০৮:৩৬ পি.এম
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মরদেহ পোড়ানোর অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে দেয়া হাইকোর্টের জামিনটি এখনও বহাল রয়েছে।
আজ রোববার (২১ জুন) রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেয়া তিন মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে। এর মধ্যে এক মামলার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দিয়েছেন।
মমতাজের আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু জানান, ১৫ জুন হাইকোর্ট ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দুজন নিহত ও একটি হত্যাচেষ্টার ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা তিনটি মামলায় মমতাজকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদালত একইসঙ্গে তিনটি পৃথক রুলও জারি করে জানতে চান, কেন এসব মামলায় মমতাজকে স্থায়ী জামিন দেয়া হবে না।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
তিনি আরো বলেন, মমতাজ ইতোমধ্যে আরও তিনটি মামলার আসামি হিসেবে জড়িত।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে মমতাজের পক্ষে আইনজীবী মোতাহার হোসেনের সঙ্গে ছিলেন আইনজীবী মোসাম্মৎ খায়রুন নেছা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন।
গত বছরের ১২ মে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে একটি মামলায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ১৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।
সংগীতশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়াই করেন। তিনি আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন। তবে মমতাজ তাঁর নির্বাচনে জয়ী হতে পারেননি এবং স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হারেন।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন