হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪১ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট মহানগরের মোগলাবাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করার অভিযোগে পুলিশ সাতজন নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি নোহা গাড়ি এবং পোড়া টায়ার।
আটককৃতদের মধ্যে রয়েছেন—সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের মো. সেলিম আহমেদ (৩১), সিলেটের কোতোয়ালি এলাকার লিটন আহমেদ (৩৩), আশিক আহমদ (২৮), মো. সুমন মিয়া (২৮), নবীর হোসেন (২২), বাদল আহমদ (২৫) এবং শাহপরান থানা এলাকার মো. তাজুল ইসলাম (৩৭)।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে প্যারাইচক-শ্রীরামপুর বাইপাস সড়কে টায়ার জ্বালানোর সময় তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদ রহমানের নির্দেশে একটি নোহা গাড়ি ও মোটরসাইকেলযোগে কয়েকজন সেখানে আসেন। তারা পাকা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো টায়ারসহ সাতজনকে আটক করে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জার্মানি ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সাবেক ভারতীয় পেসার জহির খান পেশাদার টি-টোয়েন্টি লিগ চালুর উদ্যোগ নিয়েছেন, যেখানে একই দলের একাদশে নারী ও পুরুষ ক্রিকেটাররা খেলবেন। তাঁর সহ-মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি জার্মান ক্রিকেট ফেডারেশনের সহযোগিতায় ‘ইকুয়াল’ নামের এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
লিগটির প্রথম আসর ২০২৭ সালের আগস্টে মাঠে গড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে পাঁচটি দল নিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে, যেখানে মোট ১২টি ম্যাচ হবে। প্রতিটি দলে ১৮ জন করে ক্রিকেটার থাকবেন। তবে সবচেয়ে বড় চমক হলো একাদশের গঠনে—প্রতিটি দলকে খেলাতে হবে ছয়জন নারী এবং পাঁচজন পুরুষ ক্রিকেটার।
অর্থাৎ, এটি প্রচলিত ক্রিকেটের মতো নারী ও পুরুষদের আলাদা প্রতিযোগিতা নয়; বরং একই ম্যাচে একই দলের হয়ে খেলবেন দুই বিভাগের ক্রিকেটাররা। এক মাঠে, একই স্কোরবোর্ডে তাঁরা লড়াই করবেন।
লিগটি টি-টোয়েন্টির প্রচলিত নিয়মের ভিত্তিতে পরিচালিত হবে। তবে খেলোয়াড়দের নিরাপত্তা এবং বদলি খেলোয়াড় ব্যবহারের বিষয়সহ কিছু বিশেষ নিয়ম ও খেলার শর্তও নির্ধারণ করা হবে। আয়োজকেরা এসব নিয়মের বিস্তারিত এখনো প্রকাশ করেননি।
২০১১ বিশ্বকাপজয়ী সাবেক পেসার জহির খান মনে করেন, ইউরোপের মতো ক্রিকেটের উদীয়মান বাজারে খেলাটির প্রসারে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তাঁর মতে, ‘ইকুয়াল’ নারী-পুরুষ নির্বিশেষে ক্রিকেটে অংশ নেওয়ার নতুন সুযোগ তৈরি করবে।
জার্মান ক্রিকেট ফেডারেশনের সভাপতি সেভেরিন ভাইসও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দেশটিতে নারী ও পুরুষ—দুই বিভাগের ক্রিকেটারদের উল্লেখযোগ্য একটি সম্প্রদায় রয়েছে। তাঁদের একই কাঠামোর মধ্যে এনে আরও সংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরির সুযোগ দেখছেন তিনি।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরতে যাচ্ছে। তার আগে ইউরোপে ক্রিকেটের বিস্তার এবং নতুন দর্শক তৈরির ক্ষেত্রেও ‘ইকুয়াল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আয়োজকদের আশা। তবে একই একাদশে নারী-পুরুষের এই নতুন সমন্বয় মাঠের লড়াইয়ে কতটা কার্যকর হয়, সেটিই হবে লিগটির সবচেয়ে বড় পরীক্ষা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে, এলাহাবাদ হাইকোর্টের দ্বারা প্রদত্ত বিতর্কিত রায়, যেখানে বলা হয়েছে ‘হিজাব পরা ইসলামের কোনো অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়’, তা আইনি নজির হিসেবে গণ্য করা যাবে না। এই নির্দেশনা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করার সময় প্রদান করা হয়।
সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ, বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির সমন্বয়ে গঠিত, গত ২০ নভেম্বর এই আদেশ দেন। ‘মুসলিম উইমেন’স স্টাডি সার্কেল’ নামক একটি সংগঠন এলাহাবাদ হাইকোর্টের ২০২৬ সালের ২১ আগস্টের রায়কে চ্যালেঞ্জ করে এই পিটিশনটি দায়ের করেছিল। সুপ্রিম কোর্ট এই আবেদনের সাথে কর্ণাটকের হিজাব বিতর্ক-সংক্রান্ত বিচারাধীন আপিলগুলোর সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন।
আইনি সংবাদমাধ্যম ‘লাইভ ল’-এর রিপোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের বেঞ্চ বিশেষভাবে নির্দেশ দিয়েছে যে, এই মামলাটি ‘সিভিল আপিল নং ৭০৯৫/২০২২’-এর সাথে যুক্ত হবে এবং এলাহাবাদ হাইকোর্টের রায়টি কোনো নজির হিসেবে গণ্য হবে না। আদালত এই পিটিশনের বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্যও জানতে চেয়েছে।
মামলাটির সূত্রপাত ঘটে সুকাইনা রিজভী নামক এক মুসলিম ছাত্রীকে ঘিরে। প্রয়াগরাজের ‘টেগোর পাবলিক স্কুল’ কর্তৃপক্ষ স্কুল ইউনিফর্মের সাথে মাথায় স্কার্ফ বা হিজাব পরার কারণে তাকে একাদশ শ্রেণিতে ভর্তি নিতে অস্বীকৃতি জানালে তিনি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন।
গত ২১ আগস্ট বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত এলাহাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সুকাইনার আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্ট তখন বলেছিলেন, হিজাব পরা যে ইসলামের একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন, তা প্রমাণিত হয়নি এবং কোনো মুসলিম নারী বা মেয়ে হিজাব না পরলে তিনি মুসলিম থাকবেন না—এমন কোনো তথ্য-প্রমাণও আদালতের সামনে উপস্থাপন করা হয়নি।
হাইকোর্ট আরও উল্লেখ করেছে, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও স্বকীয়তা বজায় রাখার উদ্দেশ্যে নির্ধারিত পোশাকবিধি (ড্রেস কোড) যদি অভিন্ন, সৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং বৈষম্যহীন হয়, তবে শিক্ষার্থীরা সেই নির্ধারিত ইউনিফর্মের সাথে অতিরিক্ত কোনো পোশাক যোগ করার জন্য জোর করতে পারে না।
পিটিশনে যা বলা হয়েছে
হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে ‘মুসলিম উইমেন’স স্টাডি সার্কেল’ যুক্তি দিয়েছে যে, রায়টি স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক এবং এটি ভারতীয় সংবিধানের ১৪, ১৫, ১৯(১)(ক), ২১ এবং ২৫ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।
পিটিশনে বলা হয়েছে, মুসলিম নারীদের হিজাব পরায় বাধা দেওয়া তাদের বিবেক ও ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ন করে এবং শিক্ষার সুযোগকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এছাড়া শিখদের পাগড়িসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের প্রতীকের ক্ষেত্রে যে ভিন্ন আচরণ করা হয়, পিটিশনে সে বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আবেদনকারীরা যুক্তি দিয়েছেন যে, হিজাব পরার বিধানটি পবিত্র কোরআনের নির্দেশনার (বিশেষ করে সূরা আন-নূর, আয়াত ৩১ এবং সূরা আল-আহজাব, আয়াত ৫৯) ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। হাইকোর্ট ‘অপরিহার্য ধর্মীয় অনুশীলন’ নীতির যে প্রয়োগ ঘটিয়েছেন, পিটিশনে সেটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো ধর্মীয় সম্প্রদায়ের কিছু সদস্য কোনো একটি প্রথা পালন না করলেই সেটিকে ‘অপরিহার্য নয়’ বলে ঘোষণা করা যায় না।
আন্তরিক ধর্মীয় বিশ্বাস এবং ব্যক্তিগত বিবেকের প্রতি আদালতকে যথাযথ গুরুত্ব দিতে হবে—এই যুক্তির সপক্ষে পিটিশনে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী ‘শিরুর মঠ’ এবং ‘বিজো ইমানুয়েল বনাম কেরালা রাজ্য’ মামলার রায়ের উদ্ধৃতিও দেওয়া হয়েছে।
ভারতের সুপ্রিম কোর্ট এই পিটিশনটিকে কর্ণাটক হিজাব বিতর্ক-সংক্রান্ত আপিলগুলোর সাথে যুক্ত করেছেন, যে মামলায় ২০২২ সালের অক্টোবরে শীর্ষ আদালত বিভক্ত রায় দিয়েছিলেন।
সে সময় বিচারপতি হেমন্ত গুপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলো খারিজ করে দিয়েছিলেন। অন্যদিকে, বিচারপতি সুধাংশু ধুলিয়া আপিলগুলো মঞ্জুর করে রায় দিয়েছিলেন যে, স্কুল ও কলেজে হিজাব বা স্কার্ফ পরার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকা উচিত নয়।
পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্টের একটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয় এবং তা এখনো বিচারাধীন রয়েছে। এলাহাবাদের মামলাটিকে কর্ণাটকের আপিলগুলোর সাথে যুক্ত করার মাধ্যমে সুপ্রিম কোর্ট ধর্মীয় স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক পোশাকবিধি এবং শিক্ষার অধিকারের মতো বৃহত্তর সাংবিধানিক প্রশ্নগুলোকে একই সূত্রে গেঁথে দিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্তমানে ‘টক অফ দ্য টাউন’ হিসেবে পরিচিত মিমি চক্রবর্তী। কারণ, টলিউডের জনপ্রিয় এই নায়িকা বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন। কিছুদিন আগে তার বিয়ের অভিনব কার্ড প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এবার অভিনেত্রীর বিয়ের বিষয়ে মন্তব্য করেছেন তার মামা, জলপাইগুড়ির বাসিন্দা রাম চক্রবর্তীও। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা শেষ হচ্ছে। আইবুড়ো তকমা ঘুচিয়ে বাগদান এবং আইনি বিয়ে সম্পন্ন করতে যাচ্ছেন মিমি।
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার মিমি তার কসবার ফ্ল্যাটে আইনি বিয়ে সম্পন্ন করবেন। বাগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রি থেকে মিমির ঘনিষ্ঠ বন্ধুরা। এই তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও শোনা যাচ্ছে।
জীবনসঙ্গী হিসেবে যাকে মিমি নির্বাচন করেছেন, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার, যিনি নৌসেনায় কর্মরত। তার নাম সিদ্ধার্থ দত্ত। টলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন।
আংটিবদল এবং রেজিস্ট্রি কলকাতায় অনুষ্ঠিত হলেও, শীতের আমেজে বিয়ের আসর বসবে শৈলশহরে। আগামী ৫ ডিসেম্বর পাহাড়ে কালিম্পংয়ে তিন দিনব্যাপী সিদ্ধার্থ-মিমির বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখান থেকে ফিরে ১১ ডিসেম্বর কলকাতায় একটি রিসেপশন অনুষ্ঠিত হবে, যেখানে টলিউডের বন্ধুবান্ধব ও বিশিষ্টজনরা নিমন্ত্রিত হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ