০১:৪৮ পি.এম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা মিলিয়ে নির্ধারিত ১৫০ টাকার বাজেট বাতিল করার পাশাপাশি খাবারের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ প্রদান করা হয়েছে। এ ছাড়া, কর্মকর্তা-কর্মচারীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানোর অথবা বাসা থেকে খাবার নিয়ে আসার নির্দেশ জারির দাবি করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই আইনি নোটিশটি পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত পছন্দ, মিতব্যয়িতা অথবা রাজনৈতিক সিদ্ধান্তের অংশ হিসেবে ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা গ্রহণের অধিকার রাখেন। এই ক্ষেত্রে তাঁর পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাপনের সিদ্ধান্তের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের খাবারের ব্যবস্থা এক করে দেখা উচিত নয়।
আরও পড়ুন: ‘১৮২ নাগরিক’ তালিকায় ভারতীয় নাগরিক ও কর্মকর্তাদের নাম : দ্য ডিসেন্ট
আইনজীবীর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করেন। তাঁদের শারীরিক সুস্থতা, মানসিক কর্মক্ষমতা এবং দায়িত্ব পালনের সক্ষমতা বজায় রাখতে পর্যাপ্ত পুষ্টিকর খাবার নিশ্চিত করা প্রয়োজন। ঢাকার বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে সুষম খাদ্য নিশ্চিত করা অত্যন্ত কঠিন।
নোটিশে আরও বলা হয়েছে, পর্যাপ্ত পুষ্টির অভাবে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শারীরিক ক্লান্তি এবং মানসিক অবসাদ তৈরি হতে পারে। এর ফলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় নীতি প্রণয়নের সক্ষমতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাযথ খাবারের ব্যবস্থা নিশ্চিত করা তাই অত্যন্ত জরুরি।
এ ক্ষেত্রে সংবিধানের ২১(১), ২১(২) এবং ১৮(১) অনুচ্ছেদের উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, সংবিধানের ২১(২) অনুচেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য জনগণের সেবা করা। অন্যদিকে, ১৮(১) অনুচেদে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা প্রত্যাহার, পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সরকারি বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি অথবা বাসা থেকে নিজস্ব খাবার নিয়ে আসার আনুষ্ঠানিক নির্দেশ জারির দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জ ও দোহারে ডিবির অভিযানে দুই নেতা গ্রেফতার
নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার জন্য জনপ্রতি সম্মিলিত ১৫০ টাকা ব্যয়সীমা নির্ধারণের বিষয়টি প্রকাশ্যে আসে। সরকারি ব্যয় সংকোচন এবং মিতব্যয়িতার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন