১২:৫৬ এম
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন ১৮ দিন ধরে জ্বলছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে আধুনিক যন্ত্রপাতি ও কারিগরি সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে ভারী যন্ত্রপাতি, পাইপ, খনন সরঞ্জামসহ প্রয়োজনীয় উপকরণ লরি ও ক্রেনে করে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। সংশ্লিষ্টদের মতে, শনিবার (১৪ নভেম্বর) যেকোনো সময় নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু হতে পারে।
দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ছোট ইনানী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল। তবে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ দলকে কাজের প্রস্তুতি নিতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ আন্তর্জাতিক বিচার আদালতে
বাপেক্সের নয় সদস্যের প্রতিনিধি দলের প্রধান এবং সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার অহিদুল ইসলাম জানান, গ্যাসের প্রবাহ ও চাপের স্থায়িত্ব বুঝতে টানা ১৫ দিন পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, একই গতি ও চাপে গ্যাস বের হচ্ছে। এ অবস্থায় গ্যাস অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, প্রথম অগ্রাধিকার হচ্ছে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করা এবং গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা। কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ ও গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন বলেন, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং পরবর্তী সময়ে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা সম্ভব কি না, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, নলকূপ থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলার পর থেকেই প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসের মতো ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
আরও পড়ুন: বর পছন্দ না হওয়ায় কনে পাঠালেন বিষ মেশানো মিষ্টি
বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের মজুত থাকতে পারে। টানা প্রায় তিন সপ্তাহ একই চাপ ও প্রবাহে গ্যাস বের হওয়ায় সেখানে বড় কোনো গ্যাসস্তর থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে প্রকৃত মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হতে ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। এসব গ্যাসক্ষেত্রের মধ্যে রয়েছে তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, সেমুতাং, বাঙ্গুরা, শাহবাজপুর, সুন্দলপুর, শ্রীকাইল, শাহজাদপুর ও ভোলা নর্থ।
ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুদ পাওয়া গেলে এবং বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে এটি দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হতে পারে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের পাশাপাশি আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হতে পারে।
গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় মো. আবদুল্লাহর বাসায় গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন