ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২০ টাকা টোল নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা আব্দুল বারেককে পিটিয়ে হত্যার অভিযোগ


২০ টাকা টোল নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা আব্দুল বারেককে পিটিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোনার মদন পৌরসভার ইজারাদারের টোল আদায়কারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ৭০ বছর বয়সী আব্দুল বারেক নামে এক জুলাইযোদ্ধাকে হত্যা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) চাঁনগাও ইউনিয়নের মড়লবাড়ির সামনে ২০ টাকা ‘টোল’ আদায় নিয়ে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত আব্দুল বারেক চাঁনগাও ইউনিয়নের চকপাড়ার মৃত আব্দুল গণির পুত্র। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে তার চোখ হারান। এ ঘটনায় মদন থানার পুলিশ আতিকুল ইসলাম নামের ১৯ বছর বয়সী এক যুবককে আটক করেছে। তিনি পৌরসভার আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পৌরসভায় চলাচলরত যানবাহন থেকে টোল আদায় করার জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নিয়েছিলেন। তবে অভিযোগ রয়েছে যে, তিনি নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পৌরসভার বাইরে টোল আদায় করে আসছিলেন।

আরও পড়ুন: জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারীর প্রাণ গেল, আটক ২

সোমবার ময়মনসিংহ থেকে মদন আসার পথে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে মারামারির ঘটনা ঘটে। এই সময় অটোরিকশাতে থাকা জুলাইযোদ্ধা আব্দুল বারেক গুরুতর আহত হন। পরে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি সালাউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রীতিকর ঘটনা ঘটলে রাষ্ট্রের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী মামলা করবে: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


অপ্রীতিকর ঘটনা ঘটলে রাষ্ট্রের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী মামলা করবে: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

অপ্রীতিকর ঘটনা ঘটলে রাষ্ট্রের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী মামলা করবে, এ কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি মন্তব্য করেছেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদে বিশ্বাসী সরকার ছিল। বিএনপি ফ্যাসিবাদে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কিছু নির্দিষ্ট এলাকায় আগুন-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করেছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঝালকাঠির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য অনুষ্ঠিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি ভেসে আসেনি। তাই বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। অনুগ্রহ করে কেউ বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবেন না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। দেশে কাউকে উশৃঙ্খল কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মেরিন সুলতানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেজর লিগ সকার: প্লে-অফের ম্যাচের আগে বিপাকে হিউস্টন ডায়নামো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


মেজর লিগ সকার: প্লে-অফের ম্যাচের আগে বিপাকে হিউস্টন ডায়নামো

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ রাউন্ড ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগামী মঙ্গলবার এমএলএসের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হিউস্টন ডায়নামো বড় বিপদে পড়েছে। ক্লাবটির মেক্সিকোর তারকা মিডফিল্ডার হেক্টর হেরেরা একটি বড় কাণ্ড ঘটিয়েছেন। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

হিউস্টন ক্রনিকলের প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জানা যাচ্ছে, মন্টগোমারি কাউন্টিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে হিউস্টন ডায়নামোর মেক্সিকান মিডফিল্ডার হেক্টর হেরেরার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ক্লাবটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "শুক্রবার রাতে হেক্টর হেরেরাকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে হিউস্টন ডায়নামো অবগত আছে। ক্লাব এবং মেজর লিগ সকার (এমএলএস) এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের কাজ করছে। উপযুক্ত সময় না আসা পর্যন্ত আমরা এ নিয়ে আর কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব।"

এখন ক্যালিফোর্নিয়ার সান হোসেতে হিউস্টনের প্লে-অফ পর্ব শুরু হতে মাত্র কয়েক দিন বাকি রয়েছে, এর মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

শেরিফ অফিসের জনসংযোগ পরিচালক মিরান্ডা হাহস জানিয়েছেন, ৩৬ বছর বয়সী এই ফুটবলার মন্টগোমারি কাউন্টি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

তবে হাহস এই খেলোয়াড়ের জামিনের বিষয়ে পরবর্তী কোনো প্রশ্নের উত্তর দেননি। ঘটনার বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

তিজুয়ানায় জন্ম নেওয়া এই মিডফিল্ডার ২০২২ সালে ৫ মিলিয়ন ডলারেরও বেশি পারিশ্রমিক পেয়ে ডায়নামোর সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্মার্টফোনের নেশায় বাবা-মা, সন্তানেরা বিরক্ত ও অসন্তুষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


স্মার্টফোনের নেশায় বাবা-মা, সন্তানেরা বিরক্ত ও অসন্তুষ্ট

একসময় বাবা-মা সন্তানের হাতে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার দেখলে তাদের বকাঝকা করতেন। পড়াশোনার ক্ষতি, চোখের সমস্যা কিংবা সময় নষ্টের কথা বলে সন্তানদের ফোন থেকে দূরে থাকতে বলতেন। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সেই চিত্র এখন বদলে গেছে। বর্তমানে অনেক পরিবারে দেখা যাচ্ছে, সন্তানের পরিবর্তে বাবা-মায়েরাই ঘণ্টার পর ঘণ্টা স্মার্টফোনে ব্যস্ত থাকছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো, ইউটিউবে ভিডিও দেখা কিংবা একের পর এক রিলস স্ক্রল করতে করতেই কাটছে তাদের অবসর। আর তখনই সন্তানদের মুখে শোনা যাচ্ছে সেই পরিচিত কথা—‘ফোন রাখো’।

বদলে গেছে অভ্যাস

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং বিনোদন, তথ্য সংগ্রহ, কেনাকাটা ও দৈনন্দিন নানা কাজের সঙ্গী হয়ে উঠেছে। ফলে বয়স নির্বিশেষে মানুষের জীবনে এর ব্যবহার বেড়েছে। আগে যেখানে তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রবণতা বেশি দেখা যেত, এখন বাবা-মায়েরাও ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সময় কাটাচ্ছেন।

বিশেষ করে ছোট ভিডিও বা রিলস দেখার অভ্যাস অনেকের অবসরের বড় অংশ দখল করে নিচ্ছে। একটি ভিডিও দেখতে গিয়ে পরেরটি, তারপর আরেকটি—এভাবে কখন যে দীর্ঘ সময় পার হয়ে যায়, তা অনেকেই বুঝতে পারেন না। কেউ রান্নার ভিডিও দেখছেন, কেউ খবর বা বিনোদনের কনটেন্ট, আবার কেউ পরিচিতদের পোস্ট ও ভিডিও দেখতে ব্যস্ত থাকছেন।

সন্তানদের অভিযোগ, সময় দেন না বাবা-মা

বাবা-মায়ের অতিরিক্ত ফোন ব্যবহারে অনেক সময় সন্তানেরা বিরক্ত হয়ে পড়ছে। যখন কোনো কথা বলতে গেলে কিংবা একসঙ্গে সময় কাটাতে চাইলে অভিভাবকদের মনোযোগ থাকে ফোনের পর্দায়। একই ঘরে বসে থেকেও পরিবারের সদস্যদের মধ্যে কথাবার্তা কমে যাওয়ার এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে।

আগে সন্তান ফোনে ব্যস্ত থাকলে বাবা-মা যেমন বিরক্ত হতেন, এখন অনেক সন্তানও অভিভাবকদের ফোন রেখে দিতে বলে। কখনো মজা করে, কখনো বিরক্ত হয়ে তারা মনে করিয়ে দেয়—অনেকক্ষণ ধরে ফোন দেখা হচ্ছে। বিশেষ করে ছোট শিশুরা বাবা-মায়ের কাছ থেকে মনোযোগ না পেলে নিজেদের মতো করে সময় কাটাতে শুরু করতে পারে।

শুধু বিনোদন নয়, নির্ভরতার জায়গাও

বাবা-মায়ের ফোন ব্যবহারের পেছনে কেবল বিনোদনই দায়ী নয়। অনেকেই এখন ফোনে ব্যাংকিং, কেনাকাটা, অফিসের কাজ, খবর পড়া, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগসহ নানা প্রয়োজনীয় কাজ করেন। দূরে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতেও স্মার্টফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তবে প্রয়োজনীয় কাজের পাশাপাশি অকারণে বারবার ফোন দেখা বা দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটানোর অভ্যাস তৈরি হলে দৈনন্দিন কাজে মনোযোগ কমতে পারে। কখনো ঘুমের সময়ও পিছিয়ে যায়। ফলে ফোন ব্যবহারের প্রয়োজন ও অভ্যাসের মধ্যে পার্থক্য বোঝা জরুরি।

শিশুরা যা দেখে, তা-ই শেখে

শিশুরা বড়দের আচরণ দেখে অনেক কিছু শেখে। যদি বাবা-মা নিয়মিত খাবারের সময়, পারিবারিক আড্ডায় কিংবা সন্তানদের সঙ্গে কথা বলার সময় ফোনে ব্যস্ত থাকেন, তাহলে শিশুরাও একই অভ্যাসকে স্বাভাবিক মনে করতে পারে। তাই সন্তানকে শুধু ফোন কম ব্যবহারের পরামর্শ দিলেই হবে না, অভিভাবকদের নিজেদের আচরণেও সচেতন হতে হবে।

শিশুদের জন্য বড়দের আচরণ গুরুত্বপূর্ণ উদাহরণ। পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটানোর সময় ফোন দূরে রাখলে এবং নির্দিষ্ট সময়ে ফোন ব্যবহারের অভ্যাস গড়ে তুললে শিশুরাও তা অনুসরণ করতে পারে।

ফোন ব্যবহারে ভারসাম্য জরুরি

স্মার্টফোন পুরোপুরি বাদ দেওয়া বাস্তবসম্মত নয়। বরং কখন, কতক্ষণ এবং কী প্রয়োজনে ফোন ব্যবহার করা হচ্ছে, সেদিকে নজর দেওয়া দরকার। পরিবারের সবাই মিলে কিছু নিয়ম তৈরি করতে পারেন। যেমন—খাবারের সময় ফোন ব্যবহার না করা, ঘুমানোর আগে স্ক্রিন থেকে বিরতি নেওয়া এবং প্রতিদিন কিছুটা সময় ফোন ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো।

সন্তানদের ফোন ব্যবহারের ক্ষেত্রে যে সচেতনতার কথা বাবা-মা এত দিন বলে এসেছেন, সেই সচেতনতা এখন তাদের নিজেদের জন্যও প্রয়োজন। কারণ প্রযুক্তির ব্যবহার বয়স দেখে বদলায় না; প্রয়োজন শুধু এর সঙ্গে জীবনের ভারসাম্য বজায় রাখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেছে

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড় ও সাঙ্গু নদীর বাঁক পেরিয়ে মেঘের কোলে গড়ে ওঠা জনপদ তিন্দু। এখানে প্রকৃতির অপার সৌন্দর্যের আড়ালে পাহাড়ি মানুষের প্রতিদিনের কঠিন জীবনযাপন লুকিয়ে রয়েছে। এই দুর্গমতাকে জয় করে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’-এর সকল শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নতুন ব্যাগ, খাতা-কলম ও শিক্ষা সামগ্রী হাতে পেয়ে পাহাড়ের কোমলমতি শিশুদের চোখেমুখে ফুটে উঠেছে উচ্ছ্বাস ও নতুন স্বপ্নের ঝিলিক। সরকারি স্বীকৃতির পর বেসরকারি এই উদ্যোগ দুর্গম পাহাড়ে শিক্ষার প্রসারে নতুন গতির সঞ্চার করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন জানান, বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসবিজির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।

পাহাড়ের এই পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার পথকে কিছুটা সহজ করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের মতে, হতদরিদ্র এই শিশুদের জন্য শিক্ষা সামগ্রীর এই সহায়তা কেবল কিছু উপকরণ নয়, বরং এটি তাদের এগিয়ে যাওয়ার বড় মানসিক শক্তি।

এর ফলে পরিবারের ওপর থেকে কিছুটা আর্থিক চাপ কমবে, তেমনি শিক্ষার্থীরাও নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবে। সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের এই সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড স্থানীয় সচেতন মহলেও ব্যাপক প্রশংসিত হয়েছে।

এসবিজির এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড প্রেস মিডিয়া কো-অর্ডিনেটর মাসুদুর রহমান বলেন, 'বিষয়টি জানার পর এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহান স্যারকে অবহিত করা হয়। চেয়ারম্যান স্যার তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।'

মাসুদুর রহমান আরও বলেন, 'বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করি ভবিষ্যতেও এই বিদ্যালয় ও শিক্ষার্থীদের পাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।'

নতুন ব্যাগ ও শিক্ষা সামগ্রী পেয়ে উচ্ছাসিত ৮ম শ্রেণীর শিক্ষার্থী নিবেত খুমী ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী সুমিয়া অং খুমী জানান, নতুন শিক্ষা সামগ্রী পেয়ে ভাল লাগছে। এটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয়।

তিন্দু ও এর আশপাশের পাহাড়ি অঞ্চলে শিক্ষার সুযোগ এখনো অত্যন্ত সীমিত। ভৌগোলিক দুর্গমতা ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এই অঞ্চলের শিশুদের জন্য প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক স্তরে পড়াশোনা চালিয়ে যাওয়া একটি বড় চ্যালেঞ্জ। তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের আশপাশে প্রায় ১৯ কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। ফলে এই বিশাল দুর্গম জনপদের শিক্ষার্থীদের জন্য এটিই শিক্ষার একমাত্র আশ্রয়স্থল।

কেবল তিন্দু নয়, পাশের রিমাক্রি, বলিপাড়া এবং থানচি সদর ইউনিয়নের অত্যন্ত দুর্গম পাড়াগুলো থেকেও শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে। পাহাড়ি পথ ও সাঙ্গু নদীর ঝুঁকিপূর্ণ জলপথ পাড়ি দিয়ে প্রতিদিন তাদের স্কুলে আসতে হয়।

এই বিদ্যালয়ের সিংহ ভাগ শিক্ষার্থীই উঠে এসেছে অত্যন্ত হতদরিদ্র পরিবার থেকে। জুমচাষ ও দিনমজুরির ওপর নির্ভরশীল অভিভাবকদের পক্ষে সংসার চালানোই যেখানে দায়, সেখানে সন্তানদের জন্য নিয়মিত স্কুল ব্যাগ, খাতা-কলম বা অন্যান্য শিক্ষা উপকরণ কিনে দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অভাবের তাড়নায় অনেক সময় মেধাবী শিক্ষার্থীরাও ঝরে পড়ে নিয়মিত।

তিন্দু ইউনিয়ন পরিষদের একাধিকবারের চেয়ারম্যান মং প্রু অং মারমা ২০০৩ সালে তাঁর এলাকায় এসএসসি পাস করা কোনো শিক্ষার্থী খুঁজে পাননি। বিষয়টি তাকে এলাকায় শিক্ষার প্রসারে উদ্যোগী করে তোলে। এরপর তিনি বিদ্যালয়ের জন্য এক একর জমি দান করেন। ২০২০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় কেউ সেখানে পড়াতে আগ্রহী ছিলেন না। সাবেক চেয়ারম্যান জানান- তখন তিনি প্রধান শিক্ষক বামংকে খুঁজে পান। এরপর বামং দায়িত্ব নেন এবং পরে কয়েকজন শিক্ষককে যুক্ত করেন। তবে আর্থিক সহায়তা না পাওয়ায় প্রধান শিক্ষক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির সহযোগিতায় বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। চলতি বছরের মার্চে সংকট আরও তীব্র হয়ে ওঠে। তখন প্রধান শিক্ষক একটি নৌকার জন্য আবেদন করেন, যাতে সেটি ভাড়া দিয়ে বিদ্যালয়ের ব্যয় মেটানো যায়।

২০২০ সালে প্রায় ৫৬ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই বিদ্যালয়টি শুরু থেকেই তীব্র আর্থিক সংকটে ভুগছিল। হতদরিদ্র অভিভাবকেরা বেতন দিতে না পারায় শিক্ষক-কর্মচারীদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ে এবং স্কুলটি বন্ধ হওয়ার উপক্রম হয়।

এমন চরম সংকটে বিদ্যালয়টি টিকিয়ে রাখতে এবং সহকর্মীদের বেতন জোগাতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে তিনি শিক্ষকতার পাশাপাশি নিজেই সাঙ্গু নদীতে নৌকার বৈঠা হাতে তুলে নেন।

একজন শিক্ষকের এমন নিঃস্বার্থ ত্যাগের খবর সারা দেশে আলোড়ন সৃষ্টি করে এবং ২০২৬ সালের অক্টোবরে তিনি বিশেষ সম্মাননাও অর্জন করেন। তার এই সংগ্রাম দৃষ্টি আকর্ষণ করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের। ২০২৬ সালের ২৮ জুন জাতীঊয় সংসদে বাজেট আলোচনায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যালয়টিকে জাতীয়করণের নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যালয়টিকে সরকারি ঘোষণা করা হয়।

একজন প্রধান শিক্ষকের অদম্য ইচ্ছাশক্তি ও ত্যাগের বিনিময়ে টিকে যাওয়া তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয় আজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং পাহাড়ে আশার প্রতীক। সরকারি স্বীকৃতি পাওয়ার পর প্রতিষ্ঠানটির অস্তিত্বের সংকট কেটেছে ঠিকই, তবে রিমাক্রি, তিন্দু, বলিপাড়া ও থানচি সদরের হতদরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে এখনো প্রয়োজন সম্মিলিত পৃষ্ঠপোষকতা।

সেই জায়গাতেই সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) এই এগিয়ে আসা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলো যদি এভাবেই দুর্গম অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ায়, তবে ১৯ কিলোমিটারের এই দুর্গম পাহাড়ি জনপদ থেকেও একদিন তৈরি হবে আলোকিত মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%