১২:০১ পি.এম
এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। এবছর বোর্ডের অধীনে ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ হাজার ২৭২ জন সফলভাবে পাস করেছে এবং জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ৩১৩ জন। তবে, উদ্বেগজনক তথ্য হলো, বোর্ডের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, মাত্র চারটি প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।
বোর্ডের সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৭ হাজার ৮৯০ জন অকৃতকার্য হয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪০ দশমিক ৭৩ শতাংশ এবং মানবিক বিভাগে ৪১ দশমিক ৪৫ শতাংশ।
আরও পড়ুন: পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে তুলনামূলকভাবে ভালো ফলাফল হলেও ইংরেজি ও উচ্চতর গণিতে শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক নয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম মন্তব্য করেন, "এ বছর ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি।" তিনি আরও বলেন, "অন্যদিকে, চারটি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। বিজ্ঞান বিভাগে ফলাফল তুলনামূলক ভালো হলেও ইংরেজি ও উচ্চতর গণিতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল করতে পারেনি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন