বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২৬ পি.এম
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আয়োজিত এই দুই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
সকাল সাড়ে ৮টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনির-উজ-জামান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহীন রেজা, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরে আলম খান, নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, শিশু বিভাগের অধ্যাপক ডা. ইব্রাহিম খলিল ফিরোজ, ডার্মাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আকরাম হোসেন, বক্ষব্যাধি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. তৌফিক হাসান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবরার কায়সার এবং ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাসিম হায়দার।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. শাহাদাত জুয়েল, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান সজীব, ড্যাব ঢাকা মহানগর উত্তরের প্রকাশনা সম্পাদক ডা. আরিফ হোসাইন, ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মনজুরুল হাসান মনি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান। এ সময় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মিলন চত্বরে দ্বিতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমি, অধ্যাপক ডা. সায়েফ উল্লাহ, সোসাইটি অব মেডিসিনের সদস্যসচিব অধ্যাপক ডা. জাকারিয়া আল আজিজ, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন নোমান, যুবদলের সাবেক সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, ঢামেক শিক্ষক সমিতির সদস্যসচিব অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসান, ওজিএসবির মহাসচিব ডা. এফ. এম. এনামুল হক, গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মির্জা আসাদুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা এবং ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আর রায়হান। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বলেন, ‘বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি বলেন, একজন চিকিৎসক হিসেবে তিনি মনে করেন, বৃক্ষরোপণকে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে। হাসপাতালে রোগীর চিকিৎসা, ওষুধ ও আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হলেও মানুষ যে পরিবেশে প্রতিনিয়ত শ্বাস নিচ্ছে, সেটি সুস্থ রাখতে না পারলে একটি সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব নয়। বায়ুদূষণের কারণে হাঁপানি, সিওপিডি, ফুসফুসের ক্যানসার, হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ঢাকা শহরের বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ।
অধ্যাপক রফিকূল ইসলাম আরো বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশের পরিবেশ ও প্রতিবেশব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও বেঁচে থাকা নিশ্চিত করতে হবে। দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে বৃক্ষ পরিচর্যার জন্য নির্দিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বা কমিটি থাকা প্রয়োজন।
বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে জিয়াউর রহমান পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়েও জাতীয় বৃক্ষরোপণ কার্যক্রম ও জাতীয় বৃক্ষমেলার মতো উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণকে জনসম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত ছিল।
তিনি আরো বলেন, ২০০৪-২০০৫ সালে তারেক রহমানের উদ্যোগে শুধু ঢাকা শহরেই প্রায় ৮০ হাজার নিমগাছের চারা রোপণ করা হয়েছিল।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বৃক্ষরোপণ কর্মসূচির তাৎপর্য তুলে ধরে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, দেশের চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষার ইতিহাসে এ দুটি প্রতিষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাই হাসপাতালগুলোকে শুধু উন্নত চিকিৎসাসেবার কেন্দ্র নয়, বরং নির্মল বাতাস ও সবুজ পরিবেশের দৃষ্টান্ত হিসেবেও গড়ে তুলতে হবে।
তিনি দেশের প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তার মতে, প্রতিটি শিক্ষার্থী যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ করে এবং সেটির পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতার সংস্কৃতি গড়ে উঠবে।
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে উন্নয়ন, শিল্পায়ন ও আধুনিক নগরায়ণের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যও সুরক্ষিত থাকবে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসক সমাজ, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ‘আমরা শুধু গাছ লাগাতে চাই না, আমরা একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে চাই। আমরা শুধু সবুজায়ন করতে চাই না, আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণ করতে চাই। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে ৩ কিলোমিটার মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নব্বইরশী বাসষ্ট্রান্ড থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রাটি সম্পন্ন হয়। এ সময় মোটর শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।
পরে বাসষ্ট্রান্ডের চৌরাস্ত মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা উল্লেখ করেন, "কোন ষড়যন্ত্রই জাতীয়তাবাদীর শক্তিকে দামিয়ে রাখতে পারবে না।" তারা বলেন, নির্বাচন পরবর্তী একটি দল মনে করেছিলো বিএনপি ঝিমিয়ে পড়েছে। বক্তারা আরও বলেন, বিএনপি কখনও অপশক্তির কাছে মাথা নত করে না। স্থানীয় সকল নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে বিজয় অর্জন করতে হবে। পরবর্তীতে সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজ চত্বরে মোরেলগঞ্জ সদর ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে যুব ক্রিড়া সংস্থার খেলায়ারদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করেন বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উল্লেখ করেছেন, ডা. শামসুল আলম খান মিলন স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে মুক্ত করার উদ্দেশ্যে শহীদ হয়েছেন। তিনি বলেন, সকল কর্তৃত্ববাদী এবং গণতন্ত্রবিরোধী স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ডা. মিলন সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ৮০’র দশকে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় নাম। গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ডা. মিলনের আত্মদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন সরকারের লেলিয়ে দেওয়া পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিগত ১৬ বছরের ভয়াবহ দুঃশাসনে মানুষের ভোট, বাক্ ও ব্যক্তি স্বাধীনতাসহ সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মানুষের জানমালের কোনো ন্যূনতম নিরাপত্তা ছিল না। বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা ছিল অবর্ণনীয়।
তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হলেও ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তবে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। তাই ষড়যন্ত্রকারীরা কখনোই সফলকাম হতে পারবে না।
রুহুল কবির রিজভী বলেন, শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সবসময় আমাদের অনুপ্রাণিত করবে। গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে পারলেই ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হবে। তিনি শহীদ ডা. মিলনের শাহাদাত বার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জ্যৈষ্ঠ মাসের এক উজ্জ্বল, তপ্ত সকালে ঈদুল আজহারের আনন্দের আবহ তখনো বিদ্যমান ছিল। নাগরিক কোলাহল এবং দৈনন্দিন জীবনের ব্যস্ততা পেছনে ফেলে, নতুন ইতিহাসের সন্ধানে মন ব্যাকুল হয়ে উঠেছিল। ছুটির অলস সময়গুলোতে পরিচিত ও অচেনা ঐতিহাসিক স্থানগুলোকে দেখা আমার দীর্ঘদিনের এক মায়াবী শখ। সেই ভালো লাগার টানে, ঈদের পরের দিন, এক পবিত্র শুক্রবার সকালে, আমরা দক্ষিণবঙ্গের এক অনন্য ও রহস্যময় পুরাকীর্তি 'ভরত ভায়নার দেউল' দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম, যা স্থানীয় মানুষের হৃদয়ে 'ভরত রাজার দেউল' নামে অমর হয়ে আছে।
আমাদের যাত্রা শুরু হয়েছিল সাতক্ষীরা থেকে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পিচঢালা পথে, চুকনগর পেরিয়ে, যখন আমাদের গাড়ি ভায়না বাজারে পৌঁছাল, তখন চারপাশের গ্রাম্য মসজিদে জুম্মার আজান ধ্বনিত হচ্ছিল। তপ্ত রোদে ক্লান্ত হয়ে যখন দেউল প্রাঙ্গণে পা রাখলাম, তখন সেখানে নামাজের পবিত্র প্রস্তুতি চলছিল। দায়িত্বরত নিরাপত্তাকর্মী বিনীতভাবে আমাদের নামাজের পর আসার অনুরোধ জানালেন।
কিছু সময় অপেক্ষার পর, নামাজ শেষে মাত্র দশ টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করলাম ইতিহাসের এক প্রাচীন ও নিস্তব্ধ সাম্রাজ্যে। প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে পা রাখতেই বাম পাশে চোখ জুড়িয়ে দিল এক বিশাল, প্রাচীন বটবৃক্ষ। তার সুশীতল ছায়ার নিচে সগৌরবে দাঁড়িয়ে ছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি তথ্য বোর্ড। সেখান থেকে ইতিহাসের প্রথম পাঠটুকু শেষ করে, ক্যামেরার ফ্রেমে কিছু স্মৃতি বন্দি করে আমরা ধীরে ধীরে পুরো দেউল প্রাঙ্গণ প্রদক্ষিণ করতে লাগলাম। একসময় পা বাড়ালাম দেউলের শীর্ষের দিকে।
আমাদের মতো সেখানে আরও অনেক উৎসুক মানুষের সমাগম ঘটেছিল। কেউ সপরিবারে আনন্দের ক্ষণ ভাগ করতে এসেছিলেন, কেউবা বন্ধুদের সঙ্গে আড্ডায় মুখর ছিলেন। বর্তমান যুগের ডিজিটাল হাওয়া সেখানে প্রবাহিত হচ্ছিল; কয়েকজন ভিডিও কনটেন্ট নির্মাতা ব্যস্ত ছিলেন ভিডিও ধারণে, কেউবা ক্যামেরার ফ্রেমে বন্দি করছিলেন দেউলের প্রাচীন রূপ।
কিন্তু প্রকৃতির মন বোঝা বড় দায়। হঠাৎ দুপুরের তপ্ত নীল আকাশ কালো মেঘে ঢেকে গেল। জ্যৈষ্ঠের চাদর ফুঁড়ে আচমকা ধেয়ে এলো কালবৈশাখী ঝড়, এবং তার সাথে প্রবল বৃষ্টি। দেউলের শীর্ষ থেকে তাড়াহুড়ো করে নেমে আমরা আশ্রয় নিলাম কাছের একটি দোকানে। ততক্ষণে আমরা একদম কাকভেজা হয়ে গিয়েছিলাম। প্রকৃতির এই রুদ্ররূপ চলল দু'দফায়। মেঘের আড়ালে সূর্য কখন যে লুকিয়ে গেল, টের পাইনি। মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি চারপাশ জুড়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। ঝড় থামলেও ইলশেগুঁড়ি বৃষ্টি তখনো থামেনি। অগত্যা সেই বৃষ্টি মাথায় নিয়েই আমাদের ফেরার পথ ধরতে হলো। রোদ আর বৃষ্টির এই আলোছায়ার খেলা ভ্রমণটিতে এক অন্যরকম রোমাঞ্চ যোগ করেছিল।
খুলনা ও যশোর সীমান্তের ঠিক কোল ঘেঁষে, যশোর জেলার কেশবপুর উপজেলার ভদ্রা নদীর পশ্চিম তীরে শান্ত-স্নিগ্ধ এক লোকালয় এই ভরত ভায়না গ্রাম। কেশবপুর সদর থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় আঠারো কিলোমিটার দূরে এই নিভৃত গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আনুমানিক দেড় হাজার বছরেরও বেশি পুরোনো এই পুরাকীর্তি। দূর থেকে দেখলে মনে হয় যেন এক টুকরো পাহাড়পুর বৌদ্ধবিহার সবুজ কাননের বুকে জেগে আছে।
স্থানীয় মানুষের মুখে মুখে ভরত রাজার নাম জড়িয়ে থাকলেও, প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা এখানকার প্রাচীন ইট ও প্রাপ্ত বিভিন্ন পোড়ামাটির মূর্তি গবেষণা করে নিশ্চিত হয়েছেন যে, এটি মূলত খ্রিষ্টীয় ৩য় থেকে ৬ষ্ঠ শতকের তথা আদি ঐতিহাসিক যুগের একটি প্রাচীন বৌদ্ধমন্দির। খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশে আদি ঐতিহাসিক যুগের এমন স্থাপনা সত্যিই বিরল। তাঁর জানামতে, ভরত ভায়না মন্দিরই হচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র আদি ঐতিহাসিক যুগের প্রাচীন নিদর্শন।
ইতিহাসের পাতা ওল্টালে জানা যায়, ১৯২২ সালে তৎকালীন ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এই রহস্যময় ঢিবিটি সংরক্ষণের আওতাভুক্ত করে। এর পরের বছর, ১৯২৩ সালে প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক কাশিনাথ দীক্ষিত এই ঢিবিতে সূক্ষ্ম জরিপ পরিচালনা করেন। তিনি মন্তব্য করেছিলেন, এই মাটির ঢিবির নিচে লুকিয়ে আছে পঞ্চম শতকের এক প্রাচীন বৌদ্ধমন্দির, যা হয়তো চীনা পরিব্রাজক হিউয়েন-সাং বর্ণিত সমতটের সেই বিখ্যাত ত্রিশটি সংঘারামেরই একটি। সে সময় তিনি এর সুরক্ষায় কিছু সীমানা পিলারও স্থাপন করেছিলেন, যদিও পরবর্তী সময়ে সুযোগসন্ধানী মানুষের লোভের গ্রাসে সেই সব মূল্যবান প্রাচীন সম্পদ লুণ্ঠিত হয়ে যায়।
অনুমিত এই মূল মন্দিরটি ১ একর ২৯ শতক জমির ওপর বিস্তৃত। দেশ স্বাধীন হওয়ার পর, বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৮৫ সালে প্রথম এই ঢিবিতে খননকাজ শুরু করে। এর এক দশক পর, ১৯৯৫-৯৬ সালে পুনরায় এখানে ইতিহাসের গভীর অনুসন্ধান চালানো হয়। তখন থেকে শুরু করে, ১৯৯৬-৯৭ সালের বিরতি বাদে ২০০০-০১ সাল পর্যন্ত প্রতি মৌসুমে এখানে খননকাজ অব্যাহত থাকে, যা আজ অব্দি সম্পূর্ণ শেষ হয়নি। দীর্ঘদিনের এই খননকাজের ফলে একটি প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষের অংশবিশেষ উন্মোচিত হয়েছে। তা দেখে খুব সহজেই অনুমান করা যায় যে, স্থাপনাটির মূল উপরি-কাঠামোটি কালের আবর্তে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যে দৃশ্যমান কাঠামোটি পর্যটকদের মুগ্ধ করে, তা মূলত বিনষ্ট হওয়া সেই প্রাচীন অট্টালিকার এক বিশাল ভিত্তি বা উঁচু मंच।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের করা নকশা ও স্কেচ থেকে এই মন্দিরের এক বিস্ময়কর স্থাপত্যশৈলীর পরিচয় মেলে। এর পুরো অবয়ব জুড়ে মোট ৮২টি বদ্ধ প্রকোষ্ঠ ধাপে ধাপে ওপরের দিকে উঠে গেছে। ঢিবির ঠিক শীর্ষের দেয়াল প্রায় নয় ফুট প্রশস্ত, যার ভেতরে রয়েছে চারপাশের বর্গাকৃতির চারটি প্রকোষ্ঠ। ধারণা করা হয়, মূল অট্টালিকার প্রধান কক্ষটি এই প্রকোষ্ঠগুলোর ওপরই নির্মাণ করা হয়েছিল। এর ঠিক নিচের অর্থাৎ দ্বিতীয় ধাপের দেয়ালটি তিন ফুট চওড়া এবং এখানে রয়েছে বিভিন্ন আকৃতির ১৯টি প্রকোষ্ঠ। আবার পরবর্তী ধাপে রয়েছে ১৮টি প্রকোষ্ঠ। সাড়ে তিন ফুট চওড়া দেয়ালের চতুর্থ ধাপটিতে আবার ১৯টি বদ্ধ প্রকোষ্ঠের দেখা মেলে। আর একদম শেষ ধাপে ১০ থেকে ১৩ ফুট চওড়া দেয়ালের ভেতর লুকিয়ে আছে ২২টি বদ্ধ প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠগুলোর ঠিক নিচেই রয়েছে ভক্ত ও পরিব্রাজকদের জন্য তৈরি প্রায় দশ ফুট চওড়া একটি সুদীর্ঘ প্রদক্ষিণ পথ। মূল মন্দিরের চারদিকে চারটি প্রবেশপথ রয়েছে, যার অবয়বে এখন পর্যন্ত সাতটি প্রকোষ্ঠ উন্মোচিত হয়েছে। তবে এর অনন্য গঠনশৈলী বিবেচনা করে বিশেষজ্ঞরা ধারণা করেন, পূর্ব দিকটাই ছিল এই মন্দিরের মূল প্রবেশদ্বার।
এই মন্দিরের আরেকটি সবচেয়ে বড় বিস্ময় লুকিয়ে আছে এর ইটের মাঝে। এর নির্মাণে যে বিশাল আকৃতির ইট ব্যবহার করা হয়েছে, তার পরিমাপ দৈর্ঘ্যে ৩৬ সেন্টিমিটার, প্রস্থে ২৬ সেন্টিমিটার এবং পুরুত্বে ৬ সেন্টিমিটার। এত বড় ও ভারী ইট এই অঞ্চলের আর কোনো প্রাচীন পুরাকীর্তিতে বা ঐতিহাসিক নিদর্শনে ব্যবহৃত হতে দেখা যায়নি। কেবল এই বিশাল স্থাপত্যিক ধ্বংসাবশেষই নয়, এই ঢিবির বুক চিরে উদ্ধার করা হয়েছে ইতিহাসের আরও অনেক অমূল্য স্মারক। যার মধ্যে রয়েছে গুপ্তযুগের একটি সুনিপুণ পোড়ামাটির মাথা, পোড়ামাটির মানুষের হাত ও পায়ের কয়েকটি ভগ্ন টুকরো, কয়েকটি মাটির প্রাচীন প্রদীপ, অলংকৃত ইটের টুকরো, প্রাচীন মানুষের পদচিহ্ন-সংবলিত দুটি অনন্য ইটের টুকরো এবং একটি মাটির ক্ষুদ্র পাত্র। কালের ধুলোবালি মেখে টিকে থাকা এই ঐতিহাসিক সম্পদগুলো বর্তমানে খুলনা বিভাগীয় জাদুঘরে পরম যত্নে সংরক্ষিত রয়েছে। যাঁরা যান্ত্রিক জীবনের ক্লান্তি মুছে ইতিহাসের এই প্রাচীন আঙিনায় হারিয়ে যেতে চান, তাঁদের জন্য ভরত ভায়না যাওয়ার পথটি বেশ সহজ ও মনোরম। খুলনা নগরের দৌলতপুর থেকে ডুমুরিয়ার শাহপুর বাজার হয়ে সামনে মিকশিমিল সড়ক ধরে এগিয়ে, ভদ্রা নদীর সেতু পার হয়ে কিছুদূর গেলেই চোখে পড়বে ছায়া-সুনিবিড় ভরত ভায়না গ্রাম। অসংখ্য গাছগাছালি, বাঁশবাগান আর পাখির কলরবে মুখরিত মেঠো রাস্তা ধরে হাঁটতে থাকলেই একসময় দূর থেকে নজরে পড়ে দেউলের চূড়া। আবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া বা চুকনগর বাসস্ট্যান্ড হয়েও খুব সহজে লোকাল বাহনে চড়ে এখানে পৌঁছানো যায়। সময়ের বিবর্তনে আর মানুষের অবহেলায় ভরত ভায়না দেউল আজ হয়তো তার পূর্বের জৌলুস হারিয়েছে, কিন্তু এর প্রতিটি প্রাচীন ইটের ভাঁজে, বটবৃক্ষের পাতার মর্মরে আজও ফিসফিস করে কথা বলে ওঠে দেড় হাজার বছরের পুরোনো এক হারিয়ে যাওয়া সভ্যতা। রোদ-ঝড়-বৃষ্টির সেই দিনে ইতিহাসের মুখোমুখি দাঁড়ানোর এই অনুভূতি আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে চিরকাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্পষ্টভাবে জানিয়েছেন, জুলাই সনদ ভিত্তিক গণভোটের গণরায় মেনে না নিলে সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না। তিনি উল্লেখ করেন, এটি তাদের জন্য একটি আপসহীন (আনকম্প্রোমাইজিং) ইস্যু এবং ১১ দলীয় জোটবদ্ধভাবে তারা সরকারের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় ঐক্যের সংলাপ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংসদ ভবনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনার পর থেকেই জাতীয় ঐক্যের সংলাপের বিষয়টি সামনে এসেছে। প্রকৃতপক্ষে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকেই এই সংলাপের সূচনা হয়েছে। বিরোধী দলীয় নেতা দেশের বাইরে থাকায় এখনো সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে প্রতিদিনই সরকারের সঙ্গে যোগাযোগ ও আলাপ-আলোচনা চলছে। তিনি দেশে ফিরলেই ১১ দলীয় জোটের বৈঠকে আলোচনা সূচি ঠিক করে ঐক্যবদ্ধভাবে সংলাপে অংশ নেওয়া হবে।
জুলাই সনদ পাশ কাটিয়ে জাতীয় ঐক্যে সাড়া দেওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রশ্নই আসে না। আমাদের বিরোধী দলীয় নেতা সংসদে এবং চায়ের দাওয়াতেও স্পষ্টভাবে বলেছেন, এটি আমাদের কাছে একেবারেই আপসহীন ইস্যু। জুলাই সনদ ভিত্তিক অনুষ্ঠিত গণভোটের গণরায় মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য আলাদা করে ডাক দেওয়ার প্রয়োজনই পড়বে না। গণভোটের রায় না মেনে সরকারই আধিপত্যবাদবিরোধী ৭০ শতাংশ জনতার মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছে। সরকারকে এই গণরায় মেনে নিতে হবে, তা না হলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না।
নির্বাচন ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ইসির মতবিনিময় সভায় ১১ দলীয় জোটবদ্ধভাবেই অংশ নেবে। এ ছাড়া কিশোরগঞ্জ উপনির্বাচনেও জামায়াত অংশ নেবে এবং সেখানে ড. জিহাদ খান দলীয় প্রার্থী হিসেবে থাকবেন। তবে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপির নির্বাচন বিষয়ক কমিটির সদস্য শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া নির্লজ্জ দলীয়করণের বড় উদাহরণ।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় ও সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ভারতীয় মন্ত্রীদের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী এবং জুলাই অভ্যুত্থানের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
#ডব্লিউএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ