০১:০৫ পি.এম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের জন্য সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে ‘৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। আলোচনা সভার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের অস্বচ্ছল জনগোষ্ঠীর জন্য বর্তমানে যে ভাতা প্রচলিত আছে, তা যথেষ্ট নয়। তিনি উল্লেখ করেন, সব বয়স্ক মানুষকে সহায়তার আওতায় আনতে এ ভাতার পরিমাণ আরও বাড়াতে হবে।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
মন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ১ কোটি ৬০ লাখ (মোট জনসংখ্যার ১০ শতাংশ), যা ২০৫০ সাল নাগাদ সাড়ে ৪ থেকে ৫ কোটিতে (২০ শতাংশের বেশি) পৌঁছাবে। তিনি বলেন, গত ২৫ বছরে মানুষের গড় আয়ু বেড়ে ৭৪.৯ বছর হয়েছে এবং ভবিষ্যতে তা ৮০ বছরের কাছাকাছি পৌঁছাবে। এই বিপুল প্রবীণ জনগোষ্ঠীকে কেবল বয়সের বৃদ্ধ পর্যায় হিসেবে না দেখে তাঁদের স্বাস্থ্যবান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তর করতে হবে।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নবজাতক থেকে শুরু করে প্রবীণ-সবার জন্য জীবনচক্রভিত্তিক মানবিক ও সমষ্টিকেন্দ্রিক সমাজ গঠনে কর্মপরিকল্পনা ও বাজেট বাস্তবায়ন করছে।
প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হলেও, সেদিন ফেনীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠান থাকায় আজ ঢাকায় কেন্দ্রীয়ভাবে দিবসটি উদযাপিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।
আলোচনা সভার আগে সকালে মন্ত্রী আগারগাঁও প্রবীণ হিতৈষী সংঘের সামনে থেকে বের হওয়া এক বর্ণাঢ্য ‘নবীন-প্রবীণ মিলনমেলা’ র্যালিতে অংশ নেন। এই র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।
এছাড়াও প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল ইসলাম, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইনতেজার রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রবীণদের স্বাস্থ্যসেবায় প্রবীণবান্ধব হাসপাতাল নির্মাণ, গণপরিবহন ও বিমানবন্দরে বিশেষ সুযোগ-সুবিধা, পৃথক ‘প্রবীণ অধিদপ্তর’ গঠন এবং বিশেষ করে সম্পত্তি থেকে বঞ্চিত প্রবীণ নারীদের সুরক্ষায় আইন ও নীতি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
আরও পড়ুন: বারিধারা থেকে সাবেক এমপি দোলন গ্রেপ্তার, হত্যার অভিযোগসহ সাতটি মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন