০৪:৪৪ পি.এম
স্থানীয় সরকার বিভাগ উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সরকারের কাছে ১৪ দিনের মধ্যে পাঠানোর নির্দেশনা প্রদান করেছে। একইসাথে, সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি কার্যবিবরণীতে উল্লেখ করার জন্য বলা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এই নির্দেশনা প্রেরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারায় পরিষদের প্রত্যেক সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।
আরও পড়ুন: মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
চিঠিতে আরও বলা হয়েছে, নথি পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ নিয়মিত সভার কার্যবিবরণী সরকারের কাছে বিধান অনুযায়ী পাঠাচ্ছে না। এর ফলে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে আইন অনুযায়ী নিয়মিতভাবে উপজেলা পরিষদের কার্যবিবরণী পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমসহ পরিষদের ন্যস্ত বিভাগগুলোর সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি উল্লেখ করার জন্য বলা হয়েছে।
এছাড়া, অগ্রাধিকারমূলক কার্যক্রমের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজের আগে ও পরে পরিস্থিতির তুলনামূলক চিত্র থাকলে তা পাশাপাশি স্থাপন করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি হার্ডকপি সচিব, স্থানীয় সরকার বিভাগ বরাবর পাঠাতে বলা হয়েছে।
আরও পড়ুন: ‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— শ্রমিক নেতাদের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন