ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি


মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

আজ বঙ্গভবনে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস-কে এ তথ্য জানান।

আরও পড়ুন: গোপালগঞ্জ কারাগারে খাবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিল আনসার বাহিনী

রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি বলেন, তাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সকলকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়।

রাষ্ট্রপতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।

প্রতিনিধিদলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণসংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।

আরও পড়ুন: পোশাক কারখানার মুনাফায় শ্রমিকদের অংশীদারিত্ব চান এমপি নিলু

এসময় তারা বিগত ফ্যাসিস্ট আমলে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি, নিজস্ব বয়ানে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, আদর্শ ও চেতনাকে বিকৃত এবং রাজনীতিকে দূষিত করার অভিযোগ করেন।

তারা মুক্তিযোদ্ধাদের নিজস্ব উদ্যোগে একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের কথাও বলেন।

রাষ্ট্রপতি তাদের বক্তব্য শোনেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মেজর সৈয়দ মুনিবুর রহমান (অব.), সদস্য-সচিব সাদেক আহমেদ খান, সদস্য-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল বাশার, সদস্য-তথ্য ও গবেষণা সম্পাদক সিরাজুল হক, সদস্য-অর্থ সম্পাদক আলহাজ্ব মো. মনসুর আলী সরকার, সদস্য-কল্যাণ ও সেবা সম্পাদক অনিল বরণ রায়, সদস্য-ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব মো. নুরুল ইসলাম, সদস্য-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর কবির, সদস্য-দপ্তর সম্পাদক প্রকৌশলী জাকারিয়া আহমদ, ঢাকা মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. নুরুল বাসার এবং সদস্য-সচিব মিজানুর রহমান খান (বীর প্রতীক)-সহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

এসময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান

সিরাজগঞ্জ, ৮ অক্টোবর, ২০২৬ : জেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানবকল্যাণমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এ বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "আজকের দিনে মানবকল্যাণমুখী এ মহান ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা প্রার্থনা করি ভাল মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো, সত্য কথা বলব, প্রতারণা করব না, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেব এবং আত্মশুদ্ধি অর্জন করব।"

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) গণপতি রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, সিরাজগঞ্জ জেলার শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন, সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল) এবং স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ।

ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় নানাবিধ মেধা ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিলো অন্যতম আকর্ষণ।

ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেলের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তি প্রদান কার্যক্রমের পাশাপাশি আরো ২টি মানবকল্যাণমূলক কার্যক্রম করে আসছে সারা দেশজুড়ে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা-এ জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুগদা হাসপাতালকে আরও কার্যকর ও সক্ষম করবে সড়ক প্রতিমন্ত্রী হাবিব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


মুগদা হাসপাতালকে আরও কার্যকর ও সক্ষম করবে সড়ক প্রতিমন্ত্রী হাবিব

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি বলেছেন, দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে আরও কার্যকর ও সক্ষম করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি উল্লেখ করেন, মুগদা, বাসাবো এবং সবুজবাগ এলাকার অধিকাংশ জনগণ সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার ওপর নির্ভরশীল। তাই তাদের স্বাস্থ্যসেবার জন্য সরকারি হাসপাতালকে আরও কার্যকর করা আবশ্যক। বিশেষ করে, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির জন্য আরও পদক্ষেপ নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার হিসেবে একটি মাইক্রোবাস এবং একটি পিকআপ হস্তান্তর করা হয়। সেইসাথে, কালেকশন বুথ ও ইলেকট্রনিক্স বুথ উদ্বোধন অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্যে সড়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মুগদা, বাসাবো এবং সবুজবাগ এলাকার দরিদ্র রোগীরা মহান আল্লাহর পর সরকারি হাসপাতালের সেবার ওপরই নির্ভর করেন। তাই এই হাসপাতালকে গরিব মানুষের সেবায় আরও কার্যকর করে তুলতে হবে। রোগীদের দ্রুত এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সহায়ক অবকাঠামোও উন্নত করা জরুরি।

তিনি সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। হাবিবুর রশিদ হাবিব বলেন, সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহযোগিতার মাধ্যমে হাসপাতালের পরিবহন সুবিধা, রোগীসেবা এবং অন্যান্য অবকাঠামোগত সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব।

অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি মাইক্রোবাস ও একটি পিকআপ উপহার দেওয়া হয়। হাসপাতালের প্রয়োজনীয় কাজে এসব যানবাহন ব্যবহার করা হবে।

একই সঙ্গে রোগীদের সেবা কার্যক্রম আরও সহজ ও দ্রুত করতে হাসপাতালের কালেকশন বুথ ও ইলেকট্রনিক্স বুথ উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী এ সহযোগিতার জন্য সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সরকারি হাসপাতালের সেবার মানোন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোকে আরও আধুনিক, সক্ষম ও জনবান্ধব করে গড়ে তোলা প্রয়োজন। এজন্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সহায়ক সুবিধার উন্নয়নেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্লেজ ইউনাইটেড ফেনী আয়োজিত ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনg

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ব্লেজ ইউনাইটেড ফেনী আয়োজিত ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনg

ব্লেজ ইউনাইটেড ফেনী কর্তৃক আয়োজিত ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ফেনী স্পোর্টস এরিনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল
স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠক সেজানুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জ্যাকি, স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠক হাবিব রাহিম। স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠক মোহাম্মদ রুবেল তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এবারের টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। আগামী শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
তরুণদের মাঠমুখী করতে এবং ফেনীর ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করতে এমন আয়োজন অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা আয়োজকদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সেন্ট মার্টিনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ

ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬ : টেকনাফের সেন্ট মার্টিনে কোস্টগার্ড ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে, যার মোট মূল্য ৪২ কোটি টাকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আজ কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে মাদক পাচারকারীরা তিনটি বস্তা পানিতে ফেলে মিয়ানমার সমুদ্রসীমায় পালিয়ে যায়।

পরে আভিযানিক দল বস্তাগুলো তল্লাশি করে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং প্রায় ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%