০৫:০৮ পি.এম
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তা সফল আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন যে, প্রায় বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও হতাহতদের পরিবারের সদস্যদের জন্য এক হাজার কোটা বরাদ্দ রাখা হয়েছে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দেওয়া বক্তব্যে বলেন, বিগত পলাতক স্বৈরাচারের সময় তাদের লোকজন ও তৈরি করা সিন্ডিকেট দেশের মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নাম করে বিপুল অর্থ আত্মসাৎ করেছিল। এসব কর্মকাণ্ডের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ ও স্থগিত রেখেছিল অথবা প্রক্রিয়া ধীরগতির করে দিয়েছিল।
মালয়েশিয়ার শ্রমবাজারের জটিলতা নিরসনের সুখবর দিয়ে প্রধানমন্ত্রী জানান, কয়েকদিন আগেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন যে সফল আলোচনার মাধ্যমে মালয়েশিয়ার সমস্যাটি সমাধান করা সম্ভব হয়েছে। এর ফলে সামান্য কিছু আনুষঙ্গিক খরচ ছাড়া প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
তিনি আরো বলেন, এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছে এবং চব্বিশের আন্দোলনে যে মানুষগুলো শহিদ হয়েছে বা হতাহত হয়েছে, এমন প্রায় ১ হাজার পরিবারের সদস্যদের আমরা সেখানে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি।
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে আশাব্যঞ্জক তথ্য তুলে ধরে সংসদ নেতা জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে এবং কয়েকটি দেশ ইতোমধ্যে গাড়িচালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি যারা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া বিদেশগামী কর্মীদের জন্য কোনো ধরনের প্রণোদনা বা ইনসেন্টিভ দেওয়ার বিষয়ে এক সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইনসেন্টিভের এই অর্থটা কোথা থেকে আসবে, সেটি আমার কাছে ঠিক বোধগম্য হয়নি। মাননীয় সংসদ সদস্য যদি এটি আমাদের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা করে তুলে ধরেন, তাহলে সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণের চেষ্টা করতে পারি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন