শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০৪:৪০ পি.এম
সংসারের অভাব দূর করার উদ্দেশ্যে বাবা-মা তাদের একমাত্র ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। তাদের স্বপ্ন ছিল যে, ছেলে উপার্জন করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবে। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমানো রংপুরের পীরগঞ্জের ২৪ বছর বয়সী তরুণ মনিরুল ইসলাম শেষ পর্যন্ত দেশে ফিরলেন নিথর দেহ হয়ে।
একমাত্র সন্তানের লাশ বাড়িতে পৌঁছানোর পর থেকে চারপাশে শোকের মাতম শুরু হয়েছে। আজ শুক্রবার পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
নিহত মনিরুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের কুমারগাড়ী (চন্দ্রকোনা) গ্রামের ইয়াসিন আলীর ছেলে। তিনি ছিলেন এক ছেলে ও দুই মেয়ের মধ্যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান।
পরিবারের সূত্রে জানা গেছে, ২০২৩ সালের মার্চ মাসে আর্থিক সংকট দূর করতে ধারদেনা করে মালয়েশিয়ায় পাড়ি জমান মনিরুল। তার পাঠানো সামান্য টাকায় কোনোমতে চলছিল চার সদস্যের সংসার। কিন্তু গত ১৫ অক্টোবর হঠাৎ করে মালয়েশিয়া থেকে তার মৃত্যুর সংবাদ পান স্বজনরা।
কিভাবে এবং কী কারণে তার মৃত্যু হলো, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা বা সুনির্দিষ্ট তথ্য পায়নি পরিবার। পরিবারের সদস্যরা দাবি করছেন, মনিরুলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে বিষয়টি যেন তদন্ত করা হয়।
একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা ইয়াসিন আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম সংসারটা একটু সাজাতে। আজ সে ফিরল লাশ হয়ে। এখন আমাদের কী হবে?’
ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে শোকে মুহ্যমান মা বারবার মূর্ছা যাচ্ছেন। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘যাদের সঙ্গে আমার ছেলে থাকত, তারা ফোন করে জানায়—রাতে ঘুমিয়েছিল, সকালে আর ওঠেনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু কী কারণে আমার বুক খালি হলো, তা আমরা জানি না। এখন আমাকে ‘মা’ বলে ডাকবে কে?’
নিহতের চাচা আলতাফ হোসেন বলেন, ‘অনেক আশা নিয়ে ভাতিজাকে বিদেশে পাঠিয়েছিলাম। গত ১৫ অক্টোবর কিভাবে তার মৃত্যু হলো, আমরা তার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ জানতে চাই।’
শুক্রবার সকালে মনিরুলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে তাকে একনজর দেখতে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন ভিড় করেন। জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
প্রতিভাধর এক তরুণের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার ও স্বজনেরা এখন একটাই দাবি করছেন—সরকারের সংশ্লিষ্ট মাধ্যম দিয়ে যেন মনিরুলের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠের নিকটবর্তী এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় পাইলটসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। হেলিকপ্টারটি বদরীনাথ থেকে দেরাদুনের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।
প্রতিবেদন অনুযায়ী, চার্লি এক্স-রে কোম্পানির পরিচালিত হেলিকপ্টারটি হাতি পর্বতের কাছে নিখোঁজ হয়ে যায়। কর্তৃপক্ষ পরে হেলিকপ্টারটির সন্ধানে আরো দুটি হেলিকপ্টার মোতায়েন করে।
সংবাদমাধ্যম এএনআইকে যোশীমঠ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনোহর কানিয়াল জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টা ২১ মিনিটে যোশীমঠের মহকুমা প্রশাসনের কাছ থেকে চায়ি গ্রামের ওপরের এলাকায় হেলিকপ্টারটির জরুরি অবতরণ বা বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (ইউকাডা) কর্মকর্তারা জানিয়েছেন, বদরীনাথ থেকে সাহাস্ত্রধারাগামী ট্রান্স ভারত হেলিকপ্টারটির অবস্থান চায়ি গ্রামের ওপরের সেনা ক্যাম্পের কাছে শনাক্ত করা হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, হেলিকপ্টারটি যোশীমঠের নিকটবর্তী চায়ি গ্রামের পাশে বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধামি উল্লেখ করেছেন, তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিজ ঘর থেকে মো. আয়াস (২২) নামের এক সদস্যকে ধরে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। তিনি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সদস্য ছিলেন। এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামের অপর এক আরএসও সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ।
তিনি জানান, দিবাগত রাত ১২ টার দিকে আরসা সদস্যরা আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে হেফাজতে নিয়ে মারধর করে। মারধরের ফলে আয়াস ঘটনাস্থলেই নিহত হন। ছৈয়দ মোহাম্মদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
রিয়াজ উদ্দিন আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে আরসা সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম, হানিফসহ কয়েকজন এ ঘটনায় জড়িত বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দলে স্থান পেয়েছেন দুই প্রাক্তন তারকা বীরেন্দ্র শেহবাগ ও রাহুল দ্রাবিড়ের পুত্র আর্যবীর শেহবাগ এবং অনভয় দ্রাবিড়। লক্ষ্ম্য রায়চন্দানি দলের অধিনায়ক হিসেবে এবং যশবর্ধন চৌহান সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ১৪ নভেম্বর, ওমানের মাসকাটে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্যের পর ভারত আত্মবিশ্বাসের সঙ্গে এশিয়া কাপে অংশগ্রহণ করছে। সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চার দিনের সিরিজে ভারত ২-০ এবং এক দিনের সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের চার দিনের সিরিজে ভারত ১-০ ব্যবধানে জিতলেও এক দিনের সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার দিনের সিরিজে ভারতের অধিনায়ক রায়চন্দানি ছিলেন সবচেয়ে সফল ব্যাটসম্যান। তিন ইনিংসে তাঁর রান ছিল ২৫০, যার মধ্যে প্রথম ম্যাচে তিনি ২৪০ রানের অসাধারণ ইনিংস খেলেন। এক দিনের সিরিজে সহঅধিনায়ক যশবর্ধন চৌহান সর্বাধিক রান সংগ্রহ করেন, দুই ইনিংসে তাঁর রান ছিল ১৭৬, যার মধ্যে দ্বিতীয় ম্যাচে একটি শতক ছিল।
আর্যবীর শেহবাগও এক দিনের সিরিজে ধারাবাহিকতা প্রদর্শন করেছেন। তাঁর তিন ইনিংসে রান ছিল ২৮, ৪৭ ও ৩৪। উইকেটরক্ষক অনভয় দ্রাবিড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা দুই এক দিনের ম্যাচে ৩৮ ও ৯ রান করেন। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজে তিনি ৬৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন।
ভারতের দলে থাকা অন্যান্য ক্রিকেটারদের মধ্যে কুশাগ্র ওঝা, মানাল চৌহান এবং ডানহাতি মাঝারি গতির বোলার মোহিত উলভা সাম্প্রতিক সিরিজে নজর কেড়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম চার দিনের ম্যাচে ১০ নম্বরে ব্যাট করতে নেমে উলভা মাত্র ৮৪ বলে ৯২ রান করেছিলেন।
এশিয়া কাপে ভারত ‘এ’ গ্রুপে রয়েছে। তাদের সঙ্গে রয়েছে নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।
ভারতের ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত আছেন লক্ষ্ম্য রায়চন্দানি (অধিনায়ক), আর্যবীর শেহবাগ, ভিকে বিনীত, যশবর্ধন চৌহান (সহঅধিনায়ক), কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটরক্ষক), রজত বাঘেল (উইকেটরক্ষক), ভি যশবীর, আরিয়ান সাভসানি, মোহিত উলভা, কাব্য প্যাটেল, শাভিন বিনোদ ও ঈশান সুদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ