০৬:০৮ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতার কুঁড়ি তোলার সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি বিষধর পদ্ম গোখরা সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটে বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের ১৪ নম্বর সেকশনে।
জানা গেছে, চা পাতার কুঁড়ি তোলার সময় এক শ্রমিক হঠাৎ ‘হিস হিস’ শব্দ শুনতে পান। বিষয়টি বুঝতে পেরে চা শ্রমিকরা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। পরে ঘটনাটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে জানানো হয়।
আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
খবর পেয়ে সাপটি উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা পরে সাপটিকে পদ্ম গোখরা হিসেবে শনাক্ত করেন। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।
সাপটি নিরাপদে উদ্ধার করে পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বিষধর সাপটি না মেরে উদ্ধারের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভুড়ভুড়িয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সময়মতো সচেতনতার সঙ্গে খবর দেওয়ায় একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজেরা ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে হবে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন