গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা শনিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে শেষ হয়ে গেছে। তবুও অলৌকিক ঘটনা ঘটতেই পারে।

সোমবার উপকূলীয় শহর তানাগুয়ারেনায় ২১ বছর বয়সী অ্যারন লেভি নামে এক তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের প্রত্যক্ষদর্শী এক আলোকচিত্রীর প্রকাশিত ভিডিওতে এ তথ্য জানা যায়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ দুর্যোগে দেশের প্রায় ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। ভূমিকম্পে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৬৭০ কোটি ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ।

-'আমার পরিবার ওখানেই আছে'-

কারাকাসের একমাত্র সরকারি কবরস্থানে দুটি দাহচুল্লিই পূর্ণ সক্ষমতায় চলছে।

প্রিয়জনদের শেষকৃত্যের অপেক্ষায় সেখানে অপেক্ষা করছেন বহু মানুষ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জনকে সমাহিত করা হয়েছে।

তবে এখনও অনেকেই তারা প্রিয়জনদের মরদেহের অপেক্ষা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি: শিল্পমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


দেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি: শিল্পমন্ত্রী

ঢাকা, ৩০ জুন, ২০২৬ : শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী এবং দেশের বর্তমান শিল্প ও দক্ষ জনশক্তির চাহিদার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

মন্ত্রী বলেন, ‘বিটাকের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। এ কর্মসূচিতে সরকারের বিনিয়োগের বিপরীতে উচ্চমাত্রার সুফল পাওয়া যাচ্ছে।’

রাজধানীতে বিটাকের ২০তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

বিটাকের মহাপরিচালক মো. ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

মন্ত্রী বলেন, অতীতে দেশে এমন অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যেগুলোর সুস্পষ্ট উদ্দেশ্য কিংবা প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। কিন্তু বিটাকের এ প্রকল্পটি ব্যতিক্রম। এ প্রকল্পের আওতায় প্রায় ১৬ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যা তাদের কর্মজীবন ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, তিন মাসের প্রশিক্ষণ শুধু কারিগরি দক্ষতা অর্জনের সুযোগই তৈরি করে না, বরং অংশগ্রহণকারীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও কর্মসংস্কৃতি গড়ে তোলে। যা তাদের সারাজীবনের সম্পদ হয়ে থাকবে।

শিল্পমন্ত্রী বলেন, এ প্রকল্পের সম্প্রসারণ অথবা নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে হাজার হাজার উদ্যমী তরুণ-তরুণীকে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, প্রশিক্ষণের গুণগত মানের প্রমাণ হিসেবে বিশেষ করে নারী প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের হার অত্যন্ত আশাব্যঞ্জক। প্রশিক্ষণপ্রাপ্ত ১৬৫ জন নারী প্রশিক্ষণার্থীর সবাই ইতোমধ্যে চাকরির সুযোগ পেয়েছেন।

শিল্প সচিব বলেছেন, বিটাকের কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীদের চাকরি পাওয়া এ কর্মসূচির সফলতার বড় প্রমাণ।

তিনি আরও বলেন, অনেক প্রশিক্ষণার্থী ডিপ্লোমা সম্পন্ন করেও চাকরি পাননি। কিন্তু বিটাকের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ গ্রহণের পরপরই তারা চাকরির সুযোগ পেয়েছেন। এটি বিটাকের প্রশিক্ষণের প্রতি নিয়োগদাতা প্রতিষ্ঠানের আস্থারই প্রতিফলন।

আব্দুন নাসের খান বলেন, বিটাকের চলমান দ্বিতীয় পর্যায়ের প্রকল্প আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা। প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানে এ প্রকল্পের ইতিবাচক প্রভাব বিবেচনায় এর মেয়াদ বৃদ্ধি অথবা একই ধরনের নতুন প্রকল্প গ্রহণের বিষয়ে মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে কাজ করবে।

সচিব আরও বলেন, বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে। উন্নত প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে অনেক প্রশিক্ষণার্থী নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উৎসাহিত হচ্ছেন। যা ভবিষ্যতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট্রোলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের, না মানলে ‘বড় বিপদের’ হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


পেট্রোলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের, না মানলে ‘বড় বিপদের’ হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেট্রোলের খুচরা দাম অবিলম্বে কমানোর জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এ নির্দেশনা বাস্তবায়ন না করলে বিক্রেতাদের বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেন, পেট্রোল বিক্রেতাদের কোনো অজুহাত ছাড়াই দ্রুত দাম কমাতে হবে। তিনি আরও বলেন, 'যদি খুচরা বিক্রেতারা তা না করে, তাহলে তাদের সামনে বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় ২ দশমিক ৫০ ডলারে নামিয়ে আনতে কাজ শুরু করুন।'

ট্রাম্প বলেন, খুচরা বিক্রেতাদের এ আহ্বানে সাড়া দিয়ে মার্কিন ভোক্তাদের স্বার্থে দ্রুত জ্বালানির দাম কমানো উচিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তিনি বিশেষভাবে ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ তুলে ধরে রাজ্যটির পেট্রোলের ওপর আরোপিত কর কমানোর আহ্বান জানান।

তিনি দাবি করেন, খুব শিগগিরই এমন পরিস্থিতি তৈরি হবে, যেখানে জ্বালানির মূল্যের চেয়ে করের পরিমাণ বেশি হয়ে যাবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, 'এটি যুক্তরাষ্ট্র কিংবা ক্যালিফোর্নিয়ার জনগণ কেউই মেনে নেবে না।'

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, যিনি ডেমোক্র্যাটিক পার্টির নেতা এবং ট্রাম্প প্রশাসনের নীতির অন্যতম সমালোচক, ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছেন।

অন্যদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, ২০১৫ সালে বড় আকারে তেল ছড়িয়ে পড়ার ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া ক্যালিফোর্নিয়ার একটি তেল পাইপলাইন পুনরায় চালু করার জন্য জরুরি ক্ষমতা প্রয়োগ করা হয়েছে।

গত সপ্তাহেও ট্রাম্প অভিযোগ করেছেন যে বড় তেল কোম্পানিগুলো কম দামে অপরিশোধিত তেল কিনলেও সেই অনুপাতে পাম্পে পেট্রোলের দাম কমাচ্ছে না। ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, 'দাম দ্রুত কমছে। অন্য কথায়, গ্রাহকদের ঠকানো হচ্ছে।' এজন্য তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘাত, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের এ বক্তব্য একটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

তবে ট্রাম্পের দাবি, ইরান-সংকটের অবসানের পর জ্বালানির দাম দ্রুত কমে আসবে। ফ তারপরও অনেক অর্থনীতিবিদ মনে করছেন যে, এ সংঘাতের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রভাব পড়তে পারে এবং জ্বালানির মূল্য পরিস্থিতি দ্রুত স্বাভাবিক নাও হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৫৮ হাজারের বেশি ভবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৫৮ হাজারের বেশি ভবন

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে এমনটি দেখা গেছে। ৭.২ ও ৭.৫ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৭০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হতে যাচ্ছে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হোক জানান, ২৫ জুন সংগ্রহ করা স্যাটেলাইট রাডার তথ্য বিশ্লেষণ করে তারা অনুমান করেছেন যে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তারা ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল-১ স্যাটেলাইটের উচ্চ-রেজোলিউশনের রাডার চিত্র ব্যবহার করে এই হিসাব করেছেন।

গবেষকদের মতে, এটি একটি প্রাথমিক মূল্যায়ন এবং এখনো মাঠপর্যায়ে যাচাই করা হয়নি। তাই এই সংখ্যাকে চূড়ান্ত হিসাব হিসেবে নয়, বরং একটি প্রাথমিক ধারণা হিসেবে দেখা উচিত। অন্যদিকে, দেশটির জাতীয় সংসদের সভাপতি জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে। নাসা বলেছে, তাদের স্যাটেলাইটগুলো ক্ষয়ক্ষতির ছবি ও তথ্য সংগ্রহ করে উদ্ধারকর্মীদের পরিস্থিতি মূল্যায়ন এবং উদ্ধার অভিযান পরিচালনায় সহায়তা করছে।

বিবিসি ও রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহের দুই দফা শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বহু এলাকায় এখনও পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছেনি। ফলে স্থানীয় বাসিন্দারাই নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজন ও প্রতিবেশীদের উদ্ধারে কাজ করছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত বন্দরনগরী লা গুয়েরায় মানুষ লোহার রড, হাতুড়ি ও গাঁইতি দিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে নিখোঁজদের খোঁজ করছেন। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%