ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন গাদি আইজেনকোট


ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন গাদি আইজেনকোট

অক্টোবর মাসের নির্বাচনের পর ইসরাইলের সরকার গঠনের উদ্দেশ্যে একটি ডানপন্থি বিরোধী দলের সঙ্গে জোট গঠনের কথা ঘোষণা করেছেন গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি। মঙ্গলবার ‘ইয়াশার’ পার্টি জানায়, তারা ইসরাইলের ‘আওয়ার হোম’ পার্টির নেতা আভিগদোর লিবারম্যানের সঙ্গে আলোচনা শেষে জোট চুক্তিতে সম্মত হয়েছে।

নির্বাচনে কোনো দল এককভাবে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ গ্রহণ করেছে ইসরাইলের পার্লামেন্ট। ২৭ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিনের সময় দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। প্রয়োজন হলে আরো ১৪ দিনের সময় চাওয়ার সুযোগ রয়েছে। যদি তিনি ব্যর্থ হন, তাহলে নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে। যদি কেউ সরকার গঠনে ব্যর্থ হন, তাহলে আগামী বছর নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: পুতিনের হুঁশিয়ারি: ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য

আরব দল নিয়ে জটিলতা

আইজেনকোটের ইয়াশার পার্টি নির্বাচনে ২১টি আসন এবং লিবারম্যানের আওয়ার হোম পার্টি সাতটি আসন পেয়েছে। আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের বিরোধী লিবারম্যানের সঙ্গে আইজেনকোটের এই জোট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট করেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। বর্তমানে তাদের আসনসংখ্যা ৫৩।

আইজেনকোটের সম্ভাব্য জোটের আসনসংখ্যা ৪৮। তবে ইসরাইলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর ১৯টি আসনের সমর্থন পেলে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও পড়ুন: ভারতে মসজিদে বুলডোজার, আদালত অবমাননার মামলা শুনতে অস্বীকৃতি সুপ্রিম কোর্টের

ঐক্য সরকার নিয়েও আলোচনা

এদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আইজেনকোটের আলোচনা চলছে। তবে এ উদ্যোগে অসন্তোষ প্রকাশ করেছে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি। দলটি আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করেছে।

ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান জানিয়েছেন, নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের পক্ষেই তারা।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন: তরুণদের প্রত্যাশা: অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনে কর্মসংস্থান ও ন্যায়বিচারের দাবি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের শুরুতে অতিথি পাখির কলকাকলিতে মুখর জাবি ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ এম


শীতের শুরুতে অতিথি পাখির কলকাকলিতে মুখর জাবি ক্যাম্পাস

কুয়াশার চাদরে মোড়ানো ভোরের দৃশ্য। লেকের স্থির জলে একঝাঁক হাঁস ভেসে বেড়াচ্ছে। কখনো তারা ডানা মেলে আকাশে উড়ে যাচ্ছে, আবার কখনো খাবারের সন্ধানে পানিতে ডুব দিচ্ছে। চারপাশে পাখির কলকাকলিতে মুখরিত। প্রকৃতির এই স্নিগ্ধ আয়োজন যেন শীতকে বরণ করে নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

তবে এবারের শীতের শুরুটা কিছুটা বেশি আনন্দের। দীর্ঘ দুই বছর পর মৌসুমের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর ও ওয়াইল্ড রেসকিউ সেন্টার এলাকায় পরিযায়ী পাখির দল ফিরে আসতে শুরু করেছে।

প্রতি বছর শীত এলেই ক্যাম্পাস নতুন রূপে সেজে ওঠে। সবুজে ঘেরা বিস্তৃত জলাশয়গুলো ধীরে ধীরে দূরদেশ থেকে উড়ে আসা পাখিদের নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। শীতের হিমেল হাওয়ার সঙ্গে উত্তরের দেশগুলো থেকে আসা এসব পাখির কিচিরমিচিরে ক্যাম্পাস যেন নতুন করে ছন্দময় হয়ে ওঠে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নগরজীবনের কোলাহল থেকে খুব বেশি দূরে নয়। তবে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলেই চারপাশের দৃশ্যপট বদলে যায়। সারি সারি গাছ, সবুজে ঘেরা পথ এবং বিস্তৃত জলাশয় মিলিয়ে এখানে প্রকৃতি যেন আপন ছন্দে বেঁচে আছে। শীতের সকালে সেই ছন্দে নতুন মাত্রা যোগ করে পাখিরা।

ভোরের আলো ফোটার আগেই লেকের পাড়ে পাখির কলকণ্ঠ শোনা যায়। কুয়াশার আবরণ ভেদ করে পানির ওপর ভেসে ওঠে তাদের অবয়ব। কখনো একঝাঁক পাখি একসঙ্গে ডানা মেলে উড়ে যায়, কখনো শান্ত জলের ওপর সারিবদ্ধভাবে ভেসে থাকে। আবার কিছু পাখি হঠাৎ ডুব দিয়ে মুহূর্তেই অন্যত্র মাথা তুলে তাকায়। প্রকৃতির এই দৃশ্যপট নাগরিক জীবনের ব্যস্ততা ও ক্লান্তি ভুলিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন এলাকার লেকে পরিযায়ী পাখির আগমন নিয়ে এবার বাড়তি আশাবাদ তৈরি হয়েছে। দুই বছর ধরে মৌসুমের শেষ দিকে পাখির দেখা মিললেও শুরুর দিকে এ এলাকায় তাদের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছিল। তবে এবার মৌসুমের শুরুতেই পাখিদের ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার জানান, "প্রশাসন ও বিগত জাকসুর সহযোগিতায় নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে এ এলাকার জলাশয়ে এবার প্রায় ৩৫০টি পাখির আগমন ঘটেছে। দীর্ঘ দুই বছর পর আবার নভেম্বরের দিকে পাখি দেখতে পাওয়াটা আমাদের জন্য একটি নতুন বিজয়।"

শুধু পাখির সংখ্যা বৃদ্ধি নয়, মৌসুমের শুরুতেই তাদের ফিরে আসাকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। তাদের মতে, পাখিদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা গেলে প্রতি বছরই এসব জলাশয়ে অতিথি পাখির বিচরণ বাড়ানো সম্ভব।

এ সময় জাবির জলাশয়গুলোতে দেখা মেলে বিভিন্ন প্রজাতির হাঁস ও জলচর পাখির। পাতি সরালি, বড় সরালি, নীলশির হাঁস, খুন্তে হাঁস, পাতি তিলিহাঁস, রাজহাঁস, চোখা ডুবুরি হাঁস ও পাতি ডুবুরির মতো পাখির বিচরণ জলাশয়গুলোকে করে তোলে আরও প্রাণবন্ত। পাশাপাশি কালেম, শঙ্খচিল, খোঁচা ও টিটি পাখির উপস্থিতিও প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।

কিছু পাখি পানিতে ভেসে খাবার খোঁজে, কিছু ডুব দিয়ে শিকার ধরে, আবার কিছু লেকের পাড় ধরে হেঁটে বেড়ায়। আকাশে শঙ্খচিলের চক্কর এবং পানিতে হাঁসের দল—সব মিলিয়ে জাবিতে শীত যেন প্রকৃতির নিজস্ব এক চিত্রশালা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেক, প্রশাসনিক ভবনের আশপাশের জলাশয়, পরিবহন এলাকার লেক ও রংপুকুর—সবখানেই শীতের সময় দেখা মেলে অতিথি পাখিদের। কোথাও তারা দলবদ্ধভাবে ভেসে থাকে, কোথাও খাবার সংগ্রহে ব্যস্ত সময় কাটায়। কোনো জলাশয় তাদের বিশ্রামের জায়গা, আবার কোনোটি সাময়িক আশ্রয়স্থল।

ক্যাম্পাসে শীতের সঙ্গে জড়িয়ে আছে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্মৃতি ও আবেগ। কারো কাছে শীতের সকাল মানেই ক্লাসে যাওয়ার পথে লেকের পাড়ে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকা। কারো কাছে পরীক্ষার প্রস্তুতির ফাঁকে পাখির বিচরণ দেখা। আবার কারো কাছে একাকী কোনো ভোরে পাখির ডাকই হয়ে ওঠে নিঃসঙ্গতা কাটানোর সঙ্গী।

ক্যাম্পাসের লেকপাড় দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পাখির ঝাঁক চোখে পড়লে অনেকেই থমকে দাঁড়ান। কেউ মোবাইলে ধারণ করেন সেই মুহূর্ত, কেউ ক্যামেরায় বন্দি করেন ডানা মেলার দৃশ্য। আবার কেউ কোনো ছবি না তুলেই নীরবে উপভোগ করেন প্রকৃতির এই আয়োজন।

এই বিশ্ববিদ্যালয়কে ‘পাখিদের ক্যাম্পাস’ বলা হয় শুধুমাত্র আবেগের কারণে নয়; দীর্ঘদিন ধরে শীতকালীন পাখির উপস্থিতিও এই পরিচয়কে প্রতিষ্ঠিত করেছে। আশির দশকের মাঝামাঝি সময় থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতের অতিথি পাখির আগমন মানুষের নজরে আসতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের জলাশয়গুলো পরিযায়ী পাখিদের পরিচিত বিচরণক্ষেত্র হিসেবে পরিচিতি পায়।

প্রতি বছর শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পাখি এখানে এসে সাময়িক আশ্রয় নেয়। তাদের আগমন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়। পাখি দেখতে আসেন প্রকৃতিপ্রেমী, আলোকচিত্রী ও বিভিন্ন বয়সের মানুষ।

তবে মানুষের এই আগ্রহের পাশাপাশি পাখিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। লেকপাড়ে অতিরিক্ত মানুষের উপস্থিতি, যানবাহনের চলাচল, উচ্চ শব্দ এবং রাতের বেলায় মানুষের আনাগোনা পাখিদের স্বাভাবিক আচরণে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে বিশ্রাম ও নিরাপদ আশ্রয়ের জন্য জলাশয়ে অবস্থান নেওয়া পাখিরা বিরক্ত বা আতঙ্কিত হলে অন্যত্র চলে যেতে পারে।

পরিবহন এলাকার লেকে পাখির বড় ঝাঁকের অবস্থান পরিবর্তনের ঘটনাও উদ্বেগকে সামনে এনেছে। রাতের বেলায় মানুষের উপস্থিতিতে পাখিদের উড়ে অন্য জলাশয়ে আশ্রয় নেওয়ার ঘটনা মনে করিয়ে দেয়, তাদের জন্য শুধু পানির উপস্থিতিই যথেষ্ট নয়; প্রয়োজন নিরুপদ্রব পরিবেশও।

এছাড়া জলাশয়ের চারপাশের গাছপালা কমে যাওয়া এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের প্রভাব পাখিদের আবাসস্থলের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই জলাশয়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা, পাখিদের বিশ্রামের জায়গা নিরাপদ রাখা, অপ্রয়োজনীয় মানুষের আনাগোনা নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ কমানো জরুরি বলে জানান শিক্ষার্থীরা। তাদের নিরাপদ বিচরণ নিশ্চিত করা গেলে প্রতি বছরই শীতের আগমনী বার্তায় নতুন করে মুখর হয়ে উঠবে পাখিদের এই প্রিয় ক্যাম্পাস।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "দীর্ঘদিন ক্যাম্পাসে পরিযায়ী পাখি আসা বন্ধ ছিল। আমরা পাখিদের নিরাপদ আবাস নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের রংপুকুরে দীর্ঘদিন পর পাখি এসেছে। আমরা পুকুরের লিজ বন্ধ করেছি। যেসব পুকুরে পাখি আসে এসব এলাকায় উচ্চ শব্দে যেকোনো অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।"

তিনি বলেন, "অতিথি পাখিদের নিরাপদ আবাসন নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প প্রশাসন ইকুয়েডরের সঙ্গে যৌথ সামরিক অভিযান স্থগিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ এম


ট্রাম্প প্রশাসন ইকুয়েডরের সঙ্গে যৌথ সামরিক অভিযান স্থগিত করেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইকুয়েডরের সঙ্গে যৌথ সামরিক অভিযানটি স্থগিত করেছে, যা দেশটির নিরাপত্তা বাহিনীর একটি প্রাণঘাতী অভিযানের তদন্ত চলাকালীন নেওয়া হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ইকুয়েডরের বাহিনীর সদস্য কার্লোস জার্মান মুনোজ জারা নিহত হন। মুনোজ ছিলেন দেশটির একটি গ্যাংয়ের উচ্চপদস্থ সদস্য। এই অভিযানের সময় ইকুয়েডরের বাহিনীর দ্বারা সম্ভাব্য অপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগের কারণে যৌথ অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বে, মার্চ মাসে ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া ঘোষণা করেছিলেন যে, তার সরকার যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সঙ্গে যৌথ সামরিক অভিযান পরিচালনা করবে। তিনি এই উদ্যোগকে ‘মাদক-সন্ত্রাসবাদ ও অবৈধ খনির বিরুদ্ধে একটি নতুন পর্যায়’ হিসেবে উল্লেখ করেছিলেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে যৌথ অভিযানটি স্থগিত করা হয়। তবে পেন্টাগনের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া পাওয়া যায়নি।

গত সপ্তাহে পেন্টাগনের প্রধান পিট হেগসেথ ইকুয়েডর সফর করেন এবং প্রেসিডেন্ট নোবোয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় হেগসেথ বলেন, "মাদক-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করার ক্ষেত্রে আপনার (ইকুয়েডরের রাষ্ট্রপতি), আপনার সহযোগীদের এবং ইকুয়েডরে আপনার দলের চেয়ে শক্তিশালী কোনো অংশীদার ওয়াশিংটনের নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্প খাতে সংকট, উৎপাদন ও বিনিয়োগ কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


শিল্প খাতে সংকট, উৎপাদন ও বিনিয়োগ কমেছে

বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, ঋণের উচ্চ সুদহার এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির চাপে দেশের মাঝারি ও বৃহৎ উৎপাদনমুখী শিল্প সংকটে পড়েছে। কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার এক-তৃতীয়াংশের বেশি অব্যবহৃত থাকছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এ খাতের উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কমেছে। উৎপাদন সক্ষমতা ব্যবহারের হার নেমে এসেছে ৬৬ শতাংশে। একই সঙ্গে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানও কমেছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে এসব তথ্য উঠে এসেছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএসের সম্মেলনকক্ষে ‘বিআইডিএস-বিসিআই ইভালুয়েট ১০০ সূচক’-এর প্রথম রাউন্ডের প্রতিবেদন প্রকাশ করা হয়।

জরিপে তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, ইস্পাত, চামড়া ও খাদ্য প্রক্রিয়াকরণসহ ১৪টি প্রধান শিল্প খাতের ১৩০টি কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব কারখানা দেশের মাঝারি ও বৃহৎ শিল্প উৎপাদনের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে।

জরিপের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অটোমোবাইল শিল্পে ২২ শতাংশ, পাটে ১৩ শতাংশ এবং তৈরি পোশাক খাতে ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিপরীতে বস্ত্র খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস খাতে ১২ শতাংশ এবং খাদ্য প্রক্রিয়াকরণে ৯ শতাংশ।

উৎপাদন সক্ষমতা ব্যবহারের ক্ষেত্রেও অবনতি হয়েছে। বস্ত্র খাতে সক্ষমতা ব্যবহারের হার ২০২৫ সালের ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। অর্ধেকেরও কম সক্ষমতা ব্যবহার করছে এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে হয়েছে ২৮টি।

জরিপে অংশ নেওয়া ৯৩ শতাংশ কারখানা জ্বালানি সংকটকে ব্যবসার প্রধান তিন প্রতিবন্ধকতার একটি হিসেবে চিহ্নিত করেছে। ৭৯ শতাংশ কারখানার কাছে এটিই সবচেয়ে বড় সমস্যা।

২০২৫ সালে কারখানাগুলোতে দৈনিক গড়ে দুই ঘণ্টা গ্রিড বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতো। চলতি বছরের এপ্রিল-জুনে তা বেড়ে হয়েছে ৪ দশমিক ১ ঘণ্টা। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার সময় দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ২ ঘণ্টায়।

এতে বিদ্যুৎ ও গ্যাসের মান নিয়ে উদ্যোক্তাদের সন্তুষ্টিও কমেছে। গ্রিড বিদ্যুতের মানে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশ এবং গ্যাসের ক্ষেত্রে ৭০ শতাংশ থেকে ১৭ শতাংশে নেমেছে।

ঘাটতি সামাল দিতে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোয় এলপিজিতে ব্যয় ২৫ শতাংশ, জেনারেটরের জ্বালানিতে ১৫ শতাংশ এবং গ্রিড বিদ্যুতে ৮ শতাংশ বেড়েছে। ফলে কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৩১৬ লাখ টাকা থেকে বেড়ে ৩৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে।

জরিপে দেখা গেছে, মাঝারি ও বৃহৎ শিল্পের মোট কাঁচামাল ব্যয়ের ৭৭ শতাংশ আমদানিনির্ভর। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কারখানাপ্রতি কাঁচামাল ব্যয় ৮৫ কোটি ৭০ লাখ টাকা থেকে বেড়ে ৮৭ কোটি ৬০ লাখ টাকা হয়েছে। ৯৪ শতাংশ কারখানার ভাষ্য, কাঁচামালের দাম গড়ে ১২ শতাংশ বেড়েছে।

পণ্য পরিবহন ব্যয়ও বেড়েছে ১০ শতাংশ। কারখানাপ্রতি এ ব্যয় দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ টাকায়। তবে বন্দর ও কাস্টমস কার্যক্রমে কিছুটা গতি আসায় আমদানি করা কাঁচামাল খালাসের গড় সময় ১২ দশমিক ৪ দিন থেকে কমে ১০ দশমিক ৯ দিনে নেমেছে।

ব্যয় বৃদ্ধি ও ব্যাবসায়িক অনিশ্চয়তায় নতুন বিনিয়োগে বড় ধস নেমেছে। ২০২৫ সালের গড় প্রান্তিকে কারখানাপ্রতি মূলধনি যন্ত্রপাতি কেনায় ব্যয় ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তা কমে মাত্র ১১ লাখ টাকায় দাঁড়িয়েছে। ওষুধ ও রসায়ন খাত ছাড়া প্রায় সব খাতেই যন্ত্রপাতি কেনাকাটা কমেছে।

এর প্রভাব পড়েছে কর্মসংস্থানে। জরিপে অন্তর্ভুক্ত ১৩০টি কারখানায় কর্মসংস্থান ১ শতাংশ কমে ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ জনে নেমেছে। শ্রমিকদের গড় মাসিক মজুরি দাঁড়িয়েছে ২১ হাজার ২৬৩ টাকা। পুরুষ শ্রমিকদের গড় মজুরি ২৩ হাজার ৮৬১ টাকা এবং নারী শ্রমিকদের ১৮ হাজার ৮২০ টাকা।

উদ্যোক্তাদের ব্যাবসায়িক মনোভাবের সূচকেও নেতিবাচক চিত্র উঠে এসেছে। শূন্য থেকে ১০০-এর স্কেলে তৈরি সূচকে ৫০-কে অপরিবর্তিত পরিস্থিতির নির্দেশক ধরা হয়। দ্বিতীয় প্রান্তিকে উৎপাদন, মুনাফা, চাহিদা, প্রবৃদ্ধি ও সার্বিক ব্যাবসায়িক পরিস্থিতির সূচক ছিল ৩৬ থেকে ৪৩-এর মধ্যে। সবচেয়ে খারাপ অবস্থায় মুনাফা সূচক, যার মান ৩৬। জরিপে অংশ নেওয়া প্রায় ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের মুনাফা কমেছে।

জ্বালানি সংকটের পর ঋণের উচ্চ সুদহার ও অর্থায়ন ব্যয় এবং কাঁচামাল সংগ্রহের সমস্যাকে ব্যবসার বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছে ৩৭ শতাংশ করে কারখানা। তবে আগামী জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উৎপাদন সূচক বেড়ে ৫৪-তে উন্নীত হতে পারে বলে আশা করছেন উদ্যোক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানও পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য সংকট। এর পরও সরকার কর্মসংস্থান ও উৎপাদন প্রবৃদ্ধি বাড়াতে বিনিয়োগনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে।

বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরসহ অন্যরা বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে প্রতিবেশীর বাড়ি যেতে ভিসার প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে প্রতিবেশীর বাড়ি যেতে ভিসার প্রয়োজন

সাতক্ষীরার ভোমরা সীমান্তের দুই পাশে পাশাপাশি বাড়ি, একই পুকুর, একই মাঠ এবং শৈশবের বন্ধুত্ব রয়েছে। সীমান্ত পিলারটি মাঝখানে অবস্থান করছে। তবে এক দেশের মানুষ অন্য দেশে থাকা আত্মীয়দের কাছে যেতে এখন পাসপোর্ট ও ভিসার জন্য অপেক্ষা করতে হচ্ছে। কিছু জায়গায় সীমান্ত মানুষের সম্পর্ককে ভাগ করতে পারেনি, আবার কিছু স্থানে বিচ্ছিন্নতার বেদনা হয়ে উঠেছে প্রতিদিনের বাস্তবতা।

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে সীমান্তের দুই পাশে পাঁচ ভাইয়ের পাঁচটি বাড়ি অবস্থিত। ভাইদের মধ্যে চারজন ভারতের নাগরিক এবং ছোট ভাই শওকত গাজী বাংলাদেশের বাসিন্দা। বাড়িগুলোর মাঝে কাঁটাতারের বেড়া নেই, বরং সীমান্ত পিলার রয়েছে। দুই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. পলাশ হোসেন জানান, হাড়দ্দাহ সীমান্তসংলগ্ন এলাকায় বাংলাদেশের ১৫টি এবং ভারতের পানিতর গ্রামে প্রায় ২২টি পরিবার বসবাস করে। দুই গ্রামের মানুষের মধ্যে বাড়িতে যাতায়াত, খাওয়াদাওয়া ও দাওয়াতের সম্পর্ক বিদ্যমান। তবে যাতায়াতের ক্ষেত্রে বিজিবিকে জানাতে হয়।

সীমান্তের নিকটবর্তী শরিফুল ইসলামের চা ও মুদি দোকানে ভারতীয় নাগরিকরাও কেনাকাটা করেন। দুই দেশের শিশুরা একসঙ্গে খেলাধুলা করে। সীমান্ত তাদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়নি।

তবে ভোমরা ইউনিয়নের অন্য অংশে চিত্র ভিন্ন। সেখানে ধানক্ষেতের আইলই দুই দেশের সীমানা। সীমান্তের দুই পাশে বসবাস করলেও অনেকে একে অপরের সঙ্গে কথা বলেন না। বিজিবি ও বিএসএফের টহলের কারণে চলাচলও সীমিত।

১৯৪৭ সালের দেশভাগের ফলে দুই দেশে ছড়িয়ে পড়া অনেক পরিবারের আত্মীয়স্বজন এখনো সীমান্তের ওপারে রয়েছেন। ভোমরা গ্রামের হোসেন গাজীর নানা বাংলাদেশে এলেও নানার ভাই ও দুই বোন ভারতের মুর্শিদাবাদে থেকে যান। মুঠোফোনে যোগাযোগ থাকলেও দেখা করতে ভিসার প্রয়োজন হয়।

পদ্মশাখড়া গ্রামের ৬৫ বছর বয়সী শহিদুল ইসলাম জানান, তার শ্বশুরবাড়ি ভারতের উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে অবস্থিত। তিন মাস আগে শাশুড়ি মারা গেলেও ভিসা না পাওয়ায় শেষবার দেখতে যেতে পারেননি। ভিডিও কলে স্বজনদের দেখেছেন। ২০১৪ সালে সর্বশেষ আত্মীয়দের সঙ্গে দেখা হয়েছিল তার। গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষের আত্মীয়স্বজন ভারতে বসবাস করেন বলে তিনি জানান।

দাসপাড়া গ্রামের কৌশিক দাসের বাড়ির কাছেই সীমান্ত রয়েছে। ওপারে তার মাসির বাড়ি। ছোটবেলায় যাতায়াত করলেও এখন আর যেতে পারেন না। অথচ তার ১৫ জোড়া কবুতর নিয়মিত সীমান্ত পেরিয়ে ওপারে যায় এবং আবার ফিরে আসে।

সীমান্ত দুই দেশকে আলাদা করেছে, কিন্তু কোথাও আত্মীয়তা, বন্ধুত্ব ও স্মৃতিকে আলাদা করতে পারেনি। আবার কোথাও সেই সম্পর্কের কাছে পৌঁছানোর পথ আটকে আছে ভিসা-পাসপোর্টের নিয়মে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%