বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২২ পি.এম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ দাবি করেছে যে আনুমানিক ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে ইতোমধ্যে মামলার কার্যক্রম শুরু হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৮ হাজার ২৬ জনকে।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ ২৬ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিটের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এ সময় সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।
ক্ষয়ক্ষতির বিবরণে উল্লেখ করা হয়েছে, সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।
এছাড়া, আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির মোট পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে জানানো হয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারাসহ দণ্ডবিধি এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানিয়েছেন, এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ পণ্য পাচার রোধের লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে কুষ্টিয়া সীমান্তে একটি বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়েছে বিজিবির পক্ষ থেকে।
সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ মে বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠপাড়া নামক স্থানে একটি চৌকষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে মোঃ জামিরুল প্রামানিক (৩৫), পিতা- মৃত আমিরুল প্রামানিক, গ্রাম- জামালপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া কে ৩ বোতল মদ এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (ঊনিশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক এবং অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা হামলার হুমকি প্রদান করা হয়েছে। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তাঁর বাংলো ‘জলসা’য় বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে একটি ই-মেইল পাঠানো হয়েছে। একই সাথে, শহরের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার আশঙ্কার বিষয়টিও উল্লিখিত হয়েছে ওই বার্তায়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং পৌর কমিশনার অশ্বিনী ভিড়ের কাছে হুমকিমূলক ই-মেইলটি প্রেরণ করা হয়। এতে মেয়রের কার্যালয়, অমিতাভ বচ্চনের আবাস এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের পরিকল্পনার কথা বলা হয়েছে।
ই-মেইলে মহালক্ষ্মী রেসকোর্স, শিয়ন ও আচার্য মেট্রো স্টেশনেও বিস্ফোরক রাখার দাবী করা হয়েছে। পাশাপাশি, আগামী কয়েক দিনের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে হামলার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে ২০০৮ সালের ২৬ নভেম্বরের মতো আরেকটি সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছে বলেও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এই ঘটনার পর মুম্বাইজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। হুমকির সত্যতা যাচাইয়ের পাশাপাশি ই-মেইলটির উৎস ও প্রেরকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে উল্লিখিত স্থানে সত্যিই কোনো বিস্ফোরক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অমিতাভ বচ্চনের বাড়িতে হামলার হুমকির ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ২৩ অক্টোবর একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। সে সময় পাঠানো ই-মেইলে অমিতাভের বাড়ির পাশাপাশি একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের স্থান মহালক্ষ্মী রেসকোর্সে হামলার আশঙ্কার কথা জানানো হয়েছিল।
নিরাপত্তাঝুঁকির কারণে সম্প্রতি নিজের বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করার সময়ও বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে অমিতাভকে। প্রতি রোববার জুহুর বাংলোর বাইরে ভক্তদের অভিবাদন জানানোর দীর্ঘদিনের রীতি রয়েছে তাঁর। তবে সাম্প্রতিক সময়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এই অভিনেতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। বর্তমানে অমিতাভ বচ্চন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনার দায়িত্বে রয়েছেন।হিন্দুস্তান টাইমস অবলম্বনে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ থাকা সত্ত্বেও খুলনা নদীবন্দরের অধীনে মহেশ্বরপাশা দৌলতপুর নগর ঘাটসহ বেশ কয়েকটি খেয়াঘাটের টেন্ডার প্রক্রিয়ার বিরুদ্ধে বিআইডব্লিউটিএ-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা বারাকপুর খেয়াঘাটের বিতর্কিত ইজারা সম্পন্ন করেছে। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র আহ্বান ও ইজারা প্রদানের এই কার্যক্রমকে আদালত অবমাননা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজ্ঞরা। এই ইজারা প্রক্রিয়া একটি শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সম্পন্ন হওয়ায় সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির পাশাপাশি টেন্ডারের স্বচ্ছতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বিআইডব্লিউটিএ-এর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দ্বারা ০৮ এপ্রিল ২০২৬ তারিখে ইস্যু করা দরপত্র বিজ্ঞপ্তি এবং পরে ১২ এপ্রিল ২০২৬ তারিখে উপ-পরিচালক (ইজারা) কর্তৃক প্রকাশিত সম্পূরক টেন্ডার ইনডেক্সের কার্যকারিতার ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৩ এপ্রিল ২০২৬ তারিখে আট সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রদান করেন। সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর- ৩১৫৮/২০২৪-এর প্রেক্ষিতে মহামান্য আদালতের বিচারপতি মোঃ রেজাউল হক এই আদেশ দেন। শেখ আলী আকবরের দায়ের করা এই পিটিশনে রূপসা ফেরী ঘাট, কাস্টমস ফেরী ঘাট, কালীবাড়ী ফেরী ঘাট, মহেশ্বরপাশা দৌলতপুর ফেরী ঘাট, হার্ডবোর্ড/চন্দনী মহল ফেরী ঘাট এবং বারাকপুরঘাট ফেরী ঘাটের দরপত্র স্থগিতের আবেদন জানানো হয়েছিল। আদালতের স্থগিতাদেশ বলবৎ থাকা অবস্থায় বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে দরপত্র আহ্বান ও পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি এবং আদালতের নির্দেশের চরম অবমাননা শামিল।
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলমান এই টেন্ডার প্রক্রিয়ায় একটি শক্তিশালী সিন্ডিকেটের উপস্থিতি স্পষ্ট হয়েছে। বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ ঢাকা কার্যালয়, বিআইডব্লিউটিএ খুলনা কার্যালয় এবং খুলনা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়সহ মোট চারটি গুরুত্বপূর্ণ স্থানে দরপত্র বিক্রয় এবং টেন্ডার বক্স স্থাপন করা হয়েছিল। বারাকপুর খেয়াঘাটের জন্য মোট ১১টি দরপত্র বা সিডিউল বিক্রি হলেও সিন্ডিকেটের একচেটিয়া প্রভাব ও কারসাজির কারণে টেন্ডার বক্সে মাত্র একটি দরপত্র জমা পড়ে। বাকি ১০টি দরপত্রদাতাকে রহস্যজনকভাবে টেন্ডার বক্সে সিডিউল ফেলতে বাধা দেওয়া হয়েছে অথবা সমঝোতা করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ফলস্বরূপ, প্রতিযোগিতাহীন পরিবেশে মেসার্স নোভা এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান একমাত্র দরপত্রদাতা হিসেবে ইজারা পেয়ে যায়। এই ঘাটের জন্য সরকারি প্রাক্কলিত মূল্য বা সরকারি রেট নির্ধারণ করা ছিল ৯ লক্ষ টাকা। কিন্তু মেসার্স নোভা এন্টারপ্রাইজ মাত্র ৯ লক্ষ ৪০ হাজার টাকায় (যাহার সহিত ১৫% মূসক এবং ১০% আয়কর প্রযোজ্য) এই গুরুত্বপূর্ণ ঘাটের ইজারা লাভ করে। উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক টেন্ডার হলে সরকারের রাজস্ব আয় আরও কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার সুযোগ ছিল, কিন্তু মাত্র একটি দরপত্রের ভিত্তিতে ইজারা চূড়ান্ত করায় সরকারের আর্থিক ক্ষতি নিশ্চিত হয়েছে। ৪টি পৃথক স্থানে টেন্ডার বক্স রাখার মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা নিশ্চিত করা, কিন্তু সিন্ডিকেটের কাছে সেই নিরাপত্তাবলয় সম্পূর্ণ ভেঙে পড়েছে। একদিকে মহামান্য আদালতের স্থগিতাদেশ অমান্য করে আইন লঙ্ঘন, অন্যদিকে সিন্ডিকেটের মাধ্যমে একক দরপত্রে নামমাত্র মূল্যে ইজারা প্রদান- এই দুইয়ে মিলে বিআইডব্লিউটিএ-এর গোটা প্রক্রিয়াটি এখন গভীর বিতর্কের মুখে পড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহ, ২৬ নভেম্বর, ২০২৬ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান মন্তব্য করেছেন যে, বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। বর্তমানে জাতিসংঘের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
আজ ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহীদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর বক্তব্যকে উসকানিমূলক উল্লেখ করে বলেন, "আমরা তাদের উসকানিতে পা দেব না।"
তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও এবং অস্থিরতা তৈরি করে কোনো লাভ হবে না। দেশের জনগণ নাশকতার ফাঁদে পা দেবে না বলেও তিনি উল্লেখ করেন।
এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান যে, দেশের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ