১২:৪১ পি.এম
ভারতের মণিপুরে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। রাজ্যের উখরুল জেলায় একটি জাতীয় সড়কে যাত্রীবাহী দুটি গাড়ির দিকে গুলি চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এই হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে এক মা ও তার ছেলে এবং এক ভাই-বোন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উখরুল জেলার লিতান থানার নিউ হেভেন এলাকায় জাতীয় সড়ক-২০২-এ এ হামলার ঘটনা ঘটে। সড়কটি ইম্ফল ও উখরুলের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বলে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে উখরুল থেকে ইম্ফলের দিকে যাচ্ছিল যাত্রীবাহী দুটি গাড়ি। এর মধ্যে একটি মারুতি সুইফট এবং অন্যটি বোলেরো পিকআপ ছিল। পথে সশস্ত্র হামলাকারীরা গাড়ি দুটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলে চার যাত্রী প্রাণ হারান।
আরও পড়ুন: ‘এপস্টিনের মৃত্যু আত্মহত্যা নয়’—বিশেষজ্ঞদের এমন দাবি কেন?
হামলার পর গাড়ি দুটির সামনের কাচে একাধিক গুলির চিহ্ন দেখা যায়। পরে নিহতদের লাশ উদ্ধার করে উখরুল জেলা হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ও অসম রাইফেলসের সদস্যরা। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে আশপাশের পাহাড়ি এলাকা এবং সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে উখরুলের এ হামলার মাত্র এক দিন আগে রাজ্যের কাঙপোকপি ও সেনাপতি জেলার সীমান্তবর্তী এলাকায় গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক নারী নিহত এবং আরও দুজন আহত হন। পরপর এসব হামলায় মণিপুরের পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। এ সংঘাতের ফলে রাজ্যটিতে বারবার সহিংসতা, প্রাণহানি ও জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। নতুন করে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে চার বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
আরও পড়ুন: প্রয়োজনে জেনসেনকে নিয়োগ দেবেন মাস্ক
বিশেষ করে ব্যস্ত সড়কে যাত্রীবাহী গাড়িতে এমন হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি জাতীয় সড়কে নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন