০৫:৪৩ পি.এম
ঢাকা, ৭ অক্টোবর ২০২৬ : ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
রাষ্ট্রপতি এই সাক্ষাৎকালে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো বৃদ্ধি করার জন্য আহ্বান জানান।
আজ বুধবার বঙ্গভবনে, ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
আরও পড়ুন: গোপালগঞ্জ কারাগারে খাবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিল আনসার বাহিনী
রাষ্ট্রপতির প্রেস উইংয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মন্তব্য করেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘকাল ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তিনি নিজেও অনেক দরিদ্র রোগীকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং প্রতিষ্ঠানটি তাদের চিকিৎসাসেবায় সহযোগিতা করেছে।
প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবার বিষয়ে সহযোগিতা কামনা করা হলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন: পোশাক কারখানার মুনাফায় শ্রমিকদের অংশীদারিত্ব চান এমপি নিলু
এ সময় প্রতিনিধিদল আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য ‘Disaster Preparedness and Resilient Bangladesh: Leading the Future’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিতির আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দেয়। রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশগ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিবও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন